১০:৪৪ এম
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে শীতের অনুভূতি ধীরে ধীরে শুরু হচ্ছে। সারাদিন সূর্যের আলো থাকলেও সকাল ও সন্ধ্যায় হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে রাতেও শীতের কিছুটা ছোঁয়া পাওয়া যাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া, বহরপুর, ঢুলটি এলাকায় বেশিরভাগ মানুষকে হালকা শীতের পোশাক পরিধান করতে দেখা যায়। মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে ভোর থেকে কিছু কৃষককে গরম কাপড় পরে কাজ করতে দেখা গেছে।
দাশুড়িয়া ট্র্যাফিক মোড়ের অটোরিকশা চালক মাসুম জানান, গত কয়েকদিন ধরে শীতের আভাস দেখা যাচ্ছে। আজ সকালে ঠান্ডা অন্যদিনের তুলনায় বেশিই অনুভব হচ্ছে। শীত আস্তে আস্তে নামতে শুরু করবে। গাড়ি চালানোর সময় বাতাসের কারণে যাত্রীরা পর্দা দিতে বলছেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের লঘুচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বহরপুরের কৃষক মুজাম হোসেন বলেন, শীত আসছে। এখন ঠান্ডা পড়া শুরু হবে। আজ হঠাৎ করে কুয়াশা একটু বেশি দেখা যাচ্ছে। ধানের শিষে, ঘাসের ওপর এবং গাছগাছালিতে কুয়াশা পড়েছে। দূরে তাকালেও কুয়াশা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
এদিকে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ২০ ডিগ্রির নিচে নেমে এসেছে। এখন ধীরে ধীরে তাপমাত্রা আরো নিচে নামতে পারে। আজ ঈশ্বরদীতে ভোর ৬টায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন