বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর এবং শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মন্তব্য করেছেন যে, "হাজার বার দল নেতা পরিবর্তন করলেও যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না করবেন, যতদিন শরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবেনা, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।"
তিনি আরও বলেন, "আমরা অনেক আশা - আকাঙ্ক্ষা নিয়ে ৫ ই আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু সে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছিনা। দেশে চাঁদাবাজি বেড়েছে, ঘুষ বেড়েছে, ডাকাতি ছিনতাই ধর্ষণ বেড়েছে, কোন কিছুই কমে নাই। কাজেই আমাদের সব দেখা শেষ, সব দলের নীতি আদর্শ শাসন দেখা শেষ, এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই, শরীয়া আইন বাস্তবায়ন করতে চাই।"
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নাটোর জেলা শাখার সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করিম এসব কথা বলেন।
নাটোর জেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল হোসেন ও খামার পাথুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন।
মুফতী ফয়জুল করিম আরও বলেন, "আলেম-ওলামাগণ নবী-রাসূলগণের ওয়ারিশ। ওয়ারিশ হিসেবে এই দায়িত্ব আপনার একা পালন করা অনেক কষ্টকর। সেজন্য তাকওয়ার ভিত্তিতে চলা কোন একটি দলের সাথে আপনাকে যুক্ত হতে হবে যাতে আপনি আপনার দ্বীনি কোন ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তাঁর পাশে গিয়ে দাঁড়াতে পারেন।"
সবশেষে প্রধান অতিথি মুফতী আবু হানিফকে সভাপতি, মুফতী আরিফুল ইসলামকে সহসভাপতি ও মুফতী আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের নতুন নাটোর জেলা কমিটি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য দমন-পীড়ন চালানো। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার সময় এই মন্তব্য করেন।
ইওয়াসাওয়া উল্লেখ করেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’
তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
মিয়ানমার সেনাবাহিনী তখনও হামলা চালিয়েছে, যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। তিনি আরও বলেন, আদালত নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের ফলে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।
গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে মিয়ানমারের বিরুদ্ধে, অভিযোগ করে যে তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে গণহত্যা সনদ ভেঙেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে, রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে প্রথমে দেশের জনগণের কাছে অপরাধের দায় নিয়ে ক্ষমা চাইতে হবে।
তিনি উল্লেখ করেন, "সন্ত্রাসের পথে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না।"
সাইফুল হক আরও বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতায় থেকে সন্ত্রাস চালিয়েছে; এখন ক্ষমতা হারানোর পরও তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, কৃষকদের বাঁচাতে হলে সার ও কৃষি উপকরণের মূল্য কমানোর পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন। কৃষককে কিনতেও ঠকানো হচ্ছে, আবার বেচতেও ঠকানো হচ্ছে, এই পরিস্থিতি চলতে পারে না।
মানববন্ধনে সাইফুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে কৃষকদের মধ্যে সারের তীব্র সংকট বিদ্যমান। সারের ডিলারশিপে টেন্ডার, দলীয়করণ ও দলবাজির কারণে কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না। ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার সার কোথাও কোথাও ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এই ধরনের দুর্নীতি ও অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি সতর্ক করেন, যদি সার কৃষকের কাছে উপযুক্ত মূল্যে পৌঁছাতে না পারে, তবে কৃষি উৎপাদন মার খাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে।
সরকারি দল ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সার বিতরণে কোনো দলীয়করণ বা আত্মীয়করণ করা যাবে না।
বিদ্যুৎ নিয়ে কৃষকদের দুর্ভোগের কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, বিদ্যুতের সংকটের পাশাপাশি ভূতুড়ে বিল কৃষকের জন্য নতুন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনেক গ্রাহকের ওপর দ্বিগুণ, তিনগুণ এমনকি পাঁচগুণ পর্যন্ত অস্বাভাবিক বিল চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে হয়রানি ও আমলাতান্ত্রিকতা বন্ধ করতে হবে এবং অতিরিক্ত ও অনিয়মিত বিলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, কৃষক উৎপাদন উপকরণ কিনতে গিয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়েও ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদন ক্রমেই অলাভজনক হয়ে উঠছে।
কৃষকের এই সংকট সমাধানে কৃষি বাজার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমানে কৃষি বাজার ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে। প্রকৃত উৎপাদক কৃষকের সেখানে কার্যকর অবস্থান নেই। তাই কৃষি বাজার সংস্কার করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
সাইফুল হক বলেন, কৃষি ও কৃষক না বাঁচলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্ব কোনোটিই রক্ষা করা সম্ভব হবে না। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বণ্টন না হয়, সরকারকে তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, কৃষি ও কৃষককে রক্ষা করা শুধু কৃষকের দাবি নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্ন। কৃষকের উৎপাদন ব্যাহত করে কোনো অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না।
বিপ্লবী কৃষক সংহতির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, সার, বিদ্যুৎ ও কৃষি উপকরণ নিয়ে অনিয়ম-দুর্নীতির বোঝা কৃষকের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না করলে কৃষি ও কৃষক উভয়ই গভীর সংকটে পড়বে।
সারের ডিলারশিপে দুর্নীতি ও দলীয়করণ বন্ধ, কৃষি বাজারের সংস্কার, কৃষকের জন্য নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং কৃষি ও কৃষক রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন-সমাবেশ করে বিপ্লবী কৃষক সংহতি।
বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় নেতা এডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে ও মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় এ মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, খেতমজুর ইউনিয়ন নেতা সজীব সরকার রতন, রাশিদা আক্তার, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহবায়ক তুহিন রহমান নান্টু দাস প্রমুখ।
মানববন্ধনে বিপ্লবী কৃষক সংহতির বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে সার ও কৃষি উপকরণে দুর্নীতি-দলীয়করণ বন্ধ, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ নিয়ে হয়রানি বন্ধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি বাজার সংস্কার, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়নসহ কৃষি ও কৃষক রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে জয়লাভের পর, দক্ষিন আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রশংসা করেছেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করার পরেও দক্ষিন আফ্রিকা ঘুরে দাঁড়ানোর মানসিকতা বজায় রেখেছিল। তারা শেষ পর্যন্ত ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড অর্জন করে।
এই বিশাল লিডই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। সফরকারী দল মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২ রান।
মার্কাস অ্যাকারম্যানের উইকেট হারানোর পরও, দক্ষিন আফ্রিকা মাত্র ৯ বলের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৯ উইকেটের জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে বাভুমা স্বীকার করেছেন, দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাদের শক্তি এবং দুর্বলতা উভয়ই। তিনি উল্লেখ করেছেন, ব্যাটিং বান্ধব কন্ডিশন বিবেচনায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার প্রয়োজনীয়তা দলের কাছে স্পষ্ট ছিল।
দ্বিতীয় ইনিংসে দলের মধ্যে আলোচনা কার্যকর হয়েছে বলেও জানান তিনি। তার মতে, প্রত্যাশা ক্রমাগত বেড়ে যাওয়া এবং চাপের মুখোমুখি হওয়া দলের পথচলার অংশ।
বাভুমা বলেন, “চাপ সব সময়ই থাকে। প্রত্যাশা ক্রমাগত বাড়ছে। আমরা শুধু দলের অভ্যন্তরীণ বিষয়গুলোর ওপর মনোযোগ ধরে রাখার চেষ্টা করি।”
দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেসার কাগিসো রাবাদা। দুই ইনিংসে মিলিয়ে তিনি ৮ উইকেট নেন। তবে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা চাপে ছিল বলে তিনি স্বীকার করেন। ওয়ান্ডারার্সে দীর্ঘ বিরতির পর ফিরে আসা একটি চ্যালেঞ্জ ছিল।
ম্যাচে নতুন বলের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের দৃঢ়তারও প্রশংসা করেন রাবাদা। তিনি বলেন, “বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয়েছে, তারা খুব ভালোভাবে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।”
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বিশেষ গুরুত্ব বহনকারী ওয়ান্ডারার্সে আরও বেশি দর্শক দেখতে চান বলেও জানান এই পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার সম্ভাবনাও দলকে অনুপ্রাণিত করছে বলে জানান রাবাদা। তারা বর্তমান ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, “ডব্লিউটিসি ফাইনালে জায়গা পাওয়ার লক্ষ্যই আমাদের অনুপ্রাণিত করছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ