০৫:৫৩ পি.এম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, চারটি প্রকল্পের অনুমোদন স্থগিত করা হয়েছে এবং সেগুলোকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।
আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। এ তথ্য বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
স্থগিত হওয়া অন্য দুটি প্রকল্প হলো প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ প্রকল্প এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প। প্রকল্পগুলোকে আরও যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৫ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেকের এ বৈঠকটি স্থগিত করা হয়েছিল।
একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয় এবং অপারেশনাল যানবাহন ক্রয়ের প্রকল্প। তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পের প্রথম পর্ব।
আরও পড়ুন: ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ
এছাড়া, ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
একনেকে অবহিত করা হয়েছে যেসব প্রকল্প
৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন দিয়েছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী এসব প্রকল্প সম্পর্কে একনেক বৈঠকে অবহিত করা হয়েছে।
এ ধরনের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন, দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।
আরও পড়ুন: ঢাকা মেট্রোরেলসহ তিন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন