ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি মাসে আন্তর্জাতিক ফ্লাইট শুরু


কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি মাসে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে সরাসরি আসার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, দেশের পর্যটনশিল্প এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এই উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন।

প্রথম পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া, দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি এয়ারলাইনস।

আরও পড়ুন: দুই মহাসড়কে ডাকাতির ৩১ ব্ল্যাক স্পট, অপরাধ মোকাবিলায় সংকটে পুলিশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় পর্যটন নগরী কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও সভায় জানানো হয়।

আন্তর্জাতিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রানওয়ে মেরামতের কাজও সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সভায় জানায়, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি প্রস্তুত করা হয়েছে।

সভায় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। যাত্রীসেবা এবং আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েও উপস্থাপনা দেওয়া হয়।

এ বিষয়ে বেবিচকের সদস্য (এটিএম) মো. নূর-ই আলম আমার দেশকে বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই এর কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ৪ লাইব্রেরি: হাজারো রায়ের জীবন্ত আর্কাইভ

প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ১২ অক্টোবরের সভায় জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এর ফলে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফ্লাই দুবাইয়ের আগ্রহ

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে ফ্লাই দুবাই। সংস্থাটির প্রতিনিধি সভায় জানিয়েছেন, দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা তুলে ধরা হয়। এছাড়া, এয়ার অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে আরো পর্যালোচনা প্রয়োজন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: হাসিনার ফেরানোর শর্তাবলী নিয়ে আলোচনা

পর্যটক আকর্ষণে বিশেষ প্যাকেজের প্রস্তাবও এসেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সভায় সংগঠনটির প্রতিনিধি বলেছেন, দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ, সুবিধা ও ছাড় দেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে যাত্রীর সংখ্যা বাড়তে পারে। সভায় উপস্থিত অন্যান্য এয়ারলাইনসের প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র তৈরি করা হবে। এতে সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা হবে। একই সঙ্গে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।

আন্তর্জাতিক যোগাযোগে নতুন সম্ভাবনা

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ বিভিন্ন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতও সহজ হবে। এতে কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী

তবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের সম্ভাবনা কাজে লাগাতে শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন বা ফ্লাইট চালু করাই যথেষ্ট নয়। নিয়মিত ফ্লাইট পরিচালনা, যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রুট নির্ধারণ, প্রতিযোগিতামূলক বিমানভাড়া এবং পর্যাপ্ত ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নওগাঁর সচেতন মহল।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানিয়েছেন, ১৫ নভেম্বর থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি মেধা, যোগ্যতা, ন্যায়বিচার এবং নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কেবল শ্রেণিকক্ষে পাঠদান, আধুনিক অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। বরং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা শিক্ষার মান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি আরও জানান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এই পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে একটি নির্দিষ্ট গোপন কোড ব্যবহার করা হবে। ওই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানবেন না। এতে স্বজনপ্রীতি, পরিচিতির প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরাগ-বিরাগের ভিত্তিতে নম্বর দেওয়ার সুযোগ থাকবে না। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর মেধা, যোগ্যতা এবং উত্তরপত্রে দেওয়া উত্তরের মানই প্রাধান্য পাবে। বিশ্ববিদ্যালয়টির বয়স এক বছর হলেও প্রতিষ্ঠার শুরু থেকেই একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং নৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয়েরই বহিঃপ্রকাশ। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আরো আধুনিকায়নে এই ধরনের নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মহাসড়কে ডাকাতির ৩১ ব্ল্যাক স্পট, অপরাধ মোকাবিলায় সংকটে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


দুই মহাসড়কে ডাকাতির ৩১ ব্ল্যাক স্পট, অপরাধ মোকাবিলায় সংকটে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ডাকাতদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। পুলিশের তালিকায় ৩১টি ব্ল্যাক স্পট অন্তর্ভুক্ত রয়েছে, তবে বাস্তবতা বলছে সংখ্যা আরও বেশি। এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের কাছে পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাব রয়েছে। বেশিরভাগ থানার কার্যক্রম চলছে ভাড়া করা বা রিকুইজিশন করা লেগুনায়, যা দিয়ে অপরাধীদের ধাওয়া করাও কঠিন হয়ে পড়েছে।

চট্টগ্রামের মিরসরাই হাইওয়ে এলাকায় ২৭ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশকে লেগুনা দিয়ে টহল দিতে দেখা যায়। অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চললেও টহল টিমের গতি ছিল ধীর। টহল টিমের ইনচার্জ জানিয়েছেন, থানার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় তারা রিকুইজিশন করা লেগুনা ব্যবহার করছেন।

হাইওয়ে পুলিশের কার্যক্রমের অনুসন্ধান শুরু হয়েছে। কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাত ১০টার দিকে টহল টিমকে মহাসড়কে ডিউটির জন্য প্রস্তুতি নিতে দেখা যায়। এখানে অবস্থাও একই। সরকারি গাড়িটি নষ্ট হওয়ায় ডাকাতদের ধাওয়া করা সম্ভব হচ্ছে না।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানায় ইনচার্জ জানিয়েছেন, ডাকাতপ্রবণ এলাকায় তারা নিয়মিত টহল প্রদান করেন। প্রায় ৩০ মিনিট খোঁজার পর টহল টিমকে পাওয়া যায়। এখানে সমস্যা হচ্ছে গাড়ির নয়, তেলের। টহলের জন্য প্রতিদিন বরাদ্দ মাত্র ৮ লিটার তেল, যা দিয়ে সারারাত টহল দেওয়া সম্ভব নয়।

গরুবোঝাই ট্রাক ডাকাতদের অন্যতম টার্গেট। মেঘনা টোলপ্লাজায় ওঠার আগে মাস খানেক আগে ডাকাতরা একটি ট্রাক থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এই মহাসড়কে একই অভিজ্ঞতা নিয়ে একাধিক চালকের সঙ্গে কথা হয়।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে কথা হলে তারা জানান, রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ডাকাতরা আঞ্চলিক মহাসড়কগুলোতে ওত পেতে থাকে। তাদের টার্গেট সাধারণত প্রবাসী ও বিয়ের গাড়ি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটে কুমিল্লায়, যেখানে অন্তত ৯টি স্পট রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ডাকাতির জন্য অন্তত ৭টি স্পট চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও রামু উপজেলায় ৮টি স্পটে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। গত ১৬ অক্টোবর ঈদগাঁও এলাকায় ঘটে গণডাকাতির একটি ঘটনা। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, ডাকাতদের গ্রেফতারে তালিকা ধরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

হাইওয়ে পুলিশ জানায়, ডাকাতির ৩১টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। জনবল ও লজিস্টিকের ঘাটতির কথা স্বীকার করেছেন হাইওয়ে পুলিশের (কুমিল্লা অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। তিনি বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কুয়াশার কারণে মহাসড়কে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। গত পাঁচ বছরে যেসব স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, স্থানীয় থানাগুলোর কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করে প্রায় ৩১টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।

তবে জনবল ও লজিস্টিক সংকটের কথা স্বীকার করে তিনি জানান, স্থানীয় থানা ও জেলা পুলিশের সহায়তায় এসব এলাকা ভাগ করে নিয়ে মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ১৬ কিলোমিটার মহাসড়কও ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%