১১:৪২ এম
ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ইন্দুশেখর পুলিশকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর তিনি বর্তমানে শান্তিতে আছেন। স্ত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে বছরের পর বছর ধরে অপমান ও অসম্মান সহ্য করতে হয়েছে বলে দাবি করে তিনি এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ইন্দুশেখর বলেছেন, তার স্ত্রী সব সময় তাকে অপমান করতেন। স্ত্রীর পরিবারের সদস্যরাও তাকে অসম্মান করতেন এবং স্ত্রীর পক্ষ নিয়ে চলতেন। এসব কারণে দীর্ঘদিন ধরে তার মধ্যে ক্ষোভ জমেছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইন্দুশেখর বলেছেন, “আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।”
আরও পড়ুন: লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা
তদন্তে এ ঘটনায় তার মেয়েরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে জানার পরও তিনি সহযোগিতা করতে রাজি হন বলে পুলিশের দাবি। মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে ফেলতে বাবাকে সহযোগিতা করেন ওই মেয়ে। পাশাপাশি বাড়ির রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতে বাড়ি পরিষ্কার করে হত্যার আলামত নষ্টের চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ। শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে তার শাশুড়ি দুই ছেলের স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে কেবল ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন।
পুলিশের তথ্যমতে, হত্যার পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন বলে ধারণা তদন্তকারীদের।
আরও পড়ুন: হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন প্রতিহত করল সৌদি
অভিযোগ রয়েছে, মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের সন্দেহ এড়ানোর পরিকল্পনা করেছিলেন বাবা-মেয়ে। পুলিশকে কখনোই ধরা পড়বেন না বলেও মেয়েকে আশ্বস্ত করেছিলেন ইন্দুশেখর।
৫২ বছর বয়সী ইন্দুশেখর ওরফে শেখর পেশায় গাড়িচালক। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।
পুলিশের দাবি, গত ১৬ অক্টোবর স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন ইন্দুশেখর। পরে নন্দী পাহাড়ের কাছে তার মরদেহ ফেলে দেন। এরপরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের নিজের বাড়িতে ডেকে নিয়ে একে একে হত্যা করেন তিনি। কখনো পানাহারের আয়োজন, আবার কখনো পরিবারের অন্য সদস্যদের বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়িতে আনতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সৌদি জোটের ধ্বংসের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন