১১:৪২ এম
বরগুনা–পটুয়াখালীসহ দেশের উপকূলজুড়ে কার্তিকের শেষ সপ্তাহে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে। গত তিন-চার দিন ধরে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া জনজীবনে শীতের অনুভূতি আরো বৃদ্ধি করেছে। পুরো উপকূলীয় অঞ্চলে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস, যা যেন আগাম শীতের বার্তা নিয়ে এসেছে প্রকৃতি।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, রাত নামলেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, ফলে দৃষ্টিসীমা কমে যাচ্ছে।
মাছ ধরার নৌকার মাঝিরা জানান, ভোরের দিকে নদীতে কুয়াশার চাদর পড়ে যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে দিনের বেলায় রোদ উঠলেও ঠাণ্ডা বাতাসের দাপটে গরম কাপড় ছাড়া বের হওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বরগুনার বেতাগী পৌর শহরে শীত আগাম বসে যাওয়ায় নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। ভোরে রিকশাচালক, দিনমজুর, কৃষিজীবী ও জেলেরা কাজ করতে গিয়ে শীতে কাঁপছেন। ফুটপাতের খাবারের দোকানগুলোতে বেড়েছে গরম চা-কফির চাহিদা। অপরদিকে, শিশুরা ও বয়স্কদের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়েছে, ইতিমধ্যে সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপকূলে উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক ও ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে যাচ্ছে। শনিবার বরিশালের রাতের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।
শীতের আগমনে কৃষক সমাজ কিছুটা স্বস্তি পেলেও ভোরের শিশিরে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে নাব্যতা কমে যাওয়ায় নদীপথে নৌযান চলাচলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল্লাহ বলেন, ‘শিশুদের ঠাণ্ডা জাতীয় কোনো খাবার খেতে দেওয়া যাবে না। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’
আরও পড়ুন: গাজীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩টি বসতঘর পুড়ে গেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন