প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা থেকে গত তিন মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সন্ধান চালানো সত্ত্বেও তার কোনো হদিস এখনো মেলেনি। ছেলে মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন, আর স্ত্রীকে ফিরে পেতে দিশেহারা স্বামী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও নিখোঁজ গৃহবধূর সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
পরিবারের সূত্রে জানা গেছে, নাসিমা বেগম গত ১৮ আগস্ট নাগেশ্বরীতে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশাযোগে বের হন। একই অটোরিকশাতে তার মেয়ে, ছেলের বউ ও নাতি পাসপোর্ট করার উদ্দেশ্যে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে আজমাতা ব্রিজপাড়ে টয়লেটের কথা বলে নাসিমা বাকিদের চলে যেতে বলেন এবং রাস্তার পাশে তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে পুনরায় অটোরিকশাতে তুলে দেওয়া হয়। সর্বশেষ আন্ধারীরঝাড় বাজার মোড়ে সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।
নাসিমা বেগমের নিখোঁজ হওয়ার ৮/১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এক ব্যক্তি নাসিমা বেগমকে হস্তান্তর করতে রাজি আছেন। তবে পরবর্তীতে তিনি অবস্থান পরিবর্তন করে জানান, অন্য একটি মেয়ে পাওয়া গেছে যিনি নাসিমা বেগম নন।
এদিকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী জানান, নিখোঁজের দুদিন পর তিনি নাসিমা বেগমকে পার্শ্ববর্তী একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন। নিখোঁজ নারীর ছেলে নাসিম মিয়া এই তথ্য পেয়ে ওই বাড়িতে যাওয়ার আগেই মেয়েটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয় এবং সন্দেহভাজন ওই পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।
নিখোঁজ নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, তিনি ১৯৯৩ সাল থেকে ব্যবসার সূত্রে ভারতের দিল্লীতে যাতায়াত করতেন এবং ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমা বেগমের বাবার বাড়ি দিল্লিতে হলেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতে বাঙালি বিতাড়ন ও নানামুখী জটিলতার কারণে গত কোরবানি ঈদের ১০ দিন আগে দিল্লির যাবতীয় সম্পদ বিক্রি করে সপরিবারে স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন তারা।
নিখোঁজ নাসিমা বেগমের ছেলে নাসিম মিয়া বলেন, "গত ১৮ আগস্ট আমার মা নিখোঁজের সময় তিনি জীবিকার প্রয়োজনে দিল্লিতে অবস্থান করছিলেন।" মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ১২ দিন পর্যন্ত মায়ের অপেক্ষায় দিল্লিতে অবস্থান করেন। সেই ফাঁকে দিল্লিতে অবস্থানরত তার মামা ও খালাসহ বিভিন্ন পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ খবর করেন। কিন্তু ১২ দিন পেরিয়ে গেলেও মায়ের কোনো হদিশ না পেয়ে ৩০ আগস্ট তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন।
নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাপের বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে আশানুরূপ গুরুত্ব দিচ্ছে না।
নাসিমা বেগমের স্বামী নজরুল ইসলাম নজু জানান, পেটের দায়ে তিনি ভারতের দিল্লীতে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। জমাকৃত ভাঙারি বিক্রি হয়ে গেলে স্ত্রীসহ বাংলাদেশে ফেরত আসতেন। এখানে কিছুদিন থাকার পর অর্থের ফেরত হলে আবার দিল্লিতে চলে যেতেন। এভাবে দীর্ঘদিন ধরে ভারতে আসা যাওয়া ও ব্যবসা শেষে তারা কিছুদিন আগে সপরিবারে বাংলাদেশে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে টুকটাক বাড়ির জিনিসপত্র কিনতেন। সেই মানুষ এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পুরো পরিবার দিশাহারা হয়ে পড়েছে। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে। স্ত্রী এভাবে হঠাৎ উধাও হয়ে গেল। অথচ পুলিশ কোনো তথ্যই উদ্ধার করতে পারছে না। স্ত্রীকে ফেরত চান তিনি।
স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার মাহাবুবার রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও দফাদারসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনাকীর্ণ এলাকা থেকে একজন মানুষের এভাবে হাওয়া হয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসন তাঁকে খুঁজে না পাওয়া অত্যন্ত আশ্চর্যজনক।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজনভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আসলে অপহরণ না নিখোঁজ, এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাদি অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনো পুরোপুরি রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে এবং কার্যক্রম চালানো হচ্ছে। একজন আসামিকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে, তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে কোনো তথ্য দিতে পারেনি।
বর্তমানে নিরুপায় পরিবারটি প্রতিদিন দিল্লি ও বাংলাদেশের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে নাসিমা বেগমকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন