১০:৪৩ এম
॥ মো. সাইফুল ইসলাম ॥
যশোর, ১৫ নভেম্বর ২০২৬ : যশোর জেলার অন্যতম অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। প্রতিবছর এই জেলায় প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এ হিসাবে, সবজি থেকে বছরে আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা হয়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সবজি চাষে জেলার ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক যুক্ত রয়েছেন। গত এক বছরে যশোর জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এ সময়ে ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে।
আরও পড়ুন: লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, কৃষি ও জনস্বাস্থ্য হুমকির মুখে
গত এক বছরে রবি মৌসুমে ১৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ মেট্রিক টন, খরিপ-১ মৌসুমে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে ১ লাখ ৫১ হাজার ৫০ মেট্রিক টন সবজি উৎপন্ন হয়েছে।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি কেজি সবজির গড় মূল্য ৩০ টাকা ধরে গত বছর জেলায় ২ হাজার ৬৫৫ কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। যশোরের ৩০ লাখ মানুষের সবজির গড় চাহিদা বছরে ৪ লাখ মেট্রিক টন। বাকি প্রায় ৫ লাখ মেট্রিক টন সবজি রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় চলে যায়।
জেলার ‘সবজি জোন’ হিসেবে পরিচিত সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর, বাগাডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায় মাঠজুড়ে সবজির চাষ হচ্ছে। বাঘারপাড়া ও মণিরামপুর উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সবজির চাষ হচ্ছে।
শীতকালেই নয়, আধুনিক পদ্ধতিতে এসব এলাকায় সারা বছর জুড়ে সবজি উৎপাদন হয়। বর্তমানে এসব মাঠে ৩৯ ধরনের সবজির চাষ হচ্ছে। এর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লাল শাক, সবুজ শাক, লাউ, মিস্টি কুমড়া, বেগুন, চালকুমড়া, টমেটো, মূলা, বরবটি, ডাঁটাশাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, শিম, চিচিঙ্গা, ঝিঙা, করলা, উচ্ছে, গাজর, শালগম, ওলকচু, ভাতিশাক, শসা, পেঁপে, কাঁচাকলা, মানকচু, মেটে আলু, লতিরাজ, পানিকচু, বিট, কাঁকরোল, ক্যাপসিকাম, সজিনা, বিচিকলা, মটরশুঁটি, গিমাকলমি ও ধনিয়া পাতা।
আরও পড়ুন: আটঘরিয়ায় রোপা আমন ধান কাটা শুরু, কৃষকেরা সন্তোষজনক ফলনের আশা করছেন
জেলার সবজি বাজারকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির হাট। প্রতিদিন ভোর থেকে এ হাটে কৃষক, ব্যাপারী এবং শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে। ট্রাক ভর্তি করে সবজির চালান ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।
কৃষি অধিদপ্তর জানায়, যশোর সদর উপজেলার আব্দুলপুর ও আশপাশের এলাকায় চলতি মৌসুমে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদিত হচ্ছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা। তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টর জমিতে চারা তৈরি করেন।
জেলা সদরের হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ছোটোবেলা থেকেই বাবার সাথে ক্ষেতে কাজ করতেন। তিনি ১৯৯৭ সালে দুই বিঘা জমিতে সবজি চাষ শুরু করেন। প্রথম দফায় কালো বেগুন চাষ করে ভালো ফলন পান। পরে বিভিন্ন রকমের সবজি চাষ শুরু করেন।
পরে সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চারা তৈরির জন্য নার্সারি গড়ে তোলেন। তিন শতক জমির এ নার্সারিতে তৈরি বিভিন্ন সবজির চারা তিনি নিজে ব্যবহার করেন এবং অন্য কৃষকদের কাছেও বিক্রি করেন। নিজেই তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। প্রতি মাসে দুই থেকে তিন টন জৈব সার বিক্রি করেন।
আরও পড়ুন: কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল
চুড়ামনকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম (৪৫) এবার এক বিঘা জমিতে পটল, চার বিঘা জমিতে আলু এবং দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। ৫ বিঘা জমিতে মূলার চাষও করেছিলেন। সবজি চাষ করে তার চারজনের পরিবার ভালোভাবেই চলে যাচ্ছে।
দৌলতদীহী গ্রামের বারেক হোসেন (৩৭) এক বিঘা জমিতে সিম, ৫ কাঠা জমিতে পুঁইশাক এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছেন। তিনি বলেন, ‘অন্য ফসলের তুলনায় সবজি চাষে লাভ বেশি।’
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মিজানুর রহমান খান বাসস’কে বলেন, যশোরে বিপুল পরিমাণ সবজি হয়। তাই এখানে সবজিভিত্তিক ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলা প্রয়োজন। এতে স্থানীয় চাষিরা লাভবান হবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘সবজি চাষে পুরো দেশের মধ্যে যশোর জেলা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। এ জেলায় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ দিবস করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষকদের সংযুক্ত করে দেওয়া হয়। নতুন নতুন জাতের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আধুনিক সেচ পদ্ধতিও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া সময়ে সময়ে যেসব সমস্যার উদ্ভব হয়, মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন