০৯:৩৫ এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশ কর্মকর্তাকে হত্যা করার অভিযোগে ৭৭ বছর বয়সী উইলিয়াম রিভসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। চলতি বছরে এটি ফ্লোরিডায় ১৮তম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮৬ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান রিভার কাউন্টির শেরিফ কার্যালয়ের কর্মকর্তা রিচার্ড র্যাকজোস্কিকে গুলি করে হত্যা করার অপরাধে উইলিয়াম রিভসকে প্রথম-ডিগ্রির হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মৃত্যুদণ্ড ফ্লোরিডার স্টার্ক শহরের কাছে অবস্থিত রাজ্য কারাগারে কার্যকর করা হয়।
আরও পড়ুন: স্পেনে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ
মৃত্যুদণ্ড কার্যকরের সময় রিভসকে একটি শয্যায় বেঁধে রাখা হয়েছিল এবং তার হাতে ওষুধ প্রয়োগের জন্য শিরায় নল লাগানো ছিল। শেষ কথা বলতে চান কি না, জানতে চাইলে তিনি "না" বলে উত্তর দেন। এরপরেই ওষুধ প্রয়োগ শুরু হয়। প্রায় ৩০ সেকেন্ড পর তিনি কয়েকবার গভীরভাবে শ্বাস নেন এবং নড়াচড়া বন্ধ করে দেন। পরে কারা কর্তৃপক্ষ ও চিকিৎসাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর ফ্লোরিডায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে রিভস ছিলেন অষ্টম ব্যক্তি, যিনি ৭০ বছরের বেশি বয়সী। দীর্ঘ সময় মৃত্যুদণ্ডের অপেক্ষায় কারাগারে থাকার কারণে যুক্তরাষ্ট্রে বয়স্ক দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের মেয়াদে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ফ্লোরিডায় এক বছরে ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে অঙ্গরাজ্যটি নিজেদের রেকর্ড গড়েছিল। আগামী মাসে নির্ধারিত আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর হলে সেই রেকর্ডে আবারও ভাগ বসাতে পারে অঙ্গরাজ্যটি।
দুই মেয়াদ শেষে আগামী জানুয়ারিতে গভর্নরের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ডিস্যান্টিস। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দীর্ঘ কয়েক দশক পার করা ভুক্তভোগীদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
আরও পড়ুন: মক্কায় ড্রোন হামলার অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
মৃত্যুদণ্ড কার্যকরের পর নিহত কর্মকর্তা রিচার্ড র্যাকজোস্কির ভাই মার্ক র্যাকজোস্কি সাংবাদিকদের সংক্ষেপে বলেন, "তার ভাই অবশেষে ন্যায়বিচার পেয়েছেন।"
সূত্র: এপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন