বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৫ পি.এম
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে। সম্মেলনে আলেমরা সাত দফা দাবি পেশ করেন, যার মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা, কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং ধর্মীয় শিক্ষার প্রসারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (হাফি.)। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা খলীল আহমদ কুরাইশী, আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন, আল্লামা মামুনুল হক, মাওলানা মুসআব মাদানী, মাওলানা হাসান জামীল এবং মাওলানা আনীছুর রহমান আশরাফী প্রমুখ। সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস (হাফি.) সাত দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সম্মেলনে আল্লামা মামুনুল হক সাহাবায়ে কেরামের মর্যাদা ও তাঁদের প্রতি ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত রাখা ঈমানের অপরিহার্য দাবি। সাহাবাদের প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করে ইসলাম কায়েম করা সম্ভব নয়। বরং পরিপূর্ণ দ্বীন কায়েম করতে হলে সাহাবায়ে কেরামের দেখানো পথেই অগ্রসর হতে হবে।"
তিনি হজরত উসমান (রা.)-এর খেলাফতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার সমালোচনা করে বলেন, ‘হজরত উসমান রা.-এর খেলাফতকে ইনিয়ে-বিনিয়ে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা হয় ইসলামের দুশমন, আর না হয় গণ্ডমূর্খ।’
সমঝোতা ও পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সমপর্যায়ের লোকেরা শান্তিপূর্ণ অবস্থান তৈরিতে সমঝোতা চান। কিন্তু সমঝোতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন না। কারণ, এমন পরিস্থিতিতে মালিকপক্ষ তাদের চাটুকার মনে করতে পারেন। আর চাটুকারদের মালিকপক্ষ কখনো সমপর্যায়ের মনে করেন না; বরং গোলাম মনে করেন।
সম্মেলনে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো কওমি মাদ্রাসার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করা, কওমি মাদ্রাসার ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি। পাশাপাশি দাওরায়ে হাদিসের সনদের মাস্টার্স সমমান স্বীকৃতির যথাযথ মূল্যায়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ও কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন উদ্যাপন করেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রিকেট ও ফুটবলসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ক্রীড়াক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়। দুই দেশের খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা ও উদযাপনের বিভিন্ন দিক অনুষ্ঠানে প্রতিফলিত হয়। অতিথিরা ব্রিটিশ ও বাংলাদেশি খাবার, সংগীত ও বিনোদন উপভোগ করেন। রাজার সম্মানে আনুষ্ঠানিক টোস্টও উত্থাপন করা হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাঙ্গন, ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘বাংলাদেশে আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে রাজার জন্মদিন উদযাপন করতে পেরে ব্রিটিশ হাইকমিশন অত্যন্ত আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশ—উভয় দেশের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ খেলাধুলা। এ বছর ক্রীড়াক্ষেত্রে আমাদের মধ্যে অত্যন্ত দৃঢ় সম্পর্ক ও যোগাযোগ প্রত্যক্ষ করেছি। আমরা সব সময় একই দলকে সমর্থন নাও করতে পারি, তবে খেলাধুলার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা নিঃসন্দেহে এক। আজকের সন্ধ্যা দুই দেশের এই অভিন্ন বন্ধন এবং দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের এক চমৎকার সুযোগ তৈরি করেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নতুন ধানের মৌসুম, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে আশ্রম প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
নবান্ন বাঙালির আবহমান সংস্কৃতির এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ, কৃষকের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান, নতুন ফসলের অন্ন ভাগাভাগি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এ উৎসবের আয়োজন করা হয়। নবান্নকে ঘিরে গ্রামবাংলায় যুগ যুগ ধরে চলে আসছে নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও মিলনমেলা।
এবারের নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের ২২টি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদার।
এছাড়া মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন সিকদার ও মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার এবং উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ হাওলাদার।
ভক্তবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী ও রাতব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবান্ন উৎসব সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ আবু বক্কর সিদ্দিক (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
গত ১৮ নভেম্বর (বুধবার) রাত ৮টা থেকে ৯টার মধ্যে ভোলাহাট থানার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের কালিনগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে এসআই মুসলিম উদ্দিন ও এসআই আব্দুর রহিমসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কুখ্যাত পেশাদার মাদক কারবারি আবু বক্কর সিদ্দিক (৪৯) ও তার ভাই আলম (৫৫)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। উভয়েই ওই এলাকার মৃত এরফান আলীর ছেলে। তল্লাশিকালে সেখান থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৩.৭৫ লিটার চোলাই মদ এবং ৩২৬ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আবু বক্করকে আটক করা সম্ভব হলেও তার ভাই আলম পলাতক রয়েছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোলাহাট থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরুদ্ধে অবস্থান নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এই বিরোধিতার কথা জানান। ধারণা করা হচ্ছে, তাদের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে।
ট্রাম্প বারবার আন্তর্জাতিক কাঠামো গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এআই নিয়ন্ত্রণে। তার উদ্বেগ, এই ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ফেলতে পারে।
শেনঝেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এটি সুপার ইন্টেলিজেন্স। তবে আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ এআই বোঝাতে ট্রাম্প তার প্রশাসনের পছন্দের পরিভাষা ‘সুপার ইন্টেলিজেন্স’ ব্যবহার করেন।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘আমাদের সতর্ক হতে হবে। এ প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। এটি প্রায় পুরোপুরি ভালো। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে। সেগুলো নিয়ন্ত্রণে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘তাই সুপার ইন্টেলিজেন্সের বিকাশ নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করতে পারে—এমন যেকোনো ধরনের বৈশ্বিক বিধিবিধান বা নিয়ন্ত্রণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। সত্যি বলতে, আমরা এমন কিছু হতে দেব না।’
বৃহস্পতিবার পরে ট্রাম্প ও সি চিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচিতে এআইয়ের দ্রুত পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকলেও এআইয়ের নিরাপত্তা নিয়ে উভয় দেশের উদ্বেগ রয়েছে। এসব ঝুঁকির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা এবং এআই ব্যবহার করে জীবাণু অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়া।
এছাড়া নিয়ন্ত্রণহীন এআই এজেন্টের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অনলাইনে বাস্তব কাজ সম্পন্ন করতে সক্ষম। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বট অস্ট্রেলীয় সরকারের একটি পোর্টালসহ কয়েকটি ওয়েবসাইটে অনুপ্রবেশ করে। এরপর একই ধরনের ঘটনার কথা অন্য কয়েকটি গবেষণাগার থেকেও জানা যায়।
সামরিক কাজে এআইয়ের ব্যবহার এবং ব্যাপক নজরদারিও বিশ্বের দুই শীর্ষ এআই শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতবিরোধের কারণ হতে পারে।
তবে বৈঠকের আগে আরেকটি বিষয় আলোচনায় এসেছে। চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।
গত সেপ্টেম্বরে ট্রাম্প ও চি চিনপিং এআই-সংক্রান্ত জরুরি ঘটনাগুলো নিয়ে যোগাযোগের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালুর বিষয়ে একমত হন। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
চীনা প্রেসিডেন্ট সি চলতি গ্রীষ্মে বলেন, এ প্রযুক্তি ‘সব সময় মানুষের নিয়ন্ত্রণে’ থাকা উচিত। তিনি আরও আইন ও বিধিবিধান, প্রযুক্তিগত নজরদারি, আগাম সতর্কতা এবং জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার এপেক সম্মেলনে সি বলেন, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নেতাদের ‘সহযোগিতা আরও গভীর করতে’ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার বলেছেন, এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক কাঠামোর অভাব ‘বিপুল ঝুঁকি’ তৈরি করছে।
তিনি আরও বলেন, এআইয়ের লাগাম টানতে আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ