ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পিচ কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির প্রশিক্ষণ কোর্স শুরু


পিচ কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির প্রশিক্ষণ কোর্স শুরু

 

প্রথমবারের মতো হেমিংয়ের তত্ত্বাবধানে কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করেছে বিসিবি। কিউরেটর হতে আগ্রহীদের জন্য এই কোর্স প্রথমবারের মতো আয়োজন করা হলো। ক্রিকেট মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিসিবির গ্রাউন্ডস কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট), চট্টগ্রামে দুই ধাপের প্রশিক্ষণ পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুই দিনের কোর্স পরিচালনা করছেন আইসিসি স্বীকৃত কিউরেটর ও মৃত্তিকা বিশেষজ্ঞ হেমিং।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

অস্ট্রেলিয়ান এই কিউরেটরের সঙ্গে সহ-প্রশিক্ষক হিসেবে আছেন বিসিবির অভিজ্ঞ কিউরেটর জাহিদ রেজা বাবু, যিনি এই মাঠের দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম পর্বের কোর্সে অংশ নিচ্ছেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়ামের মাঠকর্মীরা।

কোর্সের প্রথম দিনের প্রথম ভাগে ছিল তাত্ত্বিক শিক্ষা, যেখানে মাঠ ও পিচের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তারা শিখছেন মাটি কিভাবে কাজ করে, পিচ কিভাবে তৈরি করতে হয় ইত্যাদি বিষয়।

দিনের দ্বিতীয়ভাগে তাদেরকে এই বিষয়গুলো মাঠে ব্যাবহারিকভাবে প্রদর্শন করা হয়। যন্ত্রপাতির যথাযথ ব্যবহারও হাতে-কলমে তাদেরকে দেখানো হয়। দ্বিতীয় দিনেও এ ধরনের নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং যারা পরীক্ষায় পাস করবেন, কেবল তারাই সনদ পাবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের ঢাকা পর্ব আগামী ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওই পর্বে অংশ নেবেন মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা। দুই দফায় মোট ৭০ জন মাঠকর্মীর এই প্রশিক্ষণে অংশ গ্রহণের কথা।

আরও পড়ুন: বিএসপিএ ও হুংকারের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইরানকে আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালিটি খুলে দেওয়ার জন্যও আহ্বান করেছেন।

গত সোমবার, ১০ আগস্ট, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একটি টেলিফোনালাপকালে আলোচনা করেন। ওই ফোনালাপে, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংঘাতের অবসান ঘটাতে ইরানকে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে বলছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাগচির সঙ্গে ফোনালাপে আমি ইরানকে আঞ্চলিক প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি, যাতে চলমান সংঘাতের অবসান ঘটানো যায়।’

হরমুজ প্রণালির বিষয়ের গুরুত্বপূর্ণ দিকটিও ফোনালাপে উঠে আসে। ভাদেফুল বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই খুলে দিতে হবে এবং সবার জন্য অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায় এবং প্রণালিটির নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। তেহরান আগেই জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু নিশ্চয়তা প্রয়োজন। অন্যদিকে, ওয়াশিংটন প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে। এই পরিস্থিতিতে, জার্মানি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

দেশের তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিলের আওতায় তরুণ উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার এবং ঋণ পরিশোধের পারফরম্যান্সের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা ঋণ এবং ৫০০ কোটি টাকা অনুদানের মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সঙ্গে বৈঠক করে নতুন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী, তবে প্রয়োজনীয় মূলধন নেই, তাদের এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’ তিনি আরো জানান, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। এ কারণে প্রচলিত ব্যাংক ঋণের ১১ থেকে ১৫ শতাংশ কিংবা এনজিও ঋণের তুলনায় উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ অনেক কম হবে। মাসরুর আরেফিন বলেন, ‘শুধু ঋণ দেওয়াই নয়, উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখতে অনুদানের ব্যবস্থাও থাকবে। ঋণের কিস্তি সময়মতো পরিশোধ ও ব্যবসার পারফরম্যান্স বিবেচনায় ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ, কোনো উদ্যোক্তা যদি ১০ লাখ টাকা ঋণ পায়, তবে যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।’ তিনি এনেছে যে, দেশের ৫০০টির বেশি উপজেলায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে সম্ভাব্য উদ্যোক্তা চিহ্নিত ও যাচাই করবে। উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, দক্ষতা ও প্রকৃত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগের আওতায় শুধু নির্দিষ্ট ব্যবসা নয়, উৎপাদন ও বাণিজ্য—দুই ধরনের উদ্যোগ আসতে পারে। এর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অন্তর্ভুক্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরা, ১১ আগস্ট ২০২৬ : জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর সূচনা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার শুরু হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, এনডিসি নাফিউল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি’। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী এবং প্রভাষক ওমর ফারুক প্রমুখ।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে এতিম-প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


নাটোরে এতিম-প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোর, ১১ আগস্ট, ২০২৬ : জেলার লালপুর উপজেলায় বিভিন্ন এতিমখানা এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য, অর্থ এবং উপহারসামগ্রীসহ তাদের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

নাটোর থেকে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের বাবা ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আজ দিনব্যাপী এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান। এসময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ‘ফজলুর রহমান পটল স্মৃতি বৃক্ষ’ রোপণ করেন।

প্রতিমন্ত্রী উপজেলার ফুলবাড়ী শিশু সদন ও এতিমখানায় উপজেলার ২৩টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্যাপিটেশন গ্রান্টের মঞ্জুরি বাবদ ৭১ লাখ ৫২ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু এবং সাবেক গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী এবং এতিম শিশুরা এদেশের সূবর্ণ নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। আমরা এদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। তাই বাবা ফজলুর রহমান পটলের পদাঙ্ক অনুসরণ করে আজ আমি তাদের পাশে দাঁড়িয়েছি।

এ উপলক্ষে তিনি উপজেলার অন্যান্য প্রতিবন্ধী বিদ্যালয় এবং এতিমখানাসমূহে শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করেন।

এদিকে, আজ বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফজলুর রহমান পটলের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

এরআগে মরহুম পটলের বাড়ি সংলগ্ন গৌরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তুখোড় বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি নাটোর-১ আসন (লালপুর ও বাগাতিপাড়া) থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১-৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১-২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%