প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ২৪ ঘণ্টায় ইয়েমেনি সেনাবাহিনী হুতি বাহিনীর বিরুদ্ধে ৮১৬টি অভিযান পরিচালনা করেছে। সেনাবাহিনী দাবি করেছে, এসব অভিযানে হুতিদের ১৪৯ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানিয়েছেন, 'অপারেশন ডন অব ইয়েমেন'-এর অংশ হিসেবে হুতিদের অবস্থান, অতিরিক্ত সেনা ও সমাবেশ লক্ষ্য করে এই অভিযানগুলো পরিচালিত হয়।
তিনি উল্লেখ করেন, কামান, ড্রোন, রকেট এবং বিমান হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-নাজিলি আরও জানান, সরকারি বাহিনী এবং তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধারা দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সময়ে, দক্ষিণ ইয়েমেনে সরকারি বাহিনীর অবস্থানে হুতিদের অনুপ্রবেশ ও অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।
সরকারের অস্থায়ী রাজধানী এডেন নিরাপদ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, হুতিরা সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাইজের গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।
তবে ইয়েমেনি সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অংশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেন সংঘাতের কবলে পড়েছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে, যা দেশটিতে দীর্ঘমেয়াদি সংঘাত ও ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করে। ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর চলতি বছরের জুলাই মাস থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন