মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২২ এম
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন যে, সাগরে তৃতীয় ভাসমান গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে ক্যাপাসিটি চার্জের নামে ছয় হাজার কোটি টাকা লোপাট হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, তৃতীয় টার্মিনাল স্থাপনে আগের দুই টার্মিনালের তুলনায় ৩৫ শতাংশ বেশি ক্যাপাসিটি চার্জ প্রদান করা হচ্ছে। এর ফলে দেশের অর্থ অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তৃতীয় টার্মিনালের সক্ষমতা পূর্ববর্তী দুই টার্মিনালের তুলনায় বেশি, তাই ব্যয়ও বেশি। তিনি দাবি করেছেন, বেশি ক্যাপাসিটি চার্জের কারণে ১৫ বছরের মধ্যে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
সোমবার সংসদের বৈঠকে আখতার হোসেন টার্মিনালের স্থাপন ব্যয় এবং ক্যাপাসিটি চার্জ সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রশ্নের জবাবে বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি জানান, সংসদ সদস্য নোটিশ দিলে সঠিক উত্তর দেওয়া হবে। পরে ৩০০ বিধিতে সংসদে বিবৃতি দেন।
আখতার হোসেন সম্পূরক প্রশ্নে উল্লেখ করেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া চীনের কোম্পানি সিএনইই দিনে ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে। অথচ বিদ্যমান দুটি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার।
আখতার হোসেন আরও বলেন, চুক্তির মেয়াদ শেষে বিদ্যমান দুটি টার্মিনালের মালিকানা বাংলাদেশের হবে। কিন্তু তৃতীয় টার্মিনালে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দেওয়ার পরও বাংলাদেশের মালিকানায় ফিরবে না। তিনি জানান, চীনা কোম্পানি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।
ক্যাপাসিটি চার্জ বেশি হলেও সাশ্রয়
৩০০ বিধিতে বিবৃতিতে অনিন্দ্য ইসলাম বলেন, কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লক্ষ্য করেছেন, কিছুটা তথ্য বিভ্রান্তি রয়েছে। খণ্ডিত কিংবা ভুল তথ্যে কিছু আলোচনা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) জাহাজে আমদানি করে এফএসআরইউয়ে পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যে এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, তার ধারণ ক্ষমতা বিদ্যমান দুটির তুলনায় বেশি। তৃতীয় টার্মিনালের সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার তরল গ্যাস। বিদ্যমান এফএসআরইউ দুটির ধারণ ক্ষমতা ১ লাখ ৩৮ ঘনমিটার করে। তৃতীয় টার্মিনালের ধারণক্ষমতা প্রায় ২৬ শতাংশ বেশি। অধিক ধারন ক্ষমতা এবং গ্যাস রূপান্তর সক্ষমতার জন্য মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয় দৈনিক। ১০ হাজার বর্গফুটে ওয়্যারহাউস নির্মাণে যে ব্যয়, নিশ্চয়ই ৫০ হাজার বর্গফুটের ওয়্যারহাউস নির্মাণে বেশি বিনিয়োগ করতে হবে। স্বাভাবিকভাবেই ভাড়াও বেশি হবে।
প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালটি অপেক্ষাকৃত নতুন, ২০১৬ সালে নির্মিত। বিদ্যমান দুটি এফএসআরইউ ২০০৫ এবং ২০০৬ সালে নির্মিত। বাংলাদেশের কাছে প্রস্তাব ছিল, ২০০৮ সালে নির্মিত এফএসআরইউ স্থাপনে। গত আগস্ট মাসে এফএসআরইউ নষ্ট হওয়ায় দেশ ও জাতিকে যে চরম মূল্য দিতে হয়েছে। শিল্পখাত, বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহস্থালী গ্রাহকেরাও সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন। সেই পরিস্থিতি পুনরাবৃত্তি আবার বাংলাদেশে ঘটুক, তা চাইনি। সে কারণেই ২০১৬ সালে নির্মিত জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম সংকট বিশ্ব দেখেনি। মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে আবির্ভূত হয়েছে। স্বাভাবিকভাবেই এই সময়ে সারাদুনিয়া জ্বালানি সক্ষমতা নিশ্চিদে এফএসআরইউ সংগ্রহে মনোযোগ দিয়েছে। এ কারণে এফএসআরইউ-এর দাম এই মুহূর্তে বেশি। বিদ্যমান দুটি এফএসআরইউ থেকে দিনে ৫০ থেকে ৬০ কোটি ঘনফুট তরলীকৃত গ্যাসে রূপান্তর করতে পারে। তৃতীয় টার্মিনালে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। অর্থাৎ প্রয়োজনে দিনে ১০০ কোটি ঘনফুট তরল গ্যাস রূপান্তর করতে পারবে। একটি রিগ্যাসিফিকেশন ইউনিট স্ট্যান্ডবাই রাখায়, ৬০ থেকে ৭৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
অনিন্দ্য ইসলাম বলেন, এলএনজি সংরক্ষণের সক্ষমতা, অবকাঠামো এখনও পর্যন্ত বাংলাদেশে নেই। এমন অবস্থায় ভাসমান সংরক্ষণাগারই একমাত্র বিকল্প। সংরক্ষণাগার বড় বলে আমরা অতিরিক্ত এলএনজি এখানে রাখতে পারব। বর্তমানে দুই ধরনের গ্যাস কার্গো রয়েছে; মস্ এবং মেমব্রেন টাইপ। তৃতীয় টার্মিনালে দুই ধরনের ভিড়তে পারবে। বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে, তাতে দুই ধরনের জাহাজ ভেড়ানো যায় না। তৃতীয় টার্মিনালে, সবচেয়ে বড় জাহাজ ভিড়তে পারবে। এতে এক সঙ্গে অনেক গ্যাস কিনতে পারব। যখনই বেশি পরিমাণে কিনতে পারব, তখন প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট সাশ্রয় হবে। প্রতি কার্গোতে ১ লাখ ৯০ হাজার ডলার সাশ্রয় করা সম্ভব। ২০ বছর মেয়াদি চুক্তি হতে যাচ্ছে। যদি প্রতি বছর ৫০টি কার্গো বিবেচনায় নিই, তাহলে ২০ বছরে ২ হাজার ৩০০ কোটি সাশ্রয় হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান দুটি টার্মিনাল বছরে ১১৫টি কার্গো নিতে পারে। এর সিমুলেশন করতে হয় হিউস্টন থেকে। কারণ প্রতি তিন থেকে চার দিনে একটি জাহাজ আসতে হয়। ওই সময়ে আরেকটি জাহাজ এলে, সাগরে অপেক্ষা করতে হয়। প্রতি ঘণ্টা অপেক্ষার জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। যখনই বাল্ক কোয়ান্টিটিতে কিনতে পারছি, তখন দুটি জাহাজের বিরতির সময় বাড়বে। ব্যবস্থাপনা অনেক সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠককে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক বলে উল্লেখ করেছেন। তিনি পিটার হাসকে বাংলাদেশের পুরোনো বন্ধু হিসেবে অভিহিত করেছেন।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈঠক সম্পর্কে তিনি মন্তব্য করেন।
হুমায়ুন কবির জানান, ‘পিটার হাস বেসরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি এখানে এসেছিলেন। বৈঠকটি ছিল অনানুষ্ঠানিক।’ তিনি আরও বলেন, তাদের মধ্যে বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় সাংবাদিকরা শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রতিবেশী দেশের অনুরোধ ও শর্তের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চান। এর জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যা-ই প্রকাশিত হোক, এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’
পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সে সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।
কূটনৈতিক দায়িত্ব থেকে অবসরের পর, ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির এলএনজি সরবরাহ এবং টার্মিনাল কার্যক্রম রয়েছে। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের সরকারি উদ্যোগে এক্সিলারেট এনার্জিও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন পিটার হাস বলে ধারণা খাত সংশ্লিষ্টদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি ক্রয় আইন সংশোধন করে অতীতে সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করার জন্য অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা এই আইন সংশোধনীর ফলে স্বজনপ্রীতি ও দলীয় ব্যক্তিদের সুবিধা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ কণ্ঠভোটে পাস হয়েছে। বিলটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনায় বিরোধী দলের সদস্যরা ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা না থাকলে আইনের অপব্যবহার ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণ একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয়। তিনি উল্লেখ করেন, সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে। জামায়াতের আরেক সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, আলাদাভাবে সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টি যুক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। তিনি উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলটির বাইরে অন্যরা অনেক ক্ষেত্রে সরকারি কাজ পাওয়ার সুযোগ পাননি। তবে এখন সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের জন্য এ ধরনের বিধান থাকলে ভবিষ্যতে অন্যরাও একই সুযোগ নেওয়ার উদ্যোগ নিতে পারেন।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যারা কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। নতুন একটি শ্রেণি যুক্ত হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সেই প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, হলফ করে বলা যায়, আইনটি বাস্তবায়নের পর্যায়ে গেলে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ আর থাকবে না; এটি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হবে।
বিলে যা আছে
বিলে উল্লেখ করা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না।
এছাড়া, দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে সরকারি ক্রয়ে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা সরকারকে থাকবে। পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতাও সরকারের থাকবে।
দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা এবং সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।
এদিকে, সোমবার সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলও পাস হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। পরে বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে এটি পাস হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদ সচিবালয়ের জন্য একটি আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো প্রণয়নে সংসদীয় কমিটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে। এই উদ্দেশ্যে, ইউএনডিপির কারিগরি সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা তৈরির জন্য অনুরোধ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা ও শাম্মী আক্তার। বিশেষ আমন্ত্রণে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সরাসরি নিয়োগযোগ্য ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়েও আলোচনা করা হয়। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা। ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো প্রণয়নের জন্য স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ
একই দিন সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীনে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সংসদীয় সাবকমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শও দেয়।
কমিটির সভাপতি হাসান রাজীব প্রধান এমপির সভাপতিত্বে বৈঠকে রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।
বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হয়। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের (ল্যাব) কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ