ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে


গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট পরীক্ষার কাজে ব্যবহৃত দেশের শেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী বছর টেক্সাসের একটি গবেষণাকেন্দ্রে অবস্থানরত প্রায় ৩৬টি শিম্পাঞ্জিকে লুইজিয়ানার অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে।

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই শিম্পাঞ্জিগুলি একসময় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হতো। ২০১৫ সালে, সংস্থাটি তাদের মালিকানাধীন সব শিম্পাঞ্জিকে গবেষণার কাজ থেকে অবসরে দিয়ে অভয়ারণ্যে পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে।

তবে, বয়স বেশি ও শারীরিক অসুস্থতার কারণে এতদিন তাদের স্থানান্তর সম্ভব হয়নি। সম্প্রতি, অন্য একটি গবেষণাকেন্দ্রের শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর পর কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিককে যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত

প্রাণী অধিকারকর্মীরা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে সরকারি মালিকানাধীন শিম্পাঞ্জি রাখা ও ব্যবহারের অবসান ঘটবে। স্থানান্তর আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


পটিয়ায় ৩০ কৃষককে অপহরণ, মুক্তিপণে ফিরলেন ১৮ জন

চট্টগ্রামের পটিয়ায় পাহাড় থেকে অপহৃত কৃষকদের মধ্যে মুক্তিপণ প্রদান করে ১৮ জন ছাড়া পেয়েছেন। ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পরে, গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয় এবং তারা বাড়িতে ফিরে আসেন। ফিরে আসা কৃষকদের মধ্যে ১২-১৫ জনের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডোমারপাড়া, মাহাদাবাজ ও খরনা কইশ্যাপাড়া এলাকায় অবস্থিত। তাদের মধ্যে আটজন রোহিঙ্গা রয়েছেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল মন্নান ও ফরমান উদ্দীন নাসু, জয়নাল আবেদিন, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম, তানভীর, আবদুল গণি, মোহাম্মদ জাফর, মান্নান ও আইয়ুবের নাম জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে হাইদগাঁও ইউনিয়নের পূর্ব দিকের গহিন পাহাড়ে চাষাবাদের কাজে গেলে ৩০ জন কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মুঠোফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে মুক্তিপণের দাবি করা হয়। একটি পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা পাওয়ার পর প্রথম একজনকে মুক্তি দেওয়া হয়। এভাবে কমবেশি টাকা আদায়ের পর ১৮ জনকে মুক্তি দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে হাইদগাঁওয়ের ডোমারপাড়া এলাকায় ফিরে আসা এক ভুক্তভোগী নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে গহিন পাহাড়ে গেলে সন্ত্রাসীরা আমাদের হাত বেঁধে রাঙ্গুনিয়ার পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় কয়েকজনকে লাঠিপেটা ও বেদম মারধর করা হয়। টাকা পাওয়ার পর বোয়ালখালীর পাহাড়ের পটিয়াসংলগ্ন এলাকায় আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে অটোরিকশায় করে বাড়ি ফিরি।’

আরেক ভুক্তভোগী জানান, পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন না করা হলে শান্তি ফিরবে না। দুই মাস আগে এক কৃষকের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছিল। ঘটনাটি প্রকাশ হলে আবার বিপদে পড়ার ভয়ে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অপহরণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকার কেউ আর গহিন পাহাড়ে যাচ্ছেন না। প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে কেবল এ ধরনের ঘটনা বন্ধ হতে পারে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করেছে, যার ফলে কৃষকরা ফিরে এসেছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অপহৃত সবাই মুক্তি পেয়েছেন। যেসব বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠানো হয়েছে, সেগুলোর সূত্র ধরে পুলিশের একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন কমিশন প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় ১৫ ঘণ্টা বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


নির্বাচন কমিশন প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় ১৫ ঘণ্টা বাড়াল

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তটি প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, যা কমিশনের একতরফা ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহি সম্পর্কে প্রশ্ন তুলেছে প্রার্থীদের মধ্যে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। তবে কমিশন তা বাড়িয়ে ২১ নভেম্বর বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে। ভোটগ্রহণের শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের আগে প্রার্থীদের সঙ্গে আলোচনা না করার অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। কিছু প্রার্থী সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. রফিজুল হক জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে প্রায় ২ হাজার ভোটার ভোট দিতে পারেননি। তিনি বলেন, "ভোটারদের স্বার্থে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই আমরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের গঠনতন্ত্র অনুযায়ীই এই সিদ্ধান্ত নিয়েছি।"

এদিকে, এফ এম আর টি ৯৭ ব্যাচের সভাপতি প্রার্থী মো. ইফতেখারুল আলম হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "কারিগরি ত্রুটির বিষয়ে কমিশনের আগেই সতর্ক হওয়া উচিত ছিল। তারা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের আগে কমিশন তাদের সঙ্গে যোগাযোগ করেনি।"

বিবিএ ৯৫ ব্যাচের সভাপতি পদপ্রার্থী মো. নাজমুল আহসান প্রিন্সও এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তিনি ২০ নভেম্বর রাতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক লিখিত প্রতিবাদপত্রে সময় বাড়ানোর সিদ্ধান্তকে একতরফা ও আপত্তিকর বলে উল্লেখ করেছেন। প্রিন্স বলেন, "প্রকাশিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণের সময় ছিল ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, অথচ ভোটগ্রহণ প্রায় শেষ হওয়ার মুহূর্তে কমিশন প্রার্থীদের না জানিয়ে একতরফাভাবে সময় ১৫ ঘণ্টা বাড়িয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।"

তিনি বর্ধিত সময় প্রত্যাহার, সিদ্ধান্তের বিধিগত কর্তৃত্ব ও কারণ লিখিতভাবে জানানো এবং সব প্রার্থীর জন্য ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিজে কোনো কারিগরি সমস্যায় না পড়লেও নির্বাচনপ্রক্রিয়ার ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তিনি।

তবে কমিশনের সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেছেন আর্কিটেকচার ডিসিপ্লিনের ৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সভাপতি প্রার্থী খুরশীদ আলমেহের তন্ময়। তিনি বলেন, "নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনের যেকোনো সিদ্ধান্তের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্তকে তিনি ব্যক্তিগতভাবে ভালো মনে করছেন।"

নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফজলে রেজা সুমন ভোটারদের সমস্যার কথা জানলেও সময় বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে অবহিত না হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, "ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছি। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরে কমিশন তাকে কারিগরি জটিলতার কথা জানায়। তবে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্তটি তাদের জানানো হয়নি।"

সুমন আরও বলেন, "ভোট গ্রহণের নির্ধারিত সময়সীমা থাকা উচিত। তবে ভোটারদের কাছ থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দিতে না পারার অভিযোগ পেয়েছি। বিষয়টি জানিয়ে ব্যক্তিগতভাবেও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরে তারা কারিগরি জটিলতার কথা জানান। কিন্তু হঠাৎ করে ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত আমাদের জানানো হয়। এ বিষয়ে আমাদের আসলে কিছু বলার নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে নিতে হবে।"

তিনি জানান, বিভিন্ন সময়ে মৌখিকভাবে, ইমেইল ও বার্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে নানা অনুরোধ জানিয়েছেন। সেসব অনুরোধ বিবেচনা করা হলে তারা সন্তুষ্ট হন, আর না হলে অপেক্ষা করা ছাড়া তাঁদের কিছু করার থাকে না।

সময় বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে গঠনতন্ত্রের বিধিগত ভিত্তির কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে, কয়েকজন প্রার্থী সিদ্ধান্ত গ্রহণের আগে তাদের সঙ্গে যোগাযোগ না করা এবং সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই ঘটনায় প্রার্থীদের ভিন্ন অবস্থান খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ বাঁচলে জলজ পরিবেশ ও মানুষের পুষ্টি নিরাপদ হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


মাছ বাঁচলে জলজ পরিবেশ ও মানুষের পুষ্টি নিরাপদ হবে

মাছ শুধুমাত্র খাদ্য নয়; এটি কোটি মানুষের জীবিকা, পুষ্টি, সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নদী, হাওর, বিল, জলাভূমি ও সমুদ্রের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মৎস্যজীবী পরিবারের জীবন। একই সঙ্গে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রাণিজ আমিষ, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজের অন্যতম উৎস মাছ। তবে অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন, দূষণ, আবাসস্থল ধ্বংস এবং মৎস্যসম্পদের অসম বণ্টন এই গুরুত্বপূর্ণ খাতকে ক্রমেই চাপে ফেলছে।

২১ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস। এই দিনটি মৎস্যসম্পদের গুরুত্ব স্মরণ করার পাশাপাশি মৎস্যজীবীদের অধিকার ও মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য জীবিকা এবং নদী-সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নতুন করে সামনে আনে। এবারের আলোচনার কেন্দ্রবিন্দু শুধু মাছের উৎপাদন বাড়ানোর হিসাব নয়, বরং কীভাবে জলজ সম্পদ সংরক্ষণ করে মৎস্যজীবীদের জীবনমান উন্নত করা যায়, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ।

উপযুক্ত কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে, বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০ নভেম্বর যৌথভাবে “এমপাওয়ারিং পিপল ফর চেঞ্জ: অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার, পার্টিকুলারলি ফর ইয়ুথ অ্যান্ড উইমেন” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি হাইব্রিড অনুষ্ঠানের আয়োজন করে। পরিবর্তনের জন্য মানুষের ক্ষমতায়ন, মৎস্য ও জলজ চাষে উপযুক্ত কাজে অগ্রগতি, বিশেষ করে যুব-তরুণ ও নারীদের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ এগিয়ে নেওয়াই এর লক্ষ্য। এতে মৎস্যজীবী ও মৎস্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা, শ্রম অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মৎস্য খাতের উৎপাদন ও বাণিজ্য বাড়লেও এই খাতের শ্রমিকদের বড় অংশ এখনো অনিরাপদ কর্মপরিবেশ, অনিশ্চিত আয়, ঋণের বোঝা, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য এবং সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। মাছ ধরার কাজে ঝড়, জলোচ্ছ্বাস, নৌদুর্ঘটনা ও জলদস্যুতার ঝুঁকি রয়েছে। উপকূলীয় অঞ্চলের অনেক জেলে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যান; কিন্তু দুর্ঘটনায় প্রাণহানি বা নৌযান হারালে তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ কিংবা দীর্ঘমেয়াদি সহায়তা সব সময় নিশ্চিত হয় না।

এফএওর তথ্য অনুযায়ী, বিশ্বে ক্ষুদ্র মৎস্য খাত মোট আহরিত মাছের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে এবং বন্য জলজ মাছ আহরণে নিয়োজিত কর্মীদের প্রায় ৯০ শতাংশের জীবিকার সঙ্গে যুক্ত। প্রায় ৫০ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষুদ্র মৎস্য খাতের ওপর নির্ভরশীল। অথচ এ খাতের মানুষেরা সম্পদ ব্যবস্থাপনা, নীতিনির্ধারণ ও বাজারব্যবস্থায় অনেক সময় যথাযথ প্রতিনিধিত্ব পান না। ফলে মৎস্যসম্পদ রক্ষার পরিকল্পনা প্রণয়নে জেলেদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

বিশ্বে মৎস্য ও জলজ খাদ্য: উৎপাদন বাড়ছে, চাপও বাড়ছে। এফএওর ২০২৬ সালের ‘স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মৎস্য ও জলজ চাষ মিলিয়ে মোট উৎপাদন রেকর্ড ২৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছেছে। এর মধ্যে জলজ প্রাণিজ খাদ্য উৎপাদন ছিল ১৯ কোটি ৫০ লাখ টন। প্রথমবারের মতো জলজ চাষে প্রাণিজ খাদ্য উৎপাদন ১০ কোটি টন ছাড়িয়েছে—যা মোট জলজ প্রাণিজ খাদ্য উৎপাদনের ৫৩ শতাংশ। অন্যদিকে, প্রাকৃতিক জলাশয় থেকে মাছ আহরণ হয়েছে প্রায় ৯ কোটি ২০ লাখ টন।

২০২৪ সালে উৎপাদিত জলজ প্রাণিজ খাদ্যের ৮৯ শতাংশ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশ্বে ৩১০ কোটির বেশি মানুষ প্রাণিজ আমিষের অন্তত এক-পঞ্চমাংশের জন্য জলজ খাদ্যের ওপর নির্ভরশীল। এ খাতের সঙ্গে বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি মানুষের জীবিকা যুক্ত। তবে উৎপাদন ও বাণিজ্য বাড়লেও এর সুফল সব অঞ্চল ও জনগোষ্ঠীর কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।

২০২৩ সালে বিশ্বে সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ের মাছের ৭২ দশমিক ৬ শতাংশ আহরণ করা হয়েছে টেকসই মজুত থেকে। অর্থাৎ উল্লেখযোগ্য অংশের মাছের মজুত এখনো অতিরিক্ত আহরণের চাপে রয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবনতি, অর্থনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক পরিস্থিতিও মৎস্য খাতের ওপর নতুন চাপ তৈরি করছে। উচ্চমাত্রার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে কয়েকটি অঞ্চলে আহরণযোগ্য মাছের জৈবভর ১০ শতাংশের বেশি কমে যেতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

এই পরিসংখ্যান যে গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে তাহলো- মানুষের খাদ্যচাহিদা মেটাতে উৎপাদন বাড়ানো প্রয়োজন, কিন্তু প্রাকৃতিক সম্পদের ধারণক্ষমতা অগ্রাহ্য করে উৎপাদন বাড়ানোর চেষ্টা দীর্ঘ মেয়াদে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই জলজ চাষের সম্প্রসারণের পাশাপাশি নদী, হাওর, বিল, মোহনা ও সমুদ্রের প্রাকৃতিক পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের মৎস্য খাত: উৎপাদনে অগ্রগতি, প্রাকৃতিক জলাশয়ে উদ্বেগ। নদীমাতৃক বাংলাদেশে মাছের সঙ্গে মানুষের সম্পর্ক ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির গভীরে প্রোথিত। ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয়ের পেছনে রয়েছে নদী, খাল, বিল, হাওর, প্লাবনভূমি ও বঙ্গোপসাগরের দীর্ঘ ইতিহাস। দেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ে মৎস্য খাতের অবদান গুরুত্বপূর্ণ।

মৎস্য অধিদপ্তরের ‘ফিশারিজ স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ ২০২৩-২৪’ বর্ষপুস্তক অনুযায়ী, ওই অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার মেট্রিক টন। এর মধ্যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে আহরণ ১৪ লাখ ১২ হাজার টন, বদ্ধ জলাশয়ে চাষ ২৯ লাখ ৭৮ হাজার টন এবং সামুদ্রিক উৎস থেকে উৎপাদন ৬ লাখ ২৯ হাজার টন। মোট উৎপাদনের ৮৭ দশমিক ৪৭ শতাংশ এসেছে অভ্যন্তরীণ উৎস থেকে। ওই অর্থবছরে সামগ্রিক উৎপাদন বৃদ্ধির হার ছিল ২ দশমিক ১১ শতাংশ; তবে সামুদ্রিক মৎস্য উৎপাদনে আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

এই পরিসংখ্যানের দুটি দিক রয়েছে। একদিকে, পুকুর ও অন্যান্য বদ্ধ জলাশয়ে মাছ চাষের সম্প্রসারণ দেশের মোট উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রেখেছে। উন্নত পোনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। অন্যদিকে, প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভরশীল মাছ ও মৎস্যজীবীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ চাষের মাছের উৎপাদন বাড়লেও তা নদী, হাওর, বিল ও প্লাবনভূমির জীববৈচিত্র্য কিংবা প্রাকৃতিক মৎস্যসম্পদের পরিবেশগত ভূমিকার বিকল্প হতে পারে না।

দেশের সামুদ্রিক মৎস্য খাতও বিশেষ গুরুত্বের দাবিদার। মৎস্য অধিদপ্তরের বর্ষপুস্তক বলছে, ২০২৩-২৪ অর্থবছরে সামুদ্রিক উৎস থেকে ৬ লাখ ২৯ হাজার টন মাছ উৎপাদিত হয়েছে। এ খাতে ২৩৭টির বেশি শিল্প ট্রলার এবং ২৮ হাজার ৫৭৫টির বেশি ক্ষুদ্র ও কারিগরি নৌযান যুক্ত ছিল। সামুদ্রিক আহরণের বড় অংশই এসেছে ক্ষুদ্র ও কারিগরি মৎস্যজীবীদের কাছ থেকে। ফলে সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা, মাছ ধরার মৌসুম, নিষেধাজ্ঞা, নিরাপত্তা ও বাজারব্যবস্থা নির্ধারণে তাদের স্বার্থ রক্ষা অপরিহার্য।

মৎস্যজীবীদের অধিকার ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য খাতের উন্নয়ন বলতে শুধু মাছের উৎপাদন বৃদ্ধি কিংবা রপ্তানি আয় বাড়ানো বোঝায় না। এই খাতের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনমান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। মাছ ধরার নৌকা, জাল, জ্বালানি ও অন্যান্য সরঞ্জামের খরচ বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন ব্যয় বাড়ছে। অথচ বাজারে মাছের ন্যায্য দাম অনেক সময় তারা পান না। আড়তদার, মহাজন ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতার কারণে অনেক জেলেকে আগাম ঋণ নিয়ে মাছ ধরতে যেতে হয়। পরে আহরিত মাছ কম দামে বিক্রি করে সেই ঋণ শোধ করতে গিয়ে তারা ঋণের চক্রে আটকে পড়েন।

নদী ও সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের সময়ও জেলেদের জীবিকা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা কিংবা নির্দিষ্ট এলাকায় আহরণ নিষিদ্ধ করা মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজনীয়। কিন্তু বিকল্প কর্মসংস্থান, পর্যাপ্ত খাদ্যসহায়তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিষেধাজ্ঞার পুরো চাপ গিয়ে পড়ে দরিদ্র জেলে পরিবারের ওপর। ফলে কেউ কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে বাধ্য হন। এতে সংরক্ষণ উদ্যোগের উদ্দেশ্যও ব্যাহত হয়।

তাই নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য পর্যাপ্ত ও সময়মতো খাদ্যসহায়তা, নগদ অর্থ, স্বল্পসুদে ঋণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সহায়তা প্রকৃত জেলেদের হাতে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্বচ্ছ নিবন্ধন ও স্থানীয় পর্যায়ে জবাবদিহি প্রয়োজন। একই সঙ্গে মাছ ধরার কাজে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনা ও জীবনবিমা, নিরাপদ নৌযান, আবহাওয়ার আগাম সতর্কবার্তা, উদ্ধারব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

নারীদের অবদানও মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ বাছাই, পরিষ্কার, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং চাষের কাজে অসংখ্য নারী যুক্ত থাকলেও তাদের অনেকের শ্রম আনুষ্ঠানিক স্বীকৃতি পায় না। অনেক ক্ষেত্রে তারা কম মজুরি পান, নিরাপদ কর্মপরিবেশের অভাব থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হন। এফএওর ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, মৎস্য ও জলজ চাষের প্রাথমিক উৎপাদন পর্যায়ে নিয়োজিতদের মধ্যে নারীর অংশগ্রহণ ছিল ২৪ শতাংশ; আর মাছ ধরার পরবর্তী প্রক্রিয়াজাতকরণ ও সংশ্লিষ্ট কাজে তাদের অংশগ্রহণ ছিল ৬২ শতাংশ। এই তথ্য দেখায়, মাছের উৎপাদন থেকে ভোক্তার থালায় পৌঁছানো পর্যন্ত পুরো ব্যবস্থায় নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশেও মৎস্য খাতে নারীদের শ্রমের স্বীকৃতি, ন্যায্য মজুরি, প্রশিক্ষণ, ঋণসুবিধা ও বাজারে প্রবেশাধিকার বাড়ানো জরুরি। পাশাপাশি তরুণদের জন্য আধুনিক মাছ চাষ, হ্যাচারি ব্যবস্থাপনা, মাছের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন ও বিপণনে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে খাতটি নতুন প্রযুক্তি ও উদ্যোগের সঙ্গে যুক্ত হবে।

সামুদ্রিক সম্পদ সংরক্ষণ: বঙ্গোপসাগরের সম্ভাবনা ও ঝুঁকি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বঙ্গোপসাগরের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক শৈবালসহ বিভিন্ন জলজ সম্পদ দেশের খাদ্য, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের বড় সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু সমুদ্রের সম্পদ অসীম নয়। নির্দিষ্ট প্রজাতির মাছের প্রজননক্ষমতা, সমুদ্রের পরিবেশ এবং খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হলে মাছের মজুত কমে যেতে পারে।

অতিরিক্ত মাছ আহরণ সামুদ্রিক সম্পদের অন্যতম বড় হুমকি। বিশেষ করে প্রজননক্ষম হওয়ার আগেই ছোট মাছ ধরে ফেলা হলে পরবর্তী সময়ে মাছের সংখ্যা বাড়ার সুযোগ কমে যায়। নিষিদ্ধ বা অতিক্ষুদ্র ফাঁসের জাল ব্যবহার, অনিয়ন্ত্রিত ট্রলিং, প্রজননক্ষেত্র ধ্বংস এবং সামুদ্রিক সংরক্ষিত এলাকায় নিয়ম না মেনে মাছ ধরা—এসব কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ, শিল্পবর্জ্য, তেল নিঃসরণ এবং উপকূলীয় উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবও সামুদ্রিক প্রাণীর আবাসস্থলকে ঝুঁকিতে ফেলছে।

সামুদ্রিক সম্পদ সংরক্ষণে বাংলাদেশের কিছু উদ্যোগ রয়েছে। মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ সালের বর্ষপুস্তক অনুযায়ী, বঙ্গোপসাগরে ৬৯৮ বর্গকিলোমিটার সামুদ্রিক সংরক্ষিত এলাকা এবং ১ হাজার ৭৩৮ বর্গকিলোমিটার সামুদ্রিক সুরক্ষিত এলাকা ঘোষণার কথা উল্লেখ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ও সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলকেও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের সঙ্গে যুক্ত করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু এলাকা ঘোষণা করলেই সংরক্ষণ নিশ্চিত হয় না; নিয়মিত নজরদারি, বৈজ্ঞানিক গবেষণা, আইন প্রয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণও প্রয়োজন।

বিশেষ করে সামুদ্রিক মাছের মজুত সম্পর্কে নিয়মিত গবেষণা, প্রজাতিভিত্তিক আহরণের সীমা নির্ধারণ এবং মাছ ধরার নৌযানের কার্যক্রম পর্যবেক্ষণ জোরদার করতে হবে। অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ বন্ধে আধুনিক নজরদারি প্রযুক্তি, নৌ-টহল এবং জেলেদের সঙ্গে সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। সমুদ্রের সম্পদ রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও তথ্য বিনিময় ও সহযোগিতা বাড়াতে হবে, কারণ সামুদ্রিক মাছের চলাচল কোনো দেশের সীমানায় আটকে থাকে না।

নদী-হাওর-বিলের সংকট: প্রাকৃতিক মৎস্যসম্পদ কেন কমছে। বাংলাদেশের মৎস্যসম্পদের বড় অংশ একসময় নদী, খাল, বিল, হাওর ও প্লাবনভূমি থেকে আসত। বর্ষায় বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেলে মাছের প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হতো। কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়া, খাল ভরাট, জলাভূমি দখল, অপরিকল্পিত বাঁধ ও সড়ক নির্মাণ, পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং শিল্পবর্জ্য ও কৃষি রাসায়নিকের দূষণে অনেক প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ বদলে গেছে।

২০০১-০২ থেকে ২০২২-২৩ অর্থবছরের মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের আয়তন ১০ লাখ ৫০ হাজার হেক্টরের বেশি কমেছে, যা প্রায় ২১ দশমিক ৫২ শতাংশ। ওই বিশ্লেষণে জলাশয় সংকোচনের পেছনে নদী-খাল ভরাট, শিল্পবর্জ্য, নগর বর্জ্য, কৃষি রাসায়নিক এবং ক্ষতিকর জালের ব্যবহারকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ার অর্থ শুধু মাছের উৎপাদন কমে যাওয়া নয়; এর সঙ্গে হারিয়ে যায় দেশি মাছের প্রজননক্ষেত্র, জলজ উদ্ভিদ, পোকামাকড়, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল। অনেক প্রজাতির মাছের জীবনচক্র নদী, প্লাবনভূমি ও জলাভূমির পারস্পরিক সংযোগের ওপর নির্ভরশীল। নদীর সঙ্গে বিল বা হাওরের স্বাভাবিক যোগাযোগ বন্ধ হলে মাছের চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হয়।

তাই জলাশয় সংরক্ষণকে মৎস্য উৎপাদন পরিকল্পনার কেন্দ্রীয় অংশ করতে হবে। নদী-খাল-বিলের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং মাছের প্রজননক্ষেত্র পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে জলজ পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাবও যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।

জলবায়ু পরিবর্তন: মৎস্য খাতের নতুন বাস্তবতা। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মৎস্য খাতের জন্য ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, পানির তাপমাত্রা পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ মাছের প্রজনন, বিচরণ, খাদ্য গ্রহণ এবং বেঁচে থাকার ওপর প্রভাব ফেলছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়লে মিঠাপানির মাছের আবাসস্থল সংকুচিত হয়। অন্যদিকে অতিবৃষ্টি বা বন্যায় মাছের ঘের ভেসে গেলে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সামুদ্রিক মাছের বিস্তৃতি ও প্রজনন মৌসুমেও পরিবর্তন আনতে পারে। পানির তাপমাত্রা বেড়ে গেলে কিছু প্রজাতি অপেক্ষাকৃত শীতল পানির দিকে সরে যায়। এতে প্রচলিত মাছ ধরার এলাকা ও মৌসুম বদলে যেতে পারে। ফলে জেলেদের পরিচিত মাছ ধরার জায়গায় আগের মতো মাছ পাওয়া কঠিন হয়ে পড়ে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে যাওয়ার সময়ও কমে যায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত ওশান অ্যান্ড কোস্টাল ম্যানেজমেন্ট সাময়িকীর একটি গবেষণায় ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ও সুশাসনের মান কীভাবে দেশের সামুদ্রিক অর্থনীতি ও মৎস্য উৎপাদনকে প্রভাবিত করছে। গবেষণাটিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষয় দীর্ঘ মেয়াদে মৎস্য উৎপাদনকে দুর্বল করে; অন্যদিকে উন্নত শাসনব্যবস্থা ও শ্রমশক্তির অংশগ্রহণ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে।

এই বাস্তবতায় জলবায়ু-সহনশীল মাছ চাষের প্রযুক্তি, লবণাক্ততা সহনশীল প্রজাতি, উন্নত পানি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, আগাম সতর্কবার্তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জেলে ও চাষিদের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং বীমা সুবিধা চালু করা প্রয়োজন।

মাছের পুষ্টিগুণ: শুধু আমিষ নয়, শরীরের জন্য প্রয়োজনীয় নানা উপাদান। মাছ বাংলাদেশের মানুষের খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সহজলভ্য প্রাণিজ আমিষের উৎস হিসেবে মাছের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে মাছের পুষ্টিগুণ শুধু প্রোটিনে সীমাবদ্ধ নয়। মাছ থেকে শরীর প্রয়োজনীয় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন বি১২, আয়োডিন, সেলেনিয়াম, আয়রন, জিংক ও ক্যালসিয়াম পেতে পারে। মাছের প্রজাতি, খাদ্যাভ্যাস, বসবাসের পরিবেশ এবং প্রস্তুতপ্রণালির ওপর পুষ্টি উপাদানের পরিমাণ নির্ভর করে।

মাছের প্রোটিন শরীরের কোষ ও পেশি গঠন এবং ক্ষয়পূরণে সহায়তা করে। মাছের কিছু প্রজাতিতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড—বিশেষত ইপিএ ও ডিএইচএ—হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। গর্ভাবস্থা ও শিশুর বিকাশের ক্ষেত্রেও মাছের পুষ্টি গুরুত্বপূর্ণ হতে পারে। মাছের ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্র ও রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে; ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ছোট মাছ কাঁটাসহ খেলে ক্যালসিয়াম পাওয়ার সুযোগও তৈরি হয়।

২০২৫ সালের ৩০ মে এফএও প্রকাশিত এক তথ্যে বলা হয়েছে, মাছ ও অন্যান্য জলজ খাদ্য প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির পাশাপাশি আয়োডিন, সেলেনিয়াম, আয়রন, জিংক, ক্যালসিয়াম এবং ভিটামিন এ, ডি ও বি১২-এর উৎস। সংস্থাটি মাছের পুষ্টিগুণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে।

মাছ খাওয়ার স্বাস্থ্যগত সুফল ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে এফএও ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি হালনাগাদ বৈজ্ঞানিক পর্যালোচনা প্রকাশ করে। এতে ২০১০ সালের আগের মূল্যায়নের পর প্রকাশিত নতুন গবেষণা ও তথ্য পর্যালোচনা করা হয়েছে। গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল মাছ খাওয়ার স্বাস্থ্যগত উপকারিতা, পারদজাতীয় মিথাইলমারকারি, ডাইঅক্সিন, ডাইঅক্সিনসদৃশ রাসায়নিক এবং এসব দূষকের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি। অর্থাৎ মাছের পুষ্টিগুণের পাশাপাশি কোন প্রজাতিতে কী ধরনের দূষণ থাকতে পারে, সেটিও বিবেচনায় রাখা জরুরি।

এ কারণে মাছের পুষ্টিগুণের সুফল পেতে নিরাপদ উৎস থেকে মাছ সংগ্রহ, স্বাস্থ্যসম্মত সংরক্ষণ ও সঠিকভাবে রান্না করা প্রয়োজন। দূষিত পানি থেকে আহরিত মাছ কিংবা অনিরাপদভাবে প্রক্রিয়াজাত মাছ খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি করতে পারে। শিল্পবর্জ্য ও ভারী ধাতু দূষণ নিয়ন্ত্রণ, মাছের মান পরীক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা তাই জনস্বাস্থ্যেরও বিষয়।

টেকসই মৎস্য আহরণ: আজকের চাহিদা, আগামী প্রজন্মের অধিকার। টেকসই মৎস্য আহরণের মূলনীতি হলো—প্রাকৃতিক জলজ সম্পদ এমনভাবে ব্যবহার করা, যাতে বর্তমান প্রজন্মের খাদ্য ও জীবিকার চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মাছের মজুত ও জলজ পরিবেশ অক্ষত থাকে। অর্থাৎ যত বেশি সম্ভব মাছ ধরাই লক্ষ্য হতে পারে না; বরং কতটুকু আহরণ করলে মাছের প্রজনন ও প্রাকৃতিক পুনরুৎপাদন ব্যাহত হবে না, তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করতে হবে।

এ জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ:

প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা: প্রজননক্ষম মাছ ও পোনা রক্ষায় নির্দিষ্ট সময় ও এলাকায় আহরণ নিষিদ্ধ করতে হবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প জীবিকা ও সহায়তা নিশ্চিত করতে হবে।

ক্ষতিকর জাল ও সরঞ্জাম নিয়ন্ত্রণ: কারেন্ট জাল, অতিক্ষুদ্র ফাঁসের জাল এবং পোনা ধ্বংসকারী সরঞ্জামের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও সচেতনতা প্রয়োজন।

মাছের মজুতের বৈজ্ঞানিক মূল্যায়ন: নদী, হাওর, বিল ও সমুদ্রে প্রজাতিভিত্তিক মাছের সংখ্যা, প্রজননকাল ও আহরণের পরিমাণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

জলাশয়ের আবাসস্থল রক্ষা: নদী, খাল, বিল, মোহনা, ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক প্রজননক্ষেত্র সংরক্ষণ করতে হবে।

জেলেদের অংশগ্রহণ নিশ্চিত করা: স্থানীয় জেলেদের অভিজ্ঞতা ও মতামত ছাড়া সংরক্ষণ পরিকল্পনা কার্যকর করা কঠিন। তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।

মাছের অপচয় কমানো: মাছ ধরার পর বরফ, সংরক্ষণাগার, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের উন্নত ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে আহরিত মাছের বড় অংশ নষ্ট না হয়।

মৎস্য অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তর, জেলে সংগঠন এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ছাড়া এসব পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব নয়। বিশেষ করে গবেষণার তথ্যকে নীতিনির্ধারণে ব্যবহার করতে হবে। শুধু উৎপাদনের পরিমাণ নয়, মাছের প্রজাতিগত বৈচিত্র্য, প্রাকৃতিক মজুত, জলাশয়ের স্বাস্থ্য এবং মৎস্যজীবীদের আয়-নিরাপত্তাকেও উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করতে হবে।

জলজ চাষের সম্ভাবনা ও নতুন চ্যালেঞ্জ

বিশ্বে মাছের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে জলজ চাষের গুরুত্বও বাড়ছে। বাংলাদেশে পুকুর, ঘের, খাঁচা, বায়োফ্লকসহ বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষের বিস্তার ঘটেছে। উন্নত পোনা, মানসম্মত খাদ্য, পানির গুণাগুণ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ এবং আধুনিক ব্যবস্থাপনা উৎপাদন বাড়াতে সহায়তা করছে। তবে জলজ চাষের সম্প্রসারণও পরিবেশগত ও অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জ তৈরি করছে।

মানহীন পোনা, নিম্নমানের মাছের খাদ্য, অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ, অ্যান্টিবায়োটিক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, রোগের প্রাদুর্ভাব এবং উৎপাদন খরচ বৃদ্ধি চাষিদের জন্য বড় সমস্যা। অনেক ক্ষেত্রে খাদ্যের দাম বাড়লেও মাছের বাজারদর সেই অনুপাতে বাড়ে না। ফলে ক্ষুদ্র চাষিরা লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়েন।

টেকসই জলজ চাষের জন্য মানসম্মত পোনা উৎপাদন, রোগ প্রতিরোধ, পরিবেশবান্ধব খাদ্য, পানির গুণমান পর্যবেক্ষণ এবং নিরাপদ ওষুধ ব্যবহারের নিয়ম নিশ্চিত করতে হবে। চাষের বর্জ্য যেন পাশের নদী বা খালে গিয়ে দূষণ না ঘটায়, সেদিকেও নজর দিতে হবে। পাশাপাশি ধান ও মাছের সমন্বিত চাষ, স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার বাড়ানো যেতে পারে।

ভবিষ্যতের মৎস্য খাত: প্রযুক্তি, গবেষণা ও ন্যায্য বাজার। আগামী দিনের মৎস্য খাতকে টেকসই করতে প্রযুক্তি ও গবেষণার ব্যবহার বাড়ানো অপরিহার্য। মাছের প্রজাতি শনাক্তকরণ, পানির গুণাগুণ পর্যবেক্ষণ, মাছের রোগ নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস এবং মাছ ধরার নৌযান পর্যবেক্ষণে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্যাটেলাইট তথ্য, জিপিএস, মোবাইল অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ ব্যবহার করে মাছের সম্ভাব্য বিচরণক্ষেত্র ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

তবে প্রযুক্তি যেন শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান বা বড় চাষিদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ক্ষুদ্র মৎস্যজীবী ও চাষিদের জন্য সহজলভ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, স্বল্পসুদে ঋণ এবং তথ্যসেবা নিশ্চিত করতে হবে। সমুদ্রের আবহাওয়া ও ঝড়ের আগাম বার্তা সহজ ভাষায় জেলেদের মোবাইলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে মাছ ধরার নৌযানের নিরাপত্তা সরঞ্জাম, যোগাযোগব্যবস্থা এবং উদ্ধার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বাজারব্যবস্থার সংস্কারও জরুরি। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দীর্ঘ সরবরাহব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা বেশি হলে জেলে ও চাষিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। মাছের জন্য আধুনিক সংরক্ষণাগার, বরফকল, শীতল পরিবহন, মানসম্মত আড়ত ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুললে অপচয় কমবে। সমবায়ভিত্তিক বিপণন ও ডিজিটাল বাজারব্যবস্থা জেলে ও চাষিদের দর-কষাকষির ক্ষমতা বাড়াতে পারে।

রপ্তানি বাজারেও মান নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব বাড়ছে। ফলে দেশের মাছ ও মাছজাত পণ্যের বাজার সম্প্রসারণ করতে হলে উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে মান নিশ্চিত করতে হবে।

নীতিনির্ধারণে যে বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া দরকার। বাংলাদেশের মৎস্য খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রথমত, নদী, খাল, বিল, হাওর ও উপকূলীয় জলাশয়কে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে দখল ও দূষণ বন্ধ করতে হবে।

দ্বিতীয়ত, মৎস্যজীবীদের পরিচয় নিবন্ধন, সামাজিক সুরক্ষা, দুর্ঘটনা ও জীবনবিমা, ন্যায্য বাজারমূল্য এবং নিষেধাজ্ঞাকালীন সহায়তা নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, সামুদ্রিক ও অভ্যন্তরীণ মৎস্যসম্পদের বৈজ্ঞানিক জরিপ নিয়মিত করতে হবে, যাতে মাছের মজুতের ভিত্তিতে আহরণের সীমা নির্ধারণ করা যায়।

চতুর্থত, জলজ চাষে পরিবেশবান্ধব প্রযুক্তি, মানসম্মত পোনা ও খাদ্য, রোগ নিয়ন্ত্রণ এবং নিরাপদ উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।

পঞ্চমত, মৎস্য খাতে নারীর শ্রমের স্বীকৃতি, ন্যায্য মজুরি ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ষষ্ঠত, তরুণদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে হবে।

সর্বোপরি, মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠী, গবেষক, প্রশাসন ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

মাছ বাঁচলে বাঁচবে জীবিকা, পুষ্টি ও প্রকৃতি। বিশ্ব মৎস্য দিবস কেবল মাছের উৎপাদন বা বাণিজ্যের হিসাব করার দিন নয়; এটি জলজ সম্পদের সঙ্গে মানুষের সম্পর্ক, মৎস্যজীবীদের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিয়ে ভাবার দিন। মাছের চাহিদা বাড়ছে, জলজ চাষ সম্প্রসারিত হচ্ছে, প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। কিন্তু নদী-সমুদ্রের পরিবেশ নষ্ট হলে কিংবা মাছের প্রাকৃতিক মজুত কমে গেলে এই অগ্রগতি দীর্ঘস্থায়ী হবে না।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটি আরও গুরুত্বপূর্ণ। কারণ দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা মাছের সঙ্গে জড়িত। একদিকে উৎপাদন বাড়াতে হবে, অন্যদিকে প্রাকৃতিক জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, আবার মাছের প্রজনন ও প্রাকৃতিক পুনরুৎপাদনের সুযোগও অক্ষুণ্ন রাখতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই টেকসই মৎস্য ব্যবস্থাপনার মূল লক্ষ্য।

মনে রাখতে হবে, নদী শুকিয়ে গেলে, জলাভূমি হারিয়ে গেলে কিংবা সমুদ্রের মাছের মজুত নিঃশেষ হলে শুধু জেলেদের জীবিকা নয়, দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তাই মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের আবাসস্থল রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, দায়িত্বশীল আহরণ এবং মৎস্যজীবীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। মাছ বাঁচলে বাঁচবে জলজ পরিবেশ, নিরাপদ হবে মানুষের পুষ্টি, সুরক্ষিত হবে মৎস্যজীবীদের ভবিষ্যৎ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের দেশজ কাব্যধারা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের দেশজ কাব্যধারা

জসীমউদ্‌দীন, ফররুখ আহমদ এবং আল মাহমুদের কবিতায় গ্রাম, প্রকৃতি, দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের কবিতায় তিনজনই নিজস্ব ধারা প্রতিষ্ঠা করেছেন। তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কবিতার মূল উপাদান হিসেবে তুলে ধরেছেন। চর্যাপদ থেকে শুরু করে রাখালী-সোজন বাদিয়ার ঘাট এবং সাত সাগরের মাঝি থেকে সোনালী কাবিনÑ বাংলাদেশের কবিতার মূলধারার প্রতিনিধিত্ব করে।

চর্যাপদের ১১নং পদের কর্তা কাহ্নপা বলেন,

‘মা আমোহ সমুদারে অন্ত ন বুঝসি থাহা।
আগে নাবণ ভেলা দীসই ভান্তি ন পূছসি নাহা॥’

এই পদে কামলা অর্থাৎ শ্রমজীবীদের শোষণ ও অত্যাচারের একটি চিত্র ফুটে উঠেছে। তারা নৌকার হাল টেনে মাছ ধরার সময় অত্যাচারের শিকার হতেন। মানুষের অধিকার ও বৈষম্যমুক্তির বাণী জসীমউদ্‌দীন, ফররুখ এবং আল মাহমুদের সৃষ্টিতে উচ্চকিত হয়েছে, যার প্রথম বিবরণ চর্যাপদে পাওয়া যায়।

জসীমউদ্‌দীন গ্রাম ও প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে চিত্রিত করেছেন। তিনি কাহিনিকাব্যের রীতিতে জনপ্রিয় কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ রচনা করেছেন। তার কবিতা বাংলাদেশের রূপে রূপময়।

ফররুখ আহমদ বাংলাদেশের একজন কবি। তার কবিতায় বাংলাদেশের আত্মপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র উপস্থাপন করেছেন। আল মাহমুদের কবিতায়ও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ দেখা যায়। বিশেষ করে ‘সোনালী কাবিন’, ‘পাখির কাছে ফুলের কাছে’ ও ‘আরব্য রজনীর রাজহাঁস’ প্রভৃতিতে। তাছাড়া আল মাহমুদ নতুন প্রজন্মকে জসীমউদ্‌দীনকে অনুসরণের জন্য প্রেরণা দিতেন।

সোজন বাদিয়ার ঘাট ১৯৩৩ সালে প্রকাশিত হয়। বইটির প্রচারে দীনেশচন্দ্র সেনের অবদান উল্লেখযোগ্য। তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, ‘এই পুস্তকে গ্রাম্য কাহিনীর বর্ণনা করিতে লেখক অনেক ভূতপ্রেতের নাম উল্লেখ করিয়া নূতন প্রকাশভঙ্গিতে যে বীররসের সমাবেশ করিয়াছেন, তাহা বাংলা-সাহিত্যে অভিনব।… আমি হিন্দু। আমার কাছে বেদ পবিত্র, ভাগবত পবিত্র। কিন্তু ‘সোজন বাদিয়ার ঘাট’ পুস্তকখানি তাহার চাইতেও পবিত্র, কারণ ইহাতে আমার বাংলাদেশের মাটির মানুষগুলির কাহিনী আছে।’

অথচ জসীমউদ্‌দীনকে আমরাই অতটা বাংলাদেশের করে বুকে তুলে নিতে পারিনি, যতটা নিয়েছি তিরিশের আন্দোলনকারীদের। জসীমউদ্‌দীন আমাদের জাতীয় জীবনের কবি, বাংলাদেশের সত্তার কবি, আমাদের চেতনার কবি। তিনি বাংলাদেশের চিরদিনের কবি, বাংলাদেশি রুচিবোধের কবি।

সমালোচকের ভাষায়—‘জসীমউদ্‌দীন যে সমস্ত উপমা ব্যবহার করেছেন, সেগুলোর উপাদান গ্রাম থেকে সংগৃহীত, কিন্তু উপমার ব্যাখ্যাসূত্র প্রধানত নাগরিক। সেদিক থেকে জসীমউদ্‌দীন আধুনিক কবি, মোটেও পল্লীকবি নন।’

আবু সয়ীদ আইয়ুব আধুনিক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এক হিসাবে যারাই আধুনিক কালে কবিরূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন প্রতিভা ও সাধনার যুগ্ম অধিকারে, তারাই আধুনিক কবি—যুগলক্ষণ অধিকৃত না হলেও।’

এছাড়া তার কবিতার উপাদান দেশজ, বুনন-বয়ন চিরায়ত বাংলা কবিতার। কয়েকটি উদাহরণ—

কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু
গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।

(নক্সী-কাঁথার মাঠ)

কাল সে আসিবে, মুখখানি তার নতুন চরের মত
চখা আর চখী নরম ডানায় মুছায়ে দিয়াছে কত।

(কাল সে আসিবে)

ওগো কল্যাণী! কহ কহ তুমি কেবা দরবেশ
তোমার লাগিয়া মন-মোমবাতি পুড়ায়ে করিল শেষ!

(রূপবতী)

লাল মোরগের পাখার মত ওড়ে তাহার শাড়ী
ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘ নাড়ী।

(নক্সী-কাঁথার মাঠ)

নজরুল বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার তরুণদের রক্তে এনে দিয়েছিলেন উদ্দামতা। আর জসীমউদ্‌দীন যুদ্ধ-পরবর্তী সময়ে তরুণদের মনে এনে দিয়েছিলেন শান্তির কোমলতা, যার উপকরণ ছিল বাংলাদেশের পল্লিপ্রকৃতি। চিরায়ত পল্লিজনদের সংসারের নানা কথা গ্রথিত হয়েছে তার নানা কাব্যে।

ফররুখ আহমদের ‘বৃষ্টি’ কবিতায় প্রকৃতি—

বৃষ্টি এল... বহু প্রতীক্ষিত বৃষ্টি! Ñপদ্মা মেঘনার
দুপাশে আবাদী গ্রামে, বৃষ্টি এল পুবের হাওয়ায়,
বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়:
বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,
নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

আল মাহমুদের কবিতায় গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতার প্রভাবই প্রধান। তার কাব্যিক জীবনে গ্রামীণ জীবনের প্রতি গভীর অনুরাগ এবং দেশজ উপাদানকে ব্যবহার করার প্রবণতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

সোনালী কাবিনে চিরায়ত বাংলার দেশজ শব্দচয়নের যে ব্যবহার, তা চর্যাপদের ধারা বহন করে। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের জীবন ও দর্শন এবং সোনালী কাবিনে বাংলাদেশের মানুষের জীবন ফুটিয়ে তোলা হয়েছে।

ভারতীয় বাঙালি লেখক অনুপম মুখোপাধ্যায় ‘আল মাহমুদ এবং সোনালী কাবিন’ প্রবন্ধে লিখেছেন, “আল মাহমুদ এমনই একজন কবি। এরকমই কবি হুইটম্যান, হোসে মার্তি, লোরকা, পাবলো নেরুদা, নজরুল ইসলাম। হ্যাঁ, আমাদের সৌভাগ্য, আমাদের সমসময়ে আল মাহমুদ এমনই একজন কবি। এবং ‘সোনালী কাবিন’ হল সেই কাব্যগ্রন্থ, যা ভাষা এবং সংস্কৃতিকে একীকৃত করেছে।”

কিন্তু ‘সোনালী কাবিন’ যে বাংলায় লেখা, সেখানে কৃষ্ণনগরীয় প্রাতিষ্ঠানিক বাংলা ভাষার লেনদেন আছে। স্বীকৃত সামাজিক বাক্যবিধি ও শব্দসংস্থান আমরা পাই এই বইটিতে। যে ভাষায় লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সমর সেন বা যে কোনো কবিই, এ হল সেই ভাষার ধারা।

‘পৃথিবীর সবকটি সাদা কবুতর/ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে’...এ আন্তর্জাতিক উচ্চারণ আল মাহমুদের।

‘সোনালী কাবিন’ একজন বাঙালি বেদুইনের মুখোমুখি করে দেয় আমাদের। একই সঙ্গে মরু-সরলতা ও শ্যামল অলজ্জতা আমরা দেখতে পাই কবির চরিত্রে। এই ঘটনা একমাত্র নজরুল ইসলামের মধ্যে ঘটতে পেরেছিল, কিন্তু তা অন্য মাত্রায় ও গুণে। আল মাহমুদ একজন পুরুষজাতীয় কবি, ঠিক ততটাই যতটা একজন ওমর খৈয়াম। সেই পুরুষ, যাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা রোদন করতে দেখি বটে, কিন্তু কাঁদতে দেখি না। পুরুষের কামনা যে আদতে এক অর্ঘ্য, ‘সোনালী কাবিন’ পড়ে বুঝতে পারি।

তুলসীতলার প্রদীপ আর পারস্য প্রদীপের মিলন ‘সোনালী কাবিন’-এর প্রতিটি কবিতায় ঘটতে পেরেছে। আজানের সঙ্গে মিলে গেছে আবাহনের সুর। অপরিসীম বিষাদের অভিজ্ঞতা এবং আনন্দের বাস্তব ও কাল্পনিক স্মৃতিগুলো এখানে মুখর হয়েছে।

আল মাহমুদের কবিতাগুলোর মূল উপজীব্য ছিল বাংলাদেশের চিরায়ত সৌন্দর্য, যেখানে সবুজ ধানক্ষেত, নদী এবং নির্মল জীবন বিশেষভাবে উল্লেখযোগ্য।

জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের কাব্যধারায় কিছু মৌলিক পার্থক্য থাকলেও বাংলাদেশের কবিতার মূলধারায় তারা অভিন্ন এবং সমন্বয়ের ছাপ দুর্লক্ষ্য নয়। চর্যাপদ থেকে সোনালী কাবিন পর্যন্ত কাব্যাবর্তনধারা একই সমরেখায় প্রবহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%