বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৫ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে জয়লাভের পর, দক্ষিন আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রশংসা করেছেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করার পরেও দক্ষিন আফ্রিকা ঘুরে দাঁড়ানোর মানসিকতা বজায় রেখেছিল। তারা শেষ পর্যন্ত ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড অর্জন করে।
এই বিশাল লিডই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। সফরকারী দল মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২ রান।
মার্কাস অ্যাকারম্যানের উইকেট হারানোর পরও, দক্ষিন আফ্রিকা মাত্র ৯ বলের মধ্যে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৯ উইকেটের জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে বাভুমা স্বীকার করেছেন, দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাদের শক্তি এবং দুর্বলতা উভয়ই। তিনি উল্লেখ করেছেন, ব্যাটিং বান্ধব কন্ডিশন বিবেচনায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার প্রয়োজনীয়তা দলের কাছে স্পষ্ট ছিল।
দ্বিতীয় ইনিংসে দলের মধ্যে আলোচনা কার্যকর হয়েছে বলেও জানান তিনি। তার মতে, প্রত্যাশা ক্রমাগত বেড়ে যাওয়া এবং চাপের মুখোমুখি হওয়া দলের পথচলার অংশ।
বাভুমা বলেন, “চাপ সব সময়ই থাকে। প্রত্যাশা ক্রমাগত বাড়ছে। আমরা শুধু দলের অভ্যন্তরীণ বিষয়গুলোর ওপর মনোযোগ ধরে রাখার চেষ্টা করি।”
দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেসার কাগিসো রাবাদা। দুই ইনিংসে মিলিয়ে তিনি ৮ উইকেট নেন। তবে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা চাপে ছিল বলে তিনি স্বীকার করেন। ওয়ান্ডারার্সে দীর্ঘ বিরতির পর ফিরে আসা একটি চ্যালেঞ্জ ছিল।
ম্যাচে নতুন বলের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের দৃঢ়তারও প্রশংসা করেন রাবাদা। তিনি বলেন, “বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয়েছে, তারা খুব ভালোভাবে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।”
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বিশেষ গুরুত্ব বহনকারী ওয়ান্ডারার্সে আরও বেশি দর্শক দেখতে চান বলেও জানান এই পেসার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার সম্ভাবনাও দলকে অনুপ্রাণিত করছে বলে জানান রাবাদা। তারা বর্তমান ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, “ডব্লিউটিসি ফাইনালে জায়গা পাওয়ার লক্ষ্যই আমাদের অনুপ্রাণিত করছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির নিকটবর্তী স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যের বাড়ির পাশের সড়কে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে জড়ো হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর পাশাপাশি গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায় তাদের। মিছিলে অংশ নেওয়া কিছু যুবকের হাতে লাঠিসোটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
ভিডিওটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম এবং সংগঠনটির লোগো দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষেও স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : পুলিশ গ্রেফতার করেছে রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে।
গতকাল বুধবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তার গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।
তিনি জানান, মোছাদ্দেক হোসেন বাবলু গতকাল বুধবার থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন।
এ সময় ইমিগ্রেশন পুলিশ এবং বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে।
এর মধ্যে একটির চার্জশিট হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন রয়েছে। চার্জশিট হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, থানায় গ্রেফতার মোছাদ্দেক হোসেন বাবলুর নামে ৩টি মামলা রয়েছে।
তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
গত ২০২২ সালে জেলা পরিষদের নির্বাচনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইলিয়াস আহমেদকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
এরপর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ওই বছরের ২৫ সেপ্টেম্বর দল থেকে বহিস্কার করা হয়।
পরবর্তীতে মোছাদ্দেক হোসেন বাবলু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৯ নভেম্বর ২০২৬ : নগরীর বাকলিয়া তক্তারপুল এলাকায় ঘটে যাওয়া আব্দুস সোবাহান হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
গ্রেফতারটি গতকাল বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় পরিচালিত একটি অভিযানের মাধ্যমে সম্পন্ন হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের বাকলিয়া তক্তারপুল এলাকার মো. নাছির (৪৫), হাজেরা (৪৫) এবং মো. ফারুক (৪২)। এদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, আর ফারুককে তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে দেখা হচ্ছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাতে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন আব্দুস সোবাহান (৩৩)। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের গ্রেফতার করার জন্য এসআরবি-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১১, সিপিসি-২, কুমিল্লার যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক তদন্ত ও এসআরবি সূত্রে জানা গেছে, এলাকার মাদক স্পটগুলোর নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সোবাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ