০৪:৩১ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা করার উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করে রাখতে বৃক্ষরোপণ ও সবুজায়নকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথম আনুষ্ঠানিক সভায় উপস্থিত হয়ে বলেন, পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা এবং বিবেককে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের কাজ করতে হবে।
আরও পড়ুন: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেছেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে যেসব কার্বন নিঃসরণ হচ্ছে, তার ফলে তাপমাত্রা বাড়ছে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই বৈশ্বিক সংকট কাটানোর জন্য সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের সংরক্ষণের জন্য দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, যার এই বছরের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।
তিনি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনার মাধ্যমে সারা দেশে সবুজায়নের ব্যাপক প্রসারের জন্য জোর তাগিদ দেন। একইসাথে, এই সামাজিক আন্দোলন সফলতার সাথে সম্পন্ন করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে, নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি, এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন: কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন