প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সোমবার রাত ১০টায় ভার্চুয়ালি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তাঁর কার্যালয়ে সভাটি শুরু হবে।
এর আগে, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এর ফলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, এবং বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে, আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কোণে কোণঠাসা অবস্থায় রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে আন্দোলনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয় তালাবদ্ধ করে রেখেছেন। রাত সোয়া ১১টায় মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এসময় আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা একাডেমিক ভবনের দিকে চলে যান। এরপর তারা একাডেমিক ভবনে অবস্থান করেন।
আন্দোলনকারীদের দাবি হলো, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতায় বৈষম্যের শিকার এবং বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে রবিবারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা করতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। রাত ১১টায় প্রতিবেদন পাঠানোর সময় সভা চলছিল। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, তা তখনো জানা যায়নি। অপরদিকে, আন্দোলনকারীরা বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে ভিসি দপ্তরের সামনে কেউ শুয়ে, কেউ বসে অবস্থান করছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাঁদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয় এবং তাঁদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ন না করার নির্দেশনা দেওয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের সুযোগ দেওয়া হয়।
রাত ১১টা ৩৭ মিনিটে জিএমপির উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ভিসিসহ সকল কর্মকর্তারা এখনি বের হয়ে যাবেন। শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন