ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রিয়াদে ফের হুতিদের ড্রোন হামলা, ধ্বংস করল সৌদি জোট


রিয়াদে ফের হুতিদের ড্রোন হামলা, ধ্বংস করল সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি ড্রোন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অনুযায়ী মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) এই হামলার চেষ্টা করা হয়।

সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও নিরাপত্তার ওপর আঘাত হানার উদ্দেশ্যে ড্রোন দুটি উৎক্ষেপণ করেছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সফলভাবে ভূপাতিত করা হয়। এই ঘটনার ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত জুলাই মাস থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হামলার মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ১৬ ফিলিস্তিনি, তীব্র শীতে ৯ মাসের শিশুর মৃত্যু

গত সপ্তাহেই হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের বাণিজ্যিক এলাকায় সৌদি তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া বৃহস্পতিবার (১২ নভেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা আরামকোর স্থাপনা, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন এবং লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু তেল স্থাপনা লক্ষ্য করে পাঁচটি বড় ধরনের হামলা চালিয়েছে।

হুতিদের দাবি অনুযায়ী, সম্প্রতি তারা নাজরান অঞ্চলের শারুরাহ বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমান এবং খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এক হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

গত বুধবার (১১ নভেম্বর) রাতেও পশ্চিম সৌদি আরব ও পবিত্র নগরী মক্কার আশপাশের আকাশে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি বাহিনী ধ্বংস করে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সাবুহা গ্রামে গিয়ে পড়ে।

টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতায় রিয়াদের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জার্মানি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহত্তর এই আঞ্চলিক সংঘাতের অংশ হিসেবেই ইয়েমেন সীমান্তে ও লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালীর কাছে নতুন ফ্রন্ট খুলেছে হুতিরা। জবাবে সৌদি জোটও ইয়েমেনের হোদেইদাহসহ হুতিদের বিভিন্ন সামরিক অবস্থানে বিমান হামলা জোরদার করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ১৬ ফিলিস্তিনি, তীব্র শীতে ৯ মাসের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ১৬ ফিলিস্তিনি, তীব্র শীতে ৯ মাসের শিশুর মৃত্যু

গাজার অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে গত ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই হতাহতের তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তীব্র শীতের কারণে গাজায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে উপত্যকাটিতে বৈরী আবহাওয়া ও শীতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মোট ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, নিহতদের তথ্য যাচাই-বাছাই কমিটির অনুমোদনের পর মোট প্রাণহানির তালিকায় নতুন করে আরও ২১ জনের নাম যুক্ত করা হয়েছে। গত ৭ নভেম্বরের পর এটিই তালিকায় প্রথম সংযোজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭৪ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এ সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামে ডেভিস কাপ টেনিসে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ভিয়েতনামে ডেভিস কাপ টেনিসে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪ দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ।

গত বছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় ১২তম অবস্থানে ছিল। এবারের লক্ষ্য ছিল আগের বছরের চেয়ে ভালো ফলাফল অর্জন করা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ দল সফলভাবে কাজ করেছে।

আজ শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে পরাজিত হন। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হেরে যান। দ্বৈত ম্যাচে লাওস খেলতে না আসায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।

প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়। দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে পরাজিত করে এবারের আসরে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয়লাভ করেন। ডেভিস কাপ নেশন্স র‌্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের অবস্থান ১৪৮।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন।

বাংলাদেশ দল আগামীকাল রাতে দেশে ফিরবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিগুলোর ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, চাকরিপ্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন। শুক্রবার (১৩ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর ৯ম ও ১০ম গ্রেডের প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা ১৭ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর, ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোতে বিভিন্ন ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে নিয়োগ প্রদান করা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগের জন্য কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাই নীতিমালা-২০২৩ (সংশোধিত-২০২৬) প্রকাশ করেছে পেট্রোবাংলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, "শেখ হাসিনার সময় চলে গেছে। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে আমার ধারণা, সেটি আর হবে না।"

তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।

সম্প্রতি সংবাদ মাধ্যম ‘ডেইলি ওয়াদ্দা’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মোজেনা। তিনি উল্লেখ করেন, "শেখ হাসিনাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রক হতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণের স্বার্থই সবার আগে।"

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে মোজেনা বলেন, ওই সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহু মানুষ নির্যাতন ও দুর্ভোগের শিকার হয়েছেন। তিনি বলেন, "এসব ক্ষত ও মানুষের ক্ষোভ সহজে মুছে যাওয়ার নয়।" তবে, অতীতের রাজনৈতিক বিরোধের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথ বন্ধ করা ঠিক হবে না।

মোজেনার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। এ জন্য ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানি, অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় বসতে হবে। এসব সমস্যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে। ভারত থেকে তার রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও অস্বস্তি রয়েছে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে। হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে কি না— এমন প্রশ্নে মোজেনা বলেন, "বিষয়টি স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে।" হাসিনার শাসনপদ্ধতি সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে এবং ওই সরকারের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা তিনি বুঝতে পারেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় শেখ হাসিনার সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথাও তুলে ধরেন মোজেনা। তার দাবি, হাসিনা তাকে প্রকাশ্যেই অপছন্দ করতেন। অথচ সেই সরকারের সহযোগিতাতেই তিনি দেশের ৬৪ জেলা সফর করেছেন। এমনকি গোপালগঞ্জে হাসিনার পরিবারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরিয়ে দেখাতে তার এক স্বজনকেও সঙ্গে পাঠানো হয়েছিল।

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি দিল্লিতেই থাকবেন— এ বিষয়ে কোনো ধারণা নেই বলে জানান মোজেনা।

তবে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তার ধারণা, হাসিনার রাজনৈতিক সময় হয়ত শেষ হয়ে এসেছে। ভবিষ্যতে তার বক্তব্য শোনা গেলেও বাংলাদেশের ক্ষমতার শীর্ষ পদে ফেরার সম্ভাবনা কম।

ভারতের উচিত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকারে তিনি আবারও বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্য, "শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং নিজের মতো করে কর্মকাণ্ড চালাচ্ছেন।" এসব নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%