০৯:৪৭ পি.এম
সন্তানদের প্রতি কঠোর বা রূঢ় আচরণের পরিবর্তে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ভালোবাসা, আদর ও প্রজ্ঞার মাধ্যমে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম। রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ‘বিশেষ নসিহাহ প্রোগ্রামে’ প্রধান বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে শায়খ আব্দুল কাইয়ুম সন্তানের দ্বীনি পরিবেশে লালন-পালন এবং একজন প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পার্থিব শিক্ষার পাশাপাশি সন্তানকে ছোটবেলা থেকেই তাওহিদ, আকিদা ও দ্বীনের মৌলিক জ্ঞান প্রদান করা অপরিহার্য।
তিনি পরিবারকে ‘সুকুন’ বা প্রশান্তির নীড় হিসেবে গড়ে তোলার তাগিদ দেন এবং স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ও মজবুত বন্ধনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শায়খ আব্দুল কাইয়ুম বলেন, দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে তর্ক-বিতর্ক ও কলহ এড়িয়ে ধৈর্য ও শ্রদ্ধার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি মন্তব্য করেন, মা-বাবার সুন্দর আচরণ ও আমল দেখেই সন্তানেরা সবচেয়ে বেশি শেখে।
আরও পড়ুন: মিরপুরে নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল
এছাড়া, বর্তমান সময়ে মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পরিবার ও দ্বীনি চর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন ইস্ট লন্ডন মসজিদের এই খতিব।
অনুষ্ঠানের এক পর্যায়ে শায়খ আব্দুল কাইয়ুম আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক ও দাওয়াহ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে ফাউন্ডেশনের তহবিলে দান করার আহ্বান জানান।
এছাড়া, অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফাউন্ডেশনের ‘অটোপে’ (Auto-Pay) সেবার কথা তুলে ধরেন। তিনি জানান, এই সেবার মাধ্যমে দাতারা ঘরে বসেই প্রতিদিনের সাদাকা ফাউন্ডেশনের তহবিলে পৌঁছে দিতে পারবেন, যা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে ব্যয় করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘে বাংলাদেশের মিশনের ভারপ্রাপ্ত প্রধান হলেন সঞ্চিতা হক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন