০৬:৩৭ পি.এম
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জানাজাটি অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে, সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায় অবস্থিত।
সকাল সাড়ে ৯টার দিকে আইআইইউসি-র প্রধান ফটকের সামনে একটি বেপরোয়া লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়লে মাইশা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এর ফলে কয়েক ঘণ্টা ধরে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ও রেললাইনে যানবাহন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
সহপাঠীর অকালমৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবি পেশ করেছেন। তাদের প্রধান দাবিগুলো হলো—আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে গ্রেপ্তার করা, মামলার সার্বিক অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের নিয়মিত অবহিত রাখা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং অবিলম্বে বন্ধ করা, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সব অবৈধ পার্কিং উচ্ছেদ করা, সড়ক প্রশস্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে দ্রুত পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) নির্মাণ করা, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ও যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকের সামনে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন