ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা : ভূমিমন্ত্রী


ভূমি অফিসে দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা : ভূমিমন্ত্রী

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : ভূমি মন্ত্রণালয় দালাল নির্ভরতা, দুর্নীতি এবং নাগরিকদের হয়রানি বন্ধের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে।

এই টিমের মাধ্যমে ভূমিসেবা সম্পর্কিত মান, অনিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া, জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ড্যাশবোর্ড ভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

আজ জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য প্রদান করেন।

ভূমিমন্ত্রী উল্লেখ করেন, ভূমি উন্নয়ন কর, নামজারি এবং খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং অটোমেটেড ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রমও অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিকদের হয়রানি বন্ধে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে। এই টিম নিয়মিত সেবার মান এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ, পর্যালোচনা, সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি তদারকি করা হচ্ছে।

তিনি জানান, অনিয়ম, দুর্নীতি, হয়রানি এবং সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানার সুযোগ রয়েছে।

ভূমিমন্ত্রী আরও জানান, ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ এবং অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে। দেশের নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এই সেবা নিতে পারছেন।

আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু করা হয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হয় এবং প্রতিটি অভিযোগ যাচাই করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ে নাগরিকদের কাছ থেকে সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এই শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত ভূমিসেবা সংক্রান্ত অভিযোগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ত্রী জানান, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় কর্মরত থাকলে তাদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পাইলটিং কার্যক্রম চলছে। পাশাপাশি ড্যাশবোর্ড ভিত্তিক তদারকির মাধ্যমে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

মন্ত্রী বলেন, নাগরিকদের ভূমি রাজস্ব এবং দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ (ল্যান্ড রেভিনিউ কেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হয়েছে। ভবিষ্যতে ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় মনিটরিং জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর এবং মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দালাল নির্ভরতা ও নাগরিকদের হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড অঞ্চলে এক দ্রুতগতির গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও দমকল বিভাগের তথ্য অনুযায়ী, একটি বড় গাড়ি ফুটপাতে উঠে এসে পথচারী এবং রাস্তার পাশে পণ্য বিক্রি করা ব্যক্তিদের ওপর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। আহত দুই পথচারী এবং গাড়িচালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো নিশ্চিত হওয়া যায়নি, এটি দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হুমকিতে মার্কিন অর্থমন্ত্রী সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ইরানের হুমকিতে মার্কিন অর্থমন্ত্রী সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির কারণে ওয়াশিংটনে নিজ বাসভবন ত্যাগ করে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি নিরাপত্তা সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এই তথ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের গুপ্তহত্যা বা হামলার পরিকল্পনা বর্তমানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার কারণে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বিশেষত, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের অর্থনীতি ধসাতে এবং তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে তিনি ইরানের মূল নিশানা বা প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।

সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে স্কট বেসেন্ট ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারে জর্জটাউনে একটি বিলাসবহুল ম্যানশন কিনেছিলেন। পরবর্তীতে একটি প্রভাবশালী সংবাদমাধ্যমে সেই বাড়ির আকাশচুম্বী বা এড়িয়াল ভিউ প্রকাশিত হওয়ার পর তার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান জনসমক্ষে চলে আসে। এর ফলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং নিরাপত্তার স্বার্থে তাকে জরুরিভিত্তিতে সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।

এদিকে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানি কোনো ধরনের হুমকি বা ধমকি অর্থমন্ত্রীকে তার দায়িত্ব থেকে পিছু হঠাতে পারবে না। তিনি তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ ও অবরোধ বজায় রাখার কার্যক্রমে আগের মতোই অবিচল রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রশাসনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও তেহরান তাদের অবস্থান থেকে সরে দাঁড়াতে নারাজ। অন্যদিকে, মার্কিন নীতি নির্ধারক ও শীর্ষ কর্মকর্তাদের সুরক্ষায় ওয়াশিংটন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৪ সালে হৃদ্‌রোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


২০২৪ সালে হৃদ্‌রোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ

বাংলাদেশে হৃদ্‌রোগের মৃত্যুর প্রধান কারণ হিসেবে উচ্চ রক্তচাপ চিহ্নিত হয়েছে। ২০২৪ সালে দেশে হৃদ্‌রোগে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষজ্ঞরা স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন এবং উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা অত্যাবশ্যক।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক একটি সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু ঘটে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই এসব রোগের কারণে ঘটে। এসব মৃত্যুর মধ্যে ১৯ শতাংশ অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ প্রথম অবস্থানে রয়েছে।

এত বড় স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি বরাদ্দ কম রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ ব্যয় হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, ‘চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।’

গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানোর প্রয়োজন রয়েছে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীদের ওষুধ পরীক্ষা করতে বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। এ পদক্ষেপটি নেওয়া হয়েছে ওষুধের সরবরাহকারীর পরিচয় প্রকাশ হওয়ার সম্ভাবনার কারণে।

৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক গত সেপ্টেম্বরে প্রাণঘাতী ইনজেকশনের দুটি মাত্রা গ্রহণ করার পরও বেঁচে যান। তার আইনজীবীরা অভিযোগ করেছেন যে, ওষুধটি সঠিকভাবে রক্তে প্রবাহিত হয়নি, ফলে দুই হাতের শিরায় জমে যায়। এর ফলে তার হাতে মারাত্মক ক্ষত ও ফোসকা দেখা দেয়।

আইনজীবীরা উল্লেখ করেছেন যে, ব্যবহৃত ওষুধের সংরক্ষণ, মেয়াদ এবং সরবরাহ সংক্রান্ত তথ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তবে রাজ্য কর্তৃপক্ষের দাবি, এতে ওষুধ সরবরাহকারীর পরিচয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে ওষুধ সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে।

এদিকে, ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের পর ক্রিস্টা কয়েক দিন হাসপাতালে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় ছিলেন। বর্তমানে তিনি কারাগারে ফিরে গেছেন এবং তার আইনজীবীরা জানিয়েছেন যে, তিনি এখনো নিয়মিত ব্যথায় ভুগছেন।

উল্লেখযোগ্য যে, ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী এক সহপাঠীকে নির্যাতন ও হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার আইনজীবীরা এখন মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আবেদন করেছেন।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%