ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ


৯ দিনে ৪৫ পরিবহনে অগ্নিসংযোগ, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত নয় দিনে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনার পর ২১টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে এসব নাশকতার ঘটনা সংঘটিত হয়। পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

এছাড়া, পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ফলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দুটি স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস তিন দিন বন্ধ, ১৭ থেকে ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস তিন দিন বন্ধ, ১৭ থেকে ১৯ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়টির সব অফিস তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ, ৩ দিনের ছুটি ঘোষণা

গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সোমবার রাত ১০টায় ভার্চুয়ালি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তাঁর কার্যালয়ে সভাটি শুরু হবে।

এর আগে, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এর ফলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, এবং বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে, আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কোণে কোণঠাসা অবস্থায় রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে আন্দোলনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয় তালাবদ্ধ করে রেখেছেন। রাত সোয়া ১১টায় মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এসময় আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা একাডেমিক ভবনের দিকে চলে যান। এরপর তারা একাডেমিক ভবনে অবস্থান করেন।

আন্দোলনকারীদের দাবি হলো, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতায় বৈষম্যের শিকার এবং বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে রবিবারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা করতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। রাত ১১টায় প্রতিবেদন পাঠানোর সময় সভা চলছিল। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, তা তখনো জানা যায়নি। অপরদিকে, আন্দোলনকারীরা বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে ভিসি দপ্তরের সামনে কেউ শুয়ে, কেউ বসে অবস্থান করছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাঁদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয় এবং তাঁদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেওয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের সুযোগ দেওয়া হয়।

রাত ১১টা ৩৭ মিনিটে জিএমপির উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ভিসিসহ সকল কর্মকর্তারা এখনি বের হয়ে যাবেন। শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ এম


ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রাশেদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারের লক্ষ্য হলো ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেছেন, ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নেব—তা নিয়ে বিতর্ক করছি না। বরং কীভাবে আরও ভালোভাবে ঋণ নেওয়া যায়, আরও ভালোভাবে বিনিয়োগ করা যায় এবং জনগণের কাছে জবাবদিহির জায়গা থেকে প্রতিটি একক সরকারি সম্পদের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের কাছে বৈধতা ও জনসমর্থনের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঋণকে উন্নয়নের লক্ষ্য নয়, বরং উন্নয়নের একটি উপকরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ঋণের অর্থ এমন খাতে বিনিয়োগ হওয়া দরকার, যা উৎপাদনশীলতা বাড়ায়, অবকাঠামো উন্নত করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানবসম্পদের বিকাশ ঘটায়। ঋণের বিপরীতে পাওয়া অর্থনৈতিক ও সামাজিক সুফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর বর্তানো দায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অর্থনীতি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে ড. তিতুমীর বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে বাংলাদেশের অতিরিক্ত ৪২০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।

তিনি বলেন, ‘এই বাড়তি ব্যয় আমাদের পছন্দের বিষয় ছিল না, আবার এড়ানোরও সুযোগ ছিল না।’

এ সময় মানবিক প্রভাবগুলো তুলে ধরে তিনি বলেন, প্রায় ৮০ লাখ বাংলাদেশি নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। যারা কঠোর পরিশ্রম করে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তাদের অনেকে আবার দারিদ্র্যের কবলে পড়েছেন। এগুলো কোনো হিসাবের খাতায় থাকা নিছক সংখ্যা নয়; বাস্তব মানুষের জীবনে তৈরি হওয়া বাস্তব সংকট।

ড. তিতুমীর বলেন, এসব তথ্য কাউকে দায়ী করার জন্য নয়; বরং সরকার যে পরিস্থিতিতে কাজ শুরু করেছে, তার প্রেক্ষাপট বোঝানোর জন্য। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে, তা জানা থাকলে অর্জিত অগ্রগতি ও সামনে থাকা চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব।

দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ১৮ দশমিক ৯ ট্রিলিয়ন টাকার বেশি, যা জিডিপির প্রায় ৩৬ শতাংশ। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের বেশি। বছরে সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে এক ট্রিলিয়ন টাকার বেশি। এ ছাড়া বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে পূর্ববর্তী সময়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা নেওয়া হয়েছিল। এসব দায় ও ঝুঁকি বিবেচনায় রেখেই ঋণ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণের ওপর জোর দেন তিনি।

অতীতে নেওয়া বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় আগামী বছরগুলোতে পরিশোধের চাপ বাড়বে বলে জানান ড. তিতুমীর। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মূলধন ও সুদ বাবদ ৪৪৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক এ পরিমাণ ৭৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে। তাই নতুন ঋণ নেওয়ার সময় সুদের হার, মেয়াদ, পরিশোধের সময়সূচি, মুদ্রার ধরন ও বিনিময় হারের ঝুঁকি বিবেচনায় রাখা জরুরি।

ঋণ ব্যবস্থাপনার দুটি মৌলিক ভিত্তি হিসেবে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তার মতে, দেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঋণ গ্রহণের সিদ্ধান্ত হওয়া উচিত। ঋণের তথ্য, ব্যয় ও ঝুঁকি সম্পর্কে স্বচ্ছতা এবং জনগণের কাছে জবাবদিহি সরকারের ঋণ ব্যবস্থাপনার গ্রহণযোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত।

রাজস্ব আহরণ বাড়ানোকে ঋণের টেকসই ব্যবস্থাপনার অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন ড. তিতুমীর। তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম। আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে। করের আওতা সম্প্রসারণ, কর প্রশাসনের ডিজিটালাইজেশন এবং অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে। রাজস্ব আয় বাড়লে উন্নয়ন ব্যয় ও ঋণ পরিশোধের মধ্যে ভারসাম্য রাখা সহজ হবে।

সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ করেছে। এর ফলে মুদ্রা সরবরাহের ওপর চাপ কমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থেকে কমতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশের কাছাকাছি এসেছে। দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশীয় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থ উপদেষ্টা। সরকারি ঋণের ক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উৎস, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং সহজ শর্তের ও বাজারভিত্তিক ঋণের মধ্যে ভারসাম্য রাখার কথা বলেন তিনি। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), ব্লেন্ডেড ফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টির মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি কাজে লাগানোর ওপর জোর দেন।

সার্বভৌম সুকুকসহ নতুন আর্থিক উপকরণ ব্যবহারের প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজ জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। এটি দেশের স্থানীয় মুদ্রার বন্ডবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘমেয়াদি অর্থায়নে দেশীয় বন্ডবাজারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেও দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহের সুযোগ রয়েছে।

ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ জন্য একটি ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন, পাবলিক ডেট আইন প্রণয়ন এবং ঋণের তথ্য ও ঝুঁকি বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। নিয়মিত ঋণ তথ্য প্রকাশ, মধ্যমেয়াদি ঋণ কৌশল, বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং রাষ্ট্রীয় গ্যারান্টির দায় সম্পর্কে স্বচ্ছতা থাকলে আর্থিক ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা সহজ হবে।

বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের কৌশল হিসেবে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি ধাপের কথা বলেন ড. তিতুমীর। অর্থনীতির পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঠামোগত পুনর্গঠনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য তুলে ধরেন তিনি। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে উৎপাদন, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও কর্মসংস্থানকে অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখবে। এসব কর্মসূচি কেবল সহায়তা নয়; বরং মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা তৈরির কৌশল। বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগীরাও এসব উদ্যোগকে সরকারের পরিকল্পিত ও আর্থিকভাবে দায়িত্বশীল কৌশল হিসেবে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

ড. তিতুমীর বলেন, ঋণ ব্যবস্থাপনার সাফল্য শুধু কত টাকা ঋণ নেওয়া হলো বা কত টাকা পরিশোধ করা হলো, তা দিয়ে বিচার করা যায় না। ঋণের অর্থ কাজে লাগিয়ে অর্থনীতি ও মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা গেল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থনৈতিক ও সামাজিক সুফল তৈরি হলো, সেটিই হবে প্রকৃত মূল্যায়ন।

১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সার্বভৌম ঋণের টেকসই ব্যবস্থাপনা, ঋণের ব্যয় ও ঝুঁকি, আন্তর্জাতিক বন্ডবাজার, আইএমএফের ঋণ স্থায়িত্ব মূল্যায়ন কাঠামো, দেশীয় বন্ডবাজারের বিকাশ এবং বিকল্প অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হয়।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা। শ্রীলংকা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ এম


পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

গতকাল রোববার পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা সংঘটিত হয়।

নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, সদস্য হিরুয়ার রহমান ও আসাদুজ্জামান বাবু।

একই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যার পর পিরোজপুর জেলা ছাত্রদল পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল শেষে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ের সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

উক্ত দুই সমাবেশে বক্তারা নাজিরপুরসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বক্তারা স্বৈরাচার আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের দেশবিরোধী সকল কর্মকাণ্ড প্রতিহত করার অঙ্গীকার করেন। তারা ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিএনপির দুটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। টুঙ্গিপাড়া থেকে আসা বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী মিছিলসহকারে এসে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা চালিয়ে লুটপাট করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%