ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আহত হাতিকে সঙ্গী ছাড়েনি, তিন দিন ধরে লোকালয়ে ঘুরছে


আহত হাতিকে সঙ্গী ছাড়েনি, তিন দিন ধরে লোকালয়ে ঘুরছে

পেছনের ডান পায়ে রয়েছে একটি গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে গেছে। যন্ত্রণার কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। সে ধীরগতিতে এক পা এক পা করে অগ্রসর হচ্ছে। তবে অসুস্থতার এই কঠিন সময়ে তাকে একা হতে দিচ্ছে আরেকটি হাতি। কখনো পাশে পাশে হাঁটছে, কখনো চলার পথে সঙ্গ দিচ্ছে। যেন বিপদের মুহূর্তে সঙ্গীকে আগলে রাখার দায়িত্ব তার উপর রয়েছে।

এভাবে গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য একটি হাতি। বন্যপ্রাণীর এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে আবেগ ও বিস্ময় সৃষ্টি করেছে। তবে আহত হাতিটির শারীরিক অবস্থার কারণে উদ্বেগ বাড়ছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না হলে বড় ধরনের বিপদ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে দেখা যাচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আহত হাতিটিকে তার সঙ্গীসহ লোকালয়ে ঘুরতে দেখা যায়।

আরও পড়ুন: কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থানের চামড়া উঠে গিয়ে সাদা হয়ে গেছে এবং সেখান থেকে পুঁজ বের হচ্ছে। আঘাতের কারণে পায়ে ভর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে এবং চলার সময় বারবার থেমে যেতে হচ্ছে তাকে।

হাতিটি কিভাবে আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারো গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের বলেন, ‘আহত হাতিটির সঙ্গে থাকা অন্য হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি যখন কষ্ট করে সামনে এগিয়ে যায়, তখন সুস্থ হাতিটিও তার পাশে পাশে হাঁটে। কখনো মনে হয়, তাকে সহযোগিতা করছে। এমন দৃশ্য দেখে আমাদের খুব মায়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘হাতিটির ক্ষত অনেক গভীর। সেখান থেকে পুঁজ বের হচ্ছে। দ্রুত চিকিৎসা না পেলে সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে। এতে হাতিটির জীবনও বিপন্ন হতে পারে। আমরা চাই, বন বিভাগ দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক এনে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করুক।’

আরও পড়ুন: ৩ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান

এ বিষয়ে টেকনাফের বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সকালে চিকিৎসক দল এসে হাতিটির চিকিৎসা দেবে।’

তিনি আরো বলেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন, সে জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিন দিন ধরে অন্য হাতিটি তার অসুস্থ সঙ্গীকে ছেড়ে যায়নি। সব সময় তার সঙ্গে থাকছে। দেখে মনে হচ্ছে, যেন তাকে আগলে রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


৩ মাসে রহস্যজনকভাবে নিখোঁজ নাসিমা, দিশেহারা স্বামী-সন্তান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালানো সত্ত্বেও তার কোনো হদিস এখনো মেলেনি। ছেলে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন, আর স্ত্রীকে ফিরে পেতে দিশেহারা স্বামী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।

পরিবারের সূত্রে জানা গেছে, নাসিমা বেগম গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশাযোগে বের হন। একই অটোরিকশাতে তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড়ে টয়লেটের কথা বলে নাসিমা বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে পুনরায় অটোরিকশাতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।

নাসিমা বেগমের নিখোঁজ হওয়ার ৮/১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে যিনি নাসিমা বেগম নন।

এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী জানান, নিখোঁজের দুদিন পর তিনি নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই মেয়েটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।

নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লীতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাবার বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা।

নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া বলেন, "গত ১৮ আগস্ট আমার মা নিখোঁজের সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন।" মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ১২ দিন পর্যন্ত মায়ের অপেক্ষায় দিল্লিতে অবস্থান করেন। সেই ফাঁকে দিল্লিতে অবস্থানরত তার মামা ও খালাসহ বিভিন্ন পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ খবর করেন। কিন্তু ১২ দিন পেরিয়ে গেলেও মায়ের কোনো হদিশ না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন।

নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।

নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, পেটের দায়ে তিনি ভারতের দিল্লীতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। জমাকৃত ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীসহ বাংলাদেশে ফেরত আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থের ফেরত হলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া ও ব্যবসা শেষে তারা কিছুদিন আগে সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে টুকটাক বাড়ির জিনিসপত্র কিনতেন। সেই মানুষ এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রী এভাবে হঠাৎ উধাও হয়ে গেল। অথচ পুলিশ কোনো তথ্যই উদ্ধার করতে পারছে না। স্ত্রীকে ফেরত চান তিনি।

স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজনভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আসলে অপহরণ না নিখোঁজ, এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদি অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো পুরোপুরি রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে এবং কার্যক্রম চালানো হচ্ছে। একজন আসামিকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে, তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে কোনো তথ্য দিতে পারেনি।

বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে নাসিমা বেগমকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: চসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তোলার জন্য একটি সুন্দর, নিরাপদ ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও টেকসই উন্নয়নের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

আজ সোমবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তি র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আরও বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শান্তি, সম্প্রীতি, পরিবেশের ভারসাম্য ও মানবিক মূল্যবোধ সর্বাধিক গুরুত্ব পাবে। এই লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি ইউনেস্কো ক্লাবের উদ্যোগের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

র‌্যালিটি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন অঞ্জন শেখর দাশ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সিনিয়র সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন কাজী আশেক ই ওয়াহেদ এবং সহ-সভাপতি ইকবাল ইমাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহে অ্যাডিডাসের জায়গায় নাইকি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহে অ্যাডিডাসের জায়গায় নাইকি

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : আগামী মৌসুম থেকে উয়েফার অফিশিয়াল বল সরবরাহের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নাইকি। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলের ডিজাইনে পরিবর্তন আসছে।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বিখ্যাত তারকাখচিত নকশার অ্যাডিডাস বলটি ২০২৬-২৭ মৌসুমের ফাইনালে শেষবারের মতো ব্যবহৃত হবে।

নতুন নাইকি বলের ডিজাইনে প্রতিযোগিতার লোগোতে ব্যবহৃত তারকাদের নকশা থাকবে কি না, সে বিষয়ে উয়েফা এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। সংস্থাটি এক বিবৃতিতে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ব্যবহৃত ‘বিখ্যাত তারকাখচিত বলের’ কথা উল্লেখ করেছে।

২০২৭-২৮ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের জন্য উয়েফার অফিশিয়াল বল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড নাইকি।

২০০১ সাল থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহ করে আসছিল জার্মান ব্র্যান্ড অ্যাডিডাস। তবে দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার শেষ হচ্ছে।

নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ক্যামিলো আন্দ্রাদে বলেন, ‘দুই দশকেরও বেশি সময় পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি। প্রথমবারের মতো তিনটি প্রধান প্রতিযোগিতাসহ উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোতে নাইকির ম্যাচ বল সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ফুটবল বিশ্বের খেলা, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বল। প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড়ের মধ্যে একমাত্র সাধারণ বিষয় হলো এই বল। নাইকির জন্য এটি দীর্ঘমেয়াদি অঙ্গীকার। খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা উদ্ভাবনের নতুন সীমা অতিক্রম করতে চাই। একই সঙ্গে এসব প্রতিযোগিতার মর্যাদা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে এমন বল তৈরি করতে চাই, যা ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকের মধ্যে সৃষ্টিশীলতা, স্বতঃস্ফূর্ততা ও আনন্দের প্রতিফলন ঘটাবে।’

উয়েফা ও ইউরোপের ক্লাবগুলোকে একীভূত করা সংস্থা ইউসি৩-এর সহ-ব্যবস্থাপনা পরিচালক গাই-লরাঁ এপস্টেইন বলেন, ‘২০২৭ সাল থেকে উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোর অফিশিয়াল ম্যাচ বল সরবরাহকারী হিসেবে নাইকিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রীড়াঙ্গনে সমৃদ্ধ ঐতিহ্য, সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক প্রভাবের অসাধারণ সমন্বয় রয়েছে নাইকির। বিশ্বজুড়ে সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপনেরও সক্ষমতা রয়েছে তাদের।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রতিটি পর্যায়ে উদ্ভাবন, গুণগত মান ও পারফরম্যান্স নিশ্চিত করতে মাঠের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় দুই মার্কিন কর্মকর্তার উদ্দেশে ইরানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


‘তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় দুই মার্কিন কর্মকর্তার উদ্দেশে ইরানের হুমকি

ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় ১৬৮ শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তা খুঁজে বের করার হুমকি প্রদান করেছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই হুমকি জানায়।

দূতাবাসটি আট মাস আগে প্রকাশিত একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে চার শব্দের বার্তায় উল্লেখ করে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

পোস্টে উল্লিখিত দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হয়। তারা হলেন– ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ২৯ মার্চ প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন। ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক, যারা তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এতে মিনাবের একটি স্কুলে ১৬৮ নিরপরাধ শিশু নিহত হয়।’

পোস্টে আরো উল্লেখ করা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’ এইভাবে শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে ওই দুই কর্মকর্তাকে দায়ী করে ইরানি দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%