০৬:৩৮ পি.এম
সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় এই উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তাইজুলকে দলের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করে কোচ সিমন্স স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে তাঁর উইকেট না পাওয়ার বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ চার ম্যাচে মাত্র পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল, যা দলের জন্য উদ্বেগের বিষয়।
সিমন্স বলেন, “হ্যাঁ, এটা সব সময়ই উদ্বেগের বিষয়। কারণ সে আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তাই বিষয়টি উদ্বেগের হওয়াটাই স্বাভাবিক। আমি নিশ্চিত, এটা তার নিজের জন্যও উদ্বেগের।”
আরও পড়ুন: ২০৩০ সালে একই সময়ে অনুষ্ঠিত হবে ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ
তিনি আরও বলেন, “তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলে বোঝা যায়, এটা তার পাশাপাশি দলের জন্যও উদ্বেগের। কারণ, সে এই দলের অন্যতম প্রধান অস্ত্র।”
কাঁধের চোট পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, বিষয়টি দলের চিকিৎসক দলের কাছ থেকেই জানা উচিত। তিনি জানান, “এ বিষয়ে আপনাদের মেডিকেল স্টাফদের জিজ্ঞাসা করতে হবে। আমি জানি, সংযুক্ত আরব আমিরাতে তার কিছুটা সমস্যা হয়েছিল। তবে এরপর থেকে সে ভালোভাবে অনুশীলন করছে। পুরো শক্তি দিয়ে বোলিং করছে এবং গতকালও অনুশীলনে বল করেছে। তাই মনে হচ্ছে না, চোটটি তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে।”
সিমন্স আরও জানিয়েছেন, তাইজুলের বর্তমান ফর্ম বিবেচনায় দ্বিতীয় টেস্টের একাদশ গঠনের সময় তাঁকে নিয়ে ভাবতে হবে। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের জন্য ম্যাচটি জিততেই হবে। একাদশ থেকে বাদ পড়লে ২০১৫ সালের পর এই প্রথম টেস্ট দলের বাইরে থাকবেন তাইজুল।
সিমন্স বলেন, “এটি এমন একটি বিষয়, যা আপনাকে ভাবতে হবে। কিছুক্ষণ পর যখন আমরা এ নিয়ে আলোচনা করব, তখন বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন: লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করল ৪০০ রান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন