ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি: ৭ নভেম্বরের গুরুত্ব বিশ্লেষণ


আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি: ৭ নভেম্বরের গুরুত্ব বিশ্লেষণ

ইতিহাসের ঘটনাবলি মূল্যায়ন বা বিশ্লেষণের জন্য কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই, যা অভিন্ন মতামত বা একই দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। বরং, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, সেভাবেই ঘটনার মূল্যায়ন হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি বিশেষ ঘটনা; এ কারণে এদেশের জাতীয়তাবাদী রাজনীতিবিদরা একভাবে এটি মূল্যায়ন করেন, অন্যদিকে আওয়ামী লীগ এবং তার সমমনা দলগুলো সম্পূর্ণ ভিন্নভাবে মূল্যায়ন করে। এই কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই দিবসের ছুটি বাতিল হয়, আর জাতীয়তাবাদীরা ক্ষমতায় এলে ছুটি পুনর্বহাল হয়।

যেমন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রথমে সরকারিভাবে দিবসটি পালন বন্ধ করে। এরপর কেবল পালন বন্ধই করেনি, ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করে দেয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দিবসটির ছুটি পুনর্বহাল করেছে এবং ১৫ আগস্টের শোক দিবসের ছুটি বাতিল করেছে।

এদিকে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আওয়ামী লীগ কেবল ছুটি বাতিল করেই ক্ষান্ত থাকেনি, বরং ৭ নভেম্বরকে সৈনিক হত্যা দিবস হিসেবে প্রচার করার চেষ্টা করেছে। যেমন, চব্বিশের গণবিপ্লবকে একইভাবে পুলিশ হত্যা দিবস হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করছে। আবার, এই দলটি ক্ষমতায় থাকাকালে বিডিআরের অফিসারদের হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্র আড়াল করতে বিডিআর জওয়ানদের শাস্তি দিয়েছে; কিন্তু অফিসার হত্যা দিবস পালন করেনি। এর মানে হলো, আওয়ামী লীগ নিজের জন্য যা নৈতিক মনে করে, অন্যের জন্য তা অনৈতিকভাবে বিবেচনা করে।

আরও পড়ুন: যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

যাহোক, প্রায় দুই দশক পর বিএনপির শাসনামলে নতুন এক আঙ্গিকে দিবসটি পালিত হয়েছে, যা নতুন প্রজন্মকে নতুনভাবে ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করেছে। কারণ ফ্যাসিবাদী শাসনামলে নতুন প্রজন্ম একটিমাত্র বয়ান শুনে এসেছে, যা বিকৃত ইতিহাস ছাড়া আর কিছুই ছিল না। যদিও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উক্তিটি সবসময় প্রযোজ্য। তিনি বলেছেন, ‘আপনি কিছু সময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারেন এবং কিছু মানুষকে সবসময় বোকা বানাতে পারেন; কিন্তু আপনি সব মানুষকে চিরকাল বোকা বানিয়ে রাখতে পারবেন না।’ তাই অর্ধশতাব্দীর পর এই দিবসের তাৎপর্য ভিন্ন এক মাত্রা লাভ করেছে এবং নতুন প্রজন্ম সত্যের পথে হাঁটার সাহস পেয়েছে।

সত্যের পথে হাঁটতে হলে আমাদের ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলির আনুপূর্বিক বিশ্লেষণ প্রয়োজন। অর্থাৎ ৭ নভেম্বরের আগে এবং পরের ঘটনাবলির চুলচেরা বিশ্লেষণ করতে হবে। প্রথমে এই সত্যটি বুঝতে হবে, বাংলাদেশের মানুষ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য যুদ্ধ করেছিল। কারণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পশ্চিম পাকিস্তানের শাসকচক্র সরকার গঠন করতে দেয়নি। বরং বাংলাদেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করার উন্মাদনায় মেতে উঠেছিল। তাই এদেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

কিন্তু স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ নেতারা সরকার গঠন করার পর অঙ্গীকার ভঙ্গের যে রাজনীতি উপহার দিয়েছিল, সেটি ছিল হতাশাজনক। আমি নিজে ব্যক্তিগতভাবে যা দেখেছি বা অনুভব করেছি, তা ছিল অঙ্গীকার ভঙ্গের নতুন ইতিহাস। যদিও আমি সেই দিনটির কথা কখনো ভুলতে পারব না, যেদিন ঢাকার পতন ঘটেছিল। সেই ’৭১ সালের ১৬ ডিসেম্বর। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা সেই ছবিটি এখনো চোখের সামনে ভাসছে। সেই কণ্ঠস্বর এখনো কানে বাজে। সেই কণ্ঠস্বর ছিল মেজর হায়দারের। তিনিই প্রথম টেলিভিশন সেন্টারে উপস্থিত হয়ে ঢাকা পতনের খবর প্রচার করেছিলেন। গোটা মহানগরী উল্লাসে ফেটে পড়েছিল। সেদিন পরাজিত পাকিস্তানি সৈনিকরা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছিল। তাদের রাইফেলের নল ছিল মাটির দিকে। তাদের মাথা ঝুঁকেছিল নিচের দিকে, যেন পরাজয়ের লজ্জা লুকাতে চাচ্ছিল।

আকাশে তখন গুলির খই ফুটছিল। মুক্তিযোদ্ধারা মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়ছিল। তাদের সঙ্গে মিশে গিয়েছিল পাকিস্তান আর্মির সহযোগিতাকারীরাও। একপর্যায়ে বোঝা যাচ্ছিল না—কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয়। পরবর্তীকালে এই নতুন যোদ্ধারা ‘সিক্সটিন ডিভিশন’ হিসেবে অভিহিত হয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের সামনে টাকায় আগুন জ্বলছিল। মানুষেরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারা ভাবছিল, দেশ স্বাধীন হয়েছে, ওগুলো অচল। কিছু কিছু বুদ্ধিমান লোক আগুন নিভিয়ে টাকা কুড়িয়ে নিচ্ছিল।

আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড

সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এএম মালেক, যিনি ঠাটা মালেক হিসেবে পরিচিত ছিলেন, তিনি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তখন হোটেলটি আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের অধীনে নিরপেক্ষ অঞ্চল হিসেবে নির্ধারিত ছিল। অন্যদিকে ঢাকা মুক্ত হওয়ার এক দিন পর ১৮ ডিসেম্বর পল্টন ময়দানে বন্দি রাজাকারদের বেয়োনেটের খোঁচায় হত্যা করার দৃশ্য আন্তর্জাতিক খবরে প্রচারিত হয়েছিল। এ ব্যাপারে প্রখ্যাত ইতালীয় সাংবাদিক অরিয়ানা ফ্যালাসির ‘ইন্টারভিউ উইথ হিস্ট্রি’ নামক বিখ্যাত গ্রন্থে এমন একটি বিবরণ পাওয়া যায়, যা বহির্বিশ্বে সদ্য স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তিকে দারুণভাবে ছোট করে দিয়েছিল। কারণ এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশ্ববাসী মেনে নিতে পারেনি।

এদিকে স্বাধীনতার ২৪ দিন পর ১০ জানুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সাক্ষী হয় এক ঐতিহাসিক ঘটনার। সেটি ছিল শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। যে স্থানে তিনি ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণ দিয়েছিলেন, সেই একই স্থানে বিজয়ীর বেশে তার সেই প্রত্যাবর্তন কম বড় ঐতিহাসিক ঘটনা ছিল না। ওই সময়টায় তিনি বীরের বেশেই স্বদেশে ফিরছিলেন। মনে হচ্ছিল সত্যিকারের নায়ক আসছেন। তখন লন্ডনের বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ তাকে ‘বাংলার মুকুটবিহীন সম্রাট’ বলে অভিহিত করেছিল।

যদিও পরবর্তীকালে তার হৃদয়বিদারক পরিণতির পর বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান সাপ্তাহিক বিচিত্রায় এক নিবন্ধে লিখেছিলেন, ‘তিনি ছিলেন রূপকের রাজা। সত্যিকারের মুকুটের ভার তাই তিনি সইতে পারেননি। উপরন্তু সেই ভারে ন্যুব্জ হয়েছেন। রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো দুঃশাসনের অচলায়তন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’

যাহোক, ১০ জানুয়ারির সেই বিশাল সংবর্ধনা সভা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সেদিন হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে রেসকোর্স ময়দানে ঢুকে ঠিক মঞ্চের সামনে দিয়ে টিএসসি হয়ে হাতিরপুল গিয়েছিলাম। উপস্থিত জনতা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আকাশ-বাতাস প্রকম্পিত করে তুলেছিল। মনে হচ্ছিল, এই মানুষগুলো সীমাহীন স্বপ্ন নিয়ে সেই সমাবেশে উপস্থিত হয়েছে। তারা সত্যিকার অর্থেই শেখ মুজিবের নেতৃত্বে একটি সোনার বাংলার স্বপ্ন দেখছিল, যেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে অবারিত। যেখানে সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা হবে নিশ্চিত। যেখানে ’৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন পাস হবে না। যেখানে ‘সোনার বাংলা শ্মশান কেন’ পোস্টারের অঙ্গীকার অনুযায়ী চালের দাম হবে সেরপ্রতি আট আনা। কিন্তু ঘটল সম্পূর্ণ উল্টো, যার বিবরণ বিশাল—অল্প কথায় শেষ করা সম্ভব নয়।

আরও পড়ুন: মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের আয়োজন

বাস্তবে যা ঘটল, তা হলো আওয়ামী লীগ নেতারা অতীতের সব অঙ্গীকার বিস্মৃত হয়ে দুঃশাসনের অচলায়তন প্রতিষ্ঠা করতে শুরু করেন। বলা যায়, নিবর্তনমূলক শাসনের বিভীষিকা সারা দেশের মানুষকে গ্রাস করেছিল। সেটি ছিল অরওয়েলের দুঃস্বপ্নের মতো। শ্বেতসন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছিল মালিবাগের এক আওয়ামী লীগ নেতার সাদা জিপ ও পুলিশের কিছু কর্মকর্তা। মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ভূলুণ্ঠিত হয়েছিল সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা। উগ্র ধর্মনিরপেক্ষতা অনুসরণ করার কারণে ‘ইসলাম’ শব্দটি নির্বাসিত হয়েছিল; নির্বাসিত হয়েছিল কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার। গুম-খুনের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। সে কারণে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন তখন ‘দৈনিক বাংলা’য় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ শীর্ষক উপসম্পাদকীয় লিখেছিলেন।

সব পত্রিকা বন্ধ করে সরকারের অধীনে চারটি দৈনিক পত্রিকা রাখা হয়েছিল। অথচ স্বাধীনতার আগে আওয়ামী লীগ নেতারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাসহ একটি স্বৈরাচারী শাসনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সব অঙ্গীকার বিস্মৃত হয়ে সংবিধানের ব্যবচ্ছেদ ঘটিয়ে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার ঘটনায় জনগণের মধ্যে নেমে এসেছিল সীমাহীন হতাশা; সৃষ্টি হয়েছিল এক শ্বাসরোধকর পরিস্থিতি।

যেমনটা এনায়েতুল্লাহ খান তার ‘শেখ মুজিবের উত্থান-পতন’ প্রবন্ধে উল্লেখ করেছেন; তিনি লিখেছেন, ‘কিন্তু যারা প্রাণ দিল, ষড়যন্ত্রের রাজনীতিকে পদাঘাত করে নির্দ্বিধায় অস্ত্র তুলে নিল, যারা দেশপ্রেমের অঙ্গীকারে রক্ত দিয়ে মাতৃভূমির ঋণ শোধ করল—তাদের রক্তমাংস-হাড়ের বিনিময়ে তিনি গড়তে চেয়েছিলেন এক অলৌকিক ক্ষমতার দেউল। সেখানে দেবতা একক, পূজারি নেই। মানুষকে বাদ দিয়ে শুরু হলো বিগ্রহের রাজনীতি, পুতুলের খেলা। পরদেশি পটুয়ার হাতে সৃষ্টি হলো পুতুলের রাজা শেখ মুজিবুর রহমান। আমার কথা নিষ্করুণ জানি, কিন্তু ইতিহাস আরো বেশি নির্মম।’

মূলত আওয়ামী লীগ নেতারা শক্তি প্রয়োগের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে পন্থা অবলম্বন করেছিলেন, তা ছিল সম্পূর্ণ বাস্তববিবর্জিত। কারণ এই শক্তি প্রয়োগের ধারণা তাদের দ্রুত জনবিচ্ছিন্ন করে ফেলেছিল। তারা ঘটনার মূল্যায়ন করার চেষ্টা করেনি কখনো। ভাবা যায়, যে দলটি ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি সামরিক নেতৃত্বের অধীনে ৩০০ আসনের মধ্যে ২৯৩ আসনে বিজয়ী ছিল, সেই দলটিকে কেন স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির আশ্রয় নিতে হয়েছিল? কেন এত অল্প সময়ের মধ্যে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পর্কে আওয়ামী লীগ নেতারা কখনোই মূল্যায়ন করার চেষ্টা করেননি। বরং ১৯৭৪ সালের ৯ ফেব্রুয়ারি ‘বিশেষ ক্ষমতা আইন’ নামে একটি নিবর্তনমূলক আইন জারি করা হয়, যার মাধ্যমে সরকার যেকোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করার ক্ষমতা লাভ করেছিল। এসব বিষয় থেকে এটা বোঝা গিয়েছিল—জনমত কেন পাল্টে যাচ্ছে, তা মূল্যায়ন করে শুধরানোর পথে না হেঁটে সরকার বিক্ষুব্ধ হয়ে ওঠা মানুষকে জব্দ করতে ওই আইন জারি করেছিল।

আরও পড়ুন: শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল: মিলবে কোথায়-চলবে কতদিন

কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারণ আমরা দেখতে পেলাম ১৯৭৪ সালের ২৯ জুন, যেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছিলেন, সেদিন পুরোনো বিমানবন্দর অর্থাৎ তেজগাঁও বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভুট্টোকে স্বাগত জানিয়েছিল। এ পরিস্থিতি দেখে সরকার বেশ অবাক হয়েছিল। ভুট্টো যখন ফেরত যান, তখন বঙ্গভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় কারফিউ জারি করা হয়েছিল। আমরা তা দেখেছি এবং গভীরভাবে পর্যালোচনা করার চেষ্টা করেছি। কিন্তু কেন জনগণ এভাবে জুলফিকার আলী ভুট্টোকে সংবর্ধনা জানাতে ঝাঁপিয়ে পড়েছিল, সে ব্যাপারে আওয়ামী লীগ নেতারা কখনো পর্যালোচনা করে দেখেননি; বরং জনমতকে উপেক্ষা করে শক্তি প্রয়োগের মাধ্যমে সব সমস্যা সমাধান করাকে শ্রেয়তর পন্থা হিসেবে বেছে নিয়েছিলেন। আর সে কারণেই সারা বাংলাদেশে রক্ষী বাহিনীর নির্যাতন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। এত কিছুর পরও আওয়ামী লীগ নেতারা নিশ্চিন্ত হতে পারছিলেন না। তাই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশালি শাসন কায়েম করা হয়েছিল।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল ছিল যে, বাংলাদেশে তাদের চ্যালেঞ্জ করতে পারে, এরকম কোনো শক্তি কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। শেখ মুজিবুর রহমানও তাই ভাবতেন। সে কারণেই একবার তিনি বলেছিলেন, ‘আমি আলেন্দে নই, আর বাংলাদেশের মানুষকে আমি ভালোভাবে চিনি।’ উল্লেখ্য, সালভাদর আলেন্দে ছিলেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তিনি সামরিক অভ্যুত্থানে নিহত হন। সম্ভবত শেখ মুজিবুর রহমান সুইজারল্যান্ডের মতো নিয়মিত সেনাবাহিনী-বিহীন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভাবতেন (যদিও সুইজারল্যান্ডে চার ঘণ্টার নোটিশে কয়েক লাখ সৈন্য মোতায়েন করা সম্ভব)। তাই তিনি বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গঠনের ব্যাপারে মনোযোগী ছিলেন না। সে কারণেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল রেখে শক্তিশালী রক্ষীবাহিনী গঠন করেছিলেন। তাই হয়তো তিনি ভাবতেন, এই দুর্বল সেনাবাহিনী থেকে তার প্রতি কোনো চ্যালেঞ্জ আসবে না। আর সে ধারণা থেকেই হয়তো সেনাবাহিনীর মধ্যে গোয়েন্দা তৎপরতাও তেমন ছিল না। তিনি নিশ্চিত ছিলেন, সেনাবাহিনী থেকে কোনো চ্যালেঞ্জ আসবে না। তাই হয়তো তিনি বলেছিলেন, ‘আমি আলেন্দে নই।’ আর বাস্তবতা হলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানেই তিনি সপরিবারে নিহত হন এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত রক্ষাকবচ হিসেবে বিবেচিত রক্ষীবাহিনী সামান্য প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা, নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছিল।

শেখ হাসিনাও প্রায় একই পথ অনুসরণ করেছিলেন। তিনি পিতার মতো একদলীয় শাসন কায়েম না করলেও সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের সব স্তরকে দলীয়করণ করার মাধ্যমে তৈরি করেছিলেন নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনী; ভেবেছিলেন, তাকে চ্যালেঞ্জ করার কেউ অবশিষ্ট নেই। তাই তিনি একদমই চিন্তা করতে পারেননি যে, ছাত্র-জনতার ভেতর থেকে একদিন চ্যালেঞ্জ আসবে। অথচ তিনি নিজেই জানেন, ’৬৯ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটেছিল কীভাবে। সেই আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা অগ্রভাগে ছিলেন। একইভাবে ১৯৯৬ সালে তার (শেখ হাসিনা) নিজের নেতৃত্বে আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। তিনি ভালো করে জানেন, ১৯৯০ সালে কীভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের চোটে স্বৈরশাসক জেনারেল এরশাদ সরকারের পতন ঘটেছিল। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ওই রকম দৃষ্টান্ত থাকা সত্ত্বেও শেখ হাসিনা কেন ছাত্র-জনতাকে চ্যালেঞ্জ ভাবেননি, সেটাও এক বিস্ময়কর ব্যাপার। এক্ষেত্রে হয়তো সেই ঐতিহাসিক উক্তিটিই হয়তো সত্য যে, ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া।

সুতরাং আমাদের ইতিহাসের এ রকম পটভূমিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আরও পড়ুন: দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

সর্বশেষ চব্বিশের গণবিপ্লব আমাদের এই শিক্ষা দিচ্ছে যে, অঙ্গীকার ভঙ্গ ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে এবং থাকবেই।

এই যে ’৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর ৩ নভেম্বর খালেদ মোশাররফের সামরিক অভ্যুত্থান, সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করা, একই দিনে কেন্দ্রীয় কারাগারে আটক আওয়ামী লীগের চার নেতার হত্যাকাণ্ডের ঘটনা এবং অতঃপর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে গুরুত্ব বহন করে। কারণ এসব ঘটনা একেকটা টার্নিং পয়েন্ট। আমার মনে আছে, যেদিন ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থান ঘটে, তার পরের দিন তার মা ও ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফের নেতৃত্বে রাজধানীতে একটি মিছিল বের হয়। পরদিন ইত্তেফাকের প্রথম পাতায় তিন কলামে তা প্রকাশিত হয়েছিল। এই ছবি প্রকাশিত হওয়ার পরপরই সারা দেশের মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে, বাংলাদেশে ভারতপন্থি একটি পাল্টা অভ্যুত্থান ঘটেছে। এই পরিস্থিতিতে শ্বাসরোধকর একটি অবস্থা তৈরি হয়। মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছটফট করছিল। এরই মধ্যে ঢাকায় খবর রটে যায়, দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা ঢাকা অভিমুখে মার্চ করছে। ঠিকই দম আটকানো চার দিনের মাথায় বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সৈন্যরা ঢাকায় এসে পৌঁছায় এবং ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়।

আমরা তখন গুলবাগে থাকতাম। হঠাৎ রাত ৩টা নাগাদ ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান শুনে ঘুম থেকে জেগে উঠি। চারদিক একটু ফর্সা হয়ে উঠলে ঘর থেকে বের হই। মেইন রাস্তায় গিয়ে দেখি রাজপথে হাজার হাজার মানুষ আনন্দ প্রকাশ করছে। তারা ট্যাংকের ওপর উঠে নাচানাচি করছিল। মালা পরিয়ে দিচ্ছিল ট্যাংকের গলায়। বেলা বাড়তেই মিষ্টি বিতরণ করা হচ্ছিল দেদার। কোনো সংগঠন ছাড়া মানুষের স্বতঃস্ফূর্ত এই জোয়ারের দৃশ্য ছিল অভূতপূর্ব। আমার মনে হচ্ছিল, ১৫ আগস্ট সান্ধ্য আইন জারি থাকার কারণে মানুষ রাস্তায় ব্যাপকভাবে নামতে পারেনি। হয়তো সেদিনেরই বিস্ফোরণ ঘটেছে ৭ নভেম্বর। আর এই দিবসটিই হয়ে উঠেছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার টার্নিং পয়েন্ট। যদিও পরবর্তীকালে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থান, জেনারেল মইন ইউর ওয়ান-ইলেভেন ও শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের ফলে তা বারবার ব্যাহত হয়েছে, তা সত্ত্বেও এদেশের জনগণের অন্তর থেকে গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেনি কখনো। তাই সংঘটিত হয়েছে জুলাই বিপ্লব। আর জুলাই বিপ্লব আরেকটি চার্জিং পয়েন্ট—সেটা যদি রাজনীতিবিদরা উপলব্ধি করতে না পারেন, তাহলে আরেকটি বিপর্যয় দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

লেখক: সিনিয়র সাংবাদিক

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান চলাচল রোববার থেকে স্বাভাবিক হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


হঠাৎ ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া ও আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার গুরুত্ব

মানুষের জীবনে হঠাৎ করে ভয়, আতঙ্ক, অস্বস্তি অথবা দুঃস্বপ্নের মতো পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। বিশেষত ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে ওঠার মুহূর্তটি অনেকের জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলা। কারণ, সব ধরনের অনিষ্ট থেকে প্রকৃত নিরাপত্তা দেওয়ার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে।

রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, ওয়া শাররি ইবাদিহি, ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন।’

অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের আমার কাছে উপস্থিত হওয়া থেকে আশ্রয় চাই।’ (আবু দাউদ, হাদিস : ৩৮৯৩;  তিরমিজি, হাদিস : ৩৫২৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড

গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এর ফলে কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে যান। পরে, তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। তারা আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা

লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে ১৫তম প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কারে ফিলিস্তিনের ভূমি নিয়ে সংগ্রাম, গাজায় গণহত্যা, পশ্চিমা উপনিবেশবাদী সহিংসতা এবং ফিলিস্তিনের মানচিত্রায়ণের ইতিহাস নিয়ে লেখা বইগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজীবন সম্মাননা পেয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক নুর মাসালহা।

অনুষ্ঠানটি লন্ডনে অনুষ্ঠিত হয় এবং এর আয়োজন করে মিডল ইস্ট মনিটর (মেমো)। ব্রিটিশ-ফিলিস্তিনি অধিকারকর্মী ও কবি লিয়ান মোহাম্মদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে লেখক, প্রকাশক, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক ও কূটনীতিকদের উপস্থিতি ছিল।

ফিলিস্তিনবিষয়ক ইংরেজি ভাষায় প্রকাশিত সেরা নতুন বইগুলোকে স্বীকৃতি দিতে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ৮০টির বেশি বই জমা পড়ে। পুরস্কারের ইতিহাসে এবার সর্বাধিক সংখ্যক বই জমা পড়েছে। সেখান থেকে ১০টি বইকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন রাজনীতি ও রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণবিষয়ক গবেষক এবং জ্যেষ্ঠ প্রভাষক ড. মোহান্নাদ মুস্তাফা। অনুষ্ঠানে গাজার সংগীতশিল্পী, গিটারবাদক ও সংগীত প্রযোজক মোহাম্মদ শোমান ফিলিস্তিনের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। তিনি গাজার ব্যান্ড সল ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা।

এবারের বিজয়ীরা

১৫তম প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডে একাডেমিক বিভাগে পুরস্কার পেয়েছেন পল কোলব্রি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ভূমি দখল, কৃষিজীবনের সংকট এবং জমির ন্যায়বিচার নিয়ে লেখা তাঁর বই "প্লটস অ্যান্ড ডিডস: অ্যাগ্রেরিয়ান অ্যানিহিলেশন অ্যান্ড দ্য ফাইট ফর ল্যান্ড জাস্টিস ইন প্যালেস্টাইন" এ স্বীকৃতি পেয়েছে।

২০২৬ সালের মার্চে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত বইটিতে লেখক ফিলিস্তিনের কৃষিভিত্তিক সমাজের পরিবর্তন বিশ্লেষণ করেছেন। এতে দেখানো হয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর সামরিকভাবে দখলের পর ইসরাইলের ভূমি অধিগ্রহণ ও অর্থনৈতিক নীতির কারণে অনেক গ্রামীণ কৃষক জীবিকার তাগিদে মজুরির কাজে যুক্ত হতে বাধ্য হন। পরবর্তীতে জমির মালিকানা নিবন্ধন ও বেসরকারি আবাসন প্রকল্পের বিস্তার কৃষিজমিকে বাণিজ্যিক সম্পত্তিতে রূপান্তরিত করেছে। কোলব্রি তার দীর্ঘমেয়াদি গবেষণার ভিত্তিতে দেখিয়েছেন, রাষ্ট্রীয় সহিংসতা ও বাজারের চাপ কীভাবে কৃষিজীবনের সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে। একই সঙ্গে জমি হারানো এবং সেই জমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ে ফিলিস্তিনি কৃষকদের সংগ্রামও তুলে ধরেছেন তিনি।

কাউন্টার-কারেন্ট বিভাগে পুরস্কার জিতেছেন থমাস সুয়ারেজ। তাঁর বই "প্যালেস্টাইন ম্যাপড: ফ্রম দ্য রিভার টু দ্য সি ইন আর্লি জিওগ্রাফিক থট"-এ ফিলিস্তিনের মানচিত্র তৈরির ইতিহাস এবং ভূগোলের সঙ্গে রাজনীতি ও উপনিবেশবাদের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।

ইন্টারলিংক পাবলিশিং থেকে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত বইটিতে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার মানচিত্রে ফিলিস্তিনের অবস্থান থেকে শুরু করে মধ্যযুগের ভূমধ্যসাগরীয় সভ্যতা এবং ইউরোপীয়দের তৈরি ‘পবিত্র ভূমি’র মানচিত্রের বিবর্তন তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন, বিভিন্ন সময়ে মানচিত্র তৈরির মধ্য দিয়ে ফিলিস্তিনকে কীভাবে উপস্থাপন করা হয়েছে এবং এসব মানচিত্র আধুনিক রাজনৈতিক চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করেছে। মানচিত্রবিদ্যার ইতিহাসে বিশেষজ্ঞ সুয়ারেজ প্রচলিত ইউরোপকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনাও করেছেন।

গাজা গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হামিদ দাবাশি। তাঁর বই "আফটার স্যাভেজরি: গাজা, জেনোসাইড অ্যান্ড দ্য ইলিউশন অব ওয়েস্টার্ন সিভিলাইজেশন" গাজায় গণহত্যার প্রেক্ষাপটে পশ্চিমা দর্শন ও সভ্যতার নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে হেমার্কেট বুকস থেকে প্রকাশিত বইটিতে লেখক পশ্চিমা দর্শনের বর্ণবাদী শিকড় এবং উপনিবেশিত জনগোষ্ঠীর ইতিহাস ও পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। দাবাশির মতে, পশ্চিমা দর্শন ও রাজনৈতিক চিন্তাধারার ভেতরে এমন কিছু ধারণা রয়েছে, যা উপনিবেশবাদী নিপীড়নকে বৈধতা দিতে ভূমিকা রাখে। গাজার মানুষের মৃত্যু ও দুর্ভোগকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে এর পেছনের ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেমার্কেট বুকসের সম্পাদক ব্রেখনা আফতাব।

এডিটেড বুকস অ্যান্ড অ্যান্থলজিস বিভাগে পুরস্কার পেয়েছেন সুসান আবুলহাওয়া। তাঁর সম্পাদিত "এভরি মোমেন্ট ইজ আ লাইফ: গাজা ইন দ্য টাইম অব জেনোসাইড" বইটিতে গাজার ১৮ তরুণ লেখকের সত্য ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা স্থান পেয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওয়ান সিগন্যাল/সাইমন অ্যান্ড শুস্টার থেকে প্রকাশিত বইটি আরবি ও ইংরেজি—দুই ভাষার সংকলন। ২০২৪ সালের শুরুর দিকে লেখক ও অধিকারকর্মী সুসান আবুলহাওয়া রাফাহ সীমান্ত দিয়ে দুবার গাজায় প্রবেশ করেন। সেখানে বাস্তুচ্যুত তরুণদের জন্য লেখালেখির কর্মশালার আয়োজন করেন তিনি। সেই কর্মশালায় অংশ নেওয়া তরুণদের অভিজ্ঞতার ভিত্তিতে সংকলনটি তৈরি হয়েছে।

বইটিতে ঘরবাড়ি ও স্বজন হারানো, বাস্তুচ্যুত মানুষের জীবন, খাদ্য ও পানির সংকট, ধ্বংসস্তূপ থেকে শিশুকে উদ্ধার, যুদ্ধের মধ্যে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এবং তাবুতে গাদাগাদি করে বসবাসের মতো নানা অভিজ্ঞতা উঠে এসেছে। গাজার মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে যুদ্ধ ও ধ্বংসের মানবিক অভিঘাত তুলে ধরাই বইটির অন্যতম বৈশিষ্ট্য। বইটি থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই সংকলনে অংশ নেওয়া গাজার লেখক এবং প্যালেস্টাইন রাইটস সাহিত্য উৎসবে দেওয়া হবে বলে প্রকাশনা-সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।

স্মৃতিকথা বিভাগে পুরস্কার পেয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তাঁর বই "হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস: স্টোরিজ, ওয়ার্ডস অ্যান্ড উন্ডস অব প্যালেস্টাইন"-এ ফিলিস্তিনের মানুষের অভিজ্ঞতা ও তাদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে লেখকের সঙ্গে পরিচিত হওয়া ১০ জন মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে ফিলিস্তিনের বাস্তবতা বর্ণনা করা হয়েছে।

২০২৬ সালের এপ্রিলে হার্ডি গ্রান্ট বুকস থেকে প্রকাশিত বইটির লেখক আলবানিজ একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। মানবাধিকার ও মধ্যপ্রাচ্য বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ২০২২ সালের মে মাস থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিন প্রশ্ন, ইসরায়েল-ফিলিস্তিনের আইনি পরিস্থিতি, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার কার্যক্রম নিয়ে তার গবেষণা রয়েছে।

এদিকে আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক নুর মাসালহা। ফিলিস্তিনের ইতিহাস নিয়ে তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে "প্যালেস্টাইন: আ ফোর থাউজ্যান্ড ইয়ার হিস্ট্রি"। বইটিতে ফিলিস্তিনের চার হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার লন্ডনের পি-২১ গ্যালারিতে সংক্ষিপ্ত তালিকায় থাকা লেখকেরা পাঠকদের সঙ্গে তাঁদের বই নিয়ে আলোচনা করেন। গত বছরের অনুবাদ বিভাগে বিজয়ী হাজেম জামজুম ওই আয়োজন সঞ্চালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থবছর ২০২৬-২৭: প্রথম ৪ মাসে সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ এম


অর্থবছর ২০২৬-২৭: প্রথম ৪ মাসে সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে

চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসে সৌদি আরবের প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে মোট ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। শীর্ষ ১০ দেশের মধ্যে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর এবং কাতারও রয়েছে।

অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে আসা রেমিট্যান্স (মার্কিন ডলারে)
দেশ
২০২৬-২৭
জুলাই
আগস্ট
সেপ্টেম্বর
অক্টোবর
জুলাই-অক্টোবর
সৌদি আরব
৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার
৫৫ কোটি ৮৬ লাখ ১০ হাজার
৫০ কোটি ৩৬ লাখ ২০ হাজার
৫৪ কোটি ৮৯ লাখ ৮০ হাজার
২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার
যুক্তরাজ্য
৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার
৪৫ কোটি ৮১ লাখ ২০ হাজার
৩৬ কোটি ১৮ লাখ ৩০ হাজার
৩৯ কোটি ৯৯ লাখ
১৬১ কোটি ৬৬ লাখ
যুক্তরাষ্ট্র
২৭ কোটি ৩১ লাখ ৮০ হাজার
২৬ কোটি ৭০ লাখ ২০ হাজার
২৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার
২৭ কোটি ৮৫ লাখ ৮০ হাজার
১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার
সংযুক্ত আরব আমিরাত
২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার
২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার
২৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার
২৪ কোটি ৯১ লাখ ৪০ হাজার
১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার
মালয়েশিয়া
২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার
২২ কোটি ৮৭ লাখ ১০ হাজার
২৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার
২৩ কোটি ৫২ লাখ ২০ হাজার
৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার
ইতালি
২০ কোটি ৩১ লাখ ১০ হাজার
২১ কোটি ২৫ লাখ ৩০ হাজার
১৮ কোটি ৬৬ লাখ
১৬ কোটি ৭৩ লাখ
৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার
কুয়েত

দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স যুক্তরাজ্য থেকে এসেছে। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর এবং কাতার থেকে চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার, ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ৫৫ কোটি ২০ লাখ, ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

সবশেষ গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর আগের আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%