মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৮ এম
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনার আট দিন পর পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল রাফি কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এই কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, যা সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভের ওই ভিডিও পরে আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে কসবায় আলোচনা-সমালোচনা শুরু হয়। আট দিন পর ওই বিক্ষোভের নেতৃত্বে থাকা আল রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনটি বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা, বিনিয়োগ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ বিশ্ব বিমান পরিবহন খাতে দ্রুত পরিবর্তন, যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের চাহিদা রয়েছে। বাংলাদেশের জন্য এটি বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ।
সোমবার স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।
বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের পক্ষে সম্মেলনে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।
২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর আইকাও এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।’
সম্মেলনের উদ্বোধনী দিনে ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিমান পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংস্থা নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এ কারণে এবারের সম্মেলনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থায়নের বিকল্প ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের জন্যও এসব বিষয় বিশেষভাবে প্রাসঙ্গিক। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন, নতুন উড়োজাহাজ সংগ্রহ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আকাশপথে দেশের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় সাম্প্রতিক অগ্রগতিও বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি উঠে এসেছে। এই অগ্রগতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে চায় সরকার।
এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন। এতে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।
সম্মেলনের শেষ পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ছয় দিন বাড়িয়ে ২২ নভেম্বর পর্যন্ত করেছে। করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ বা জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
এ বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে বিপুল সংখ্যক ব্যবহারকারী প্রবেশের কারণে সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই কারণে অনলাইনে রিটার্ন জমার কার্যক্রম বিঘ্নিত হয়, ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে করদাতাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
এই পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অক্টোবর মাসের কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।
এনবিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(২) ধারায় তাদেরকে দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) থেকে অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। গতকাল সোমবার এই তথ্য জানায় সংস্থাটি। এর ফলে বাংলাদেশ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ পাবে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি উল্লেখ করেছে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা পাওয়ার ফলে, অর্থের অভাবে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ হবে। এসব প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসার শক্তিশালীকরণ সম্ভব হবে।
ডিএফসি জানায়, অনেক উন্নয়নমুখী ও লাভজনক প্রকল্পে ঝুঁকি কিংবা অর্থায়নের সীমাবদ্ধতার কারণে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহী হন না। এসব বাধা দূর করে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে সংস্থাটি।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক মন্তব্য করেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দু’দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে গভীর করবে এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার জরুরি। দু’দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে দু’দেশের সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতি অবস্থিত। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ। বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে কাজ করছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন যে, সাগরে তৃতীয় ভাসমান গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে ক্যাপাসিটি চার্জের নামে ছয় হাজার কোটি টাকা লোপাট হচ্ছে। তিনি উল্লেখ করেছেন, তৃতীয় টার্মিনাল স্থাপনে আগের দুই টার্মিনালের তুলনায় ৩৫ শতাংশ বেশি ক্যাপাসিটি চার্জ প্রদান করা হচ্ছে। এর ফলে দেশের অর্থ অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ সৃষ্টি হচ্ছে। তবে বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তৃতীয় টার্মিনালের সক্ষমতা পূর্ববর্তী দুই টার্মিনালের তুলনায় বেশি, তাই ব্যয়ও বেশি। তিনি দাবি করেছেন, বেশি ক্যাপাসিটি চার্জের কারণে ১৫ বছরের মধ্যে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
সোমবার সংসদের বৈঠকে আখতার হোসেন টার্মিনালের স্থাপন ব্যয় এবং ক্যাপাসিটি চার্জ সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রশ্নের জবাবে বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি জানান, সংসদ সদস্য নোটিশ দিলে সঠিক উত্তর দেওয়া হবে। পরে ৩০০ বিধিতে সংসদে বিবৃতি দেন।
আখতার হোসেন সম্পূরক প্রশ্নে উল্লেখ করেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া চীনের কোম্পানি সিএনইই দিনে ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে। অথচ বিদ্যমান দুটি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার ও ২ লাখ ৪৯ হাজার ডলার।
আখতার হোসেন আরও বলেন, চুক্তির মেয়াদ শেষে বিদ্যমান দুটি টার্মিনালের মালিকানা বাংলাদেশের হবে। কিন্তু তৃতীয় টার্মিনালে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ দেওয়ার পরও বাংলাদেশের মালিকানায় ফিরবে না। তিনি জানান, চীনা কোম্পানি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।
ক্যাপাসিটি চার্জ বেশি হলেও সাশ্রয়
৩০০ বিধিতে বিবৃতিতে অনিন্দ্য ইসলাম বলেন, কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লক্ষ্য করেছেন, কিছুটা তথ্য বিভ্রান্তি রয়েছে। খণ্ডিত কিংবা ভুল তথ্যে কিছু আলোচনা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) জাহাজে আমদানি করে এফএসআরইউয়ে পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যে এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, তার ধারণ ক্ষমতা বিদ্যমান দুটির তুলনায় বেশি। তৃতীয় টার্মিনালের সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার তরল গ্যাস। বিদ্যমান এফএসআরইউ দুটির ধারণ ক্ষমতা ১ লাখ ৩৮ ঘনমিটার করে। তৃতীয় টার্মিনালের ধারণক্ষমতা প্রায় ২৬ শতাংশ বেশি। অধিক ধারন ক্ষমতা এবং গ্যাস রূপান্তর সক্ষমতার জন্য মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয় দৈনিক। ১০ হাজার বর্গফুটে ওয়্যারহাউস নির্মাণে যে ব্যয়, নিশ্চয়ই ৫০ হাজার বর্গফুটের ওয়্যারহাউস নির্মাণে বেশি বিনিয়োগ করতে হবে। স্বাভাবিকভাবেই ভাড়াও বেশি হবে।
প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালটি অপেক্ষাকৃত নতুন, ২০১৬ সালে নির্মিত। বিদ্যমান দুটি এফএসআরইউ ২০০৫ এবং ২০০৬ সালে নির্মিত। বাংলাদেশের কাছে প্রস্তাব ছিল, ২০০৮ সালে নির্মিত এফএসআরইউ স্থাপনে। গত আগস্ট মাসে এফএসআরইউ নষ্ট হওয়ায় দেশ ও জাতিকে যে চরম মূল্য দিতে হয়েছে। শিল্পখাত, বিদ্যুৎ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহস্থালী গ্রাহকেরাও সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন। সেই পরিস্থিতি পুনরাবৃত্তি আবার বাংলাদেশে ঘটুক, তা চাইনি। সে কারণেই ২০১৬ সালে নির্মিত জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম সংকট বিশ্ব দেখেনি। মধ্যপ্রাচ্যের সংকট আমাদের সামনে আবির্ভূত হয়েছে। স্বাভাবিকভাবেই এই সময়ে সারাদুনিয়া জ্বালানি সক্ষমতা নিশ্চিদে এফএসআরইউ সংগ্রহে মনোযোগ দিয়েছে। এ কারণে এফএসআরইউ-এর দাম এই মুহূর্তে বেশি। বিদ্যমান দুটি এফএসআরইউ থেকে দিনে ৫০ থেকে ৬০ কোটি ঘনফুট তরলীকৃত গ্যাসে রূপান্তর করতে পারে। তৃতীয় টার্মিনালে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। অর্থাৎ প্রয়োজনে দিনে ১০০ কোটি ঘনফুট তরল গ্যাস রূপান্তর করতে পারবে। একটি রিগ্যাসিফিকেশন ইউনিট স্ট্যান্ডবাই রাখায়, ৬০ থেকে ৭৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।
অনিন্দ্য ইসলাম বলেন, এলএনজি সংরক্ষণের সক্ষমতা, অবকাঠামো এখনও পর্যন্ত বাংলাদেশে নেই। এমন অবস্থায় ভাসমান সংরক্ষণাগারই একমাত্র বিকল্প। সংরক্ষণাগার বড় বলে আমরা অতিরিক্ত এলএনজি এখানে রাখতে পারব। বর্তমানে দুই ধরনের গ্যাস কার্গো রয়েছে; মস্ এবং মেমব্রেন টাইপ। তৃতীয় টার্মিনালে দুই ধরনের ভিড়তে পারবে। বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে, তাতে দুই ধরনের জাহাজ ভেড়ানো যায় না। তৃতীয় টার্মিনালে, সবচেয়ে বড় জাহাজ ভিড়তে পারবে। এতে এক সঙ্গে অনেক গ্যাস কিনতে পারব। যখনই বেশি পরিমাণে কিনতে পারব, তখন প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট সাশ্রয় হবে। প্রতি কার্গোতে ১ লাখ ৯০ হাজার ডলার সাশ্রয় করা সম্ভব। ২০ বছর মেয়াদি চুক্তি হতে যাচ্ছে। যদি প্রতি বছর ৫০টি কার্গো বিবেচনায় নিই, তাহলে ২০ বছরে ২ হাজার ৩০০ কোটি সাশ্রয় হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান দুটি টার্মিনাল বছরে ১১৫টি কার্গো নিতে পারে। এর সিমুলেশন করতে হয় হিউস্টন থেকে। কারণ প্রতি তিন থেকে চার দিনে একটি জাহাজ আসতে হয়। ওই সময়ে আরেকটি জাহাজ এলে, সাগরে অপেক্ষা করতে হয়। প্রতি ঘণ্টা অপেক্ষার জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। যখনই বাল্ক কোয়ান্টিটিতে কিনতে পারছি, তখন দুটি জাহাজের বিরতির সময় বাড়বে। ব্যবস্থাপনা অনেক সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ