১০:৫৬ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যে দীর্ঘদিনের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার
সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, মেঘনা নদীবিধৌত এই অঞ্চলের সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।
তিনি বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সীমানা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সকলের সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হলে এ অঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা চিহ্নিতকরণের ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনে তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ১ হাজার ৮৭০ পর্যটক যাত্রা করলেন
সভায় আরও উপস্থিত ছিলেন সেতু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট উপজেলাগুলোর সীমানা নির্ধারণ সংক্রান্ত বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন