ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চীনে দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রভাবশালীদের জন্য কারাগার


চীনে দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রভাবশালীদের জন্য কারাগার

চীনের ক্ষমতাধর রাজনীতিক, সাবেক শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক বন্দিদের জন্য পরিচিত কুখ্যাত ছিনছেং কারাগারটি দ্রুত সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বেইজিংয়ের শহরতলিতে অবস্থিত এই কারাগারের সম্প্রসারণের গতি ১৯৬০-এর দশকের সাংস্কৃতিক বিপ্লবের পর কখনোই দেখা যায়নি।

প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযান এবং ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে এই নির্মাণকাজ চলছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটি জানাচ্ছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের শুরুতে কারাগারটির সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতে অন্তত ৩০০টি নতুন বন্দি রাখার কক্ষ যুক্ত হতে পারে, ফলে কারাগারটির ধারণক্ষমতা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। ১৯৬০-এর দশকে সাংস্কৃতিক বিপ্লবের সময় রাজনৈতিক বন্দির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ছিনছেং কারাগারটি একবার সম্প্রসারণ করা হয়েছিল।

আরও পড়ুন: বিজেপি নেতা নির্বাচনে হারের পর সহকারী চার গ্রামের সড়কবাতি খুলে নিলেন

শি চিনপিংয়ের শাসনামলে দুর্নীতি এবং রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান তীব্র হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মন্ত্রিপর্যায়ের ১০৫ জন কর্মকর্তা কারাবন্দি হয়েছেন অথবা অন্যভাবে শাস্তির সম্মুখীন হয়েছেন।

২০২৫ সালের পুরো বছরের তুলনায় এ সংখ্যা দেড় গুণেরও বেশি। ফলে কারাগারটিতে বন্দির চাপ অতীতের মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯৫০-এর দশকে চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের শাসনামলে নির্মিত ছিনছেং কারাগারটি দেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক বন্দিদের রাখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সাধারণ অপরাধীদের থেকে আলাদা রাখতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পদচ্যুত নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দিদের এখানে রাখা হয়। সাবেক নিরাপত্তাপ্রধান চৌ ইয়ংকাং, শি জিনপিংয়ের একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বো শিলাই এবং মাও সেতুংয়ের স্ত্রী চিয়াং ছিংও এই কারাগারে বন্দি ছিলেন।

কারাগারের পরিবেশ অত্যন্ত কঠোর। বন্দিদের অনেককে দীর্ঘ সময় নির্জন প্রকোষ্ঠে রাখা হয়। কিছু বন্দি এক কক্ষে আরও কয়েকজনের সঙ্গে বসবাস করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক সাবেক বন্দি টানা ২০ বছর নির্জন কারাবাসে ছিলেন। তবে রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবের কারণে কিছু বন্দি তুলনামূলক ভালো সুযোগ-সুবিধা পান।

আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮১৬ অভিযান, হুতিদের ১৪৯ কমান্ডার ও যোদ্ধা হতাহত

এদিকে, কারাগারের পশ্চিম পাশে ২০২১ সাল থেকে প্রায় ১০টি ফুটবল মাঠের সমান একটি ব্যারাক নির্মাণ করা হয়েছে। সেখানে চারটি আবাসিক ভবন, দৌড়ানোর ট্র্যাক ও প্রশিক্ষণ চত্বর রয়েছে। চলতি বছরের সম্প্রসারণ প্রকল্পে পুরোনো দুটি ভবন ভেঙে আরও বড় বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক লিং লির মতে, উচ্চনিরাপত্তার এই কারাগার রাজনৈতিকভাবে সংবেদনশীল বন্দিদের বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখতে সহায়তা করে। ইকোনমিস্টের বিশ্লেষণ বলছে, শি চিনপিং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইঙ্গিত দেওয়ায় আপাতত কারাগারটির বন্দিসংখ্যা কমার সম্ভাবনাও ক্ষীণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন, তদন্ত চলছে ডিআইজির নির্দেশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন, তদন্ত চলছে ডিআইজির নির্দেশে

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন লাগার ঘটনা তদন্তের আওতায় রয়েছে, নাশকতার কোনো আলামত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে থানার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল এ ঘটনার অধিকতর তদন্ত অব্যাহত রেখেছে।

জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে।

আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বাহিনীর তদন্তকারী কর্মকর্তারা।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার জানান, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮১৬ অভিযান, হুতিদের ১৪৯ কমান্ডার ও যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮১৬ অভিযান, হুতিদের ১৪৯ কমান্ডার ও যোদ্ধা হতাহত

গত ২৪ ঘণ্টায় ইয়েমেনি সেনাবাহিনী হুতি বাহিনীর বিরুদ্ধে ৮১৬টি অভিযান পরিচালনা করেছে। সেনাবাহিনী দাবি করেছে, এসব অভিযানে হুতিদের ১৪৯ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানিয়েছেন, 'অপারেশন ডন অব ইয়েমেন'-এর অংশ হিসেবে হুতিদের অবস্থান, অতিরিক্ত সেনা ও সমাবেশ লক্ষ্য করে এই অভিযানগুলো পরিচালিত হয়।

তিনি উল্লেখ করেন, কামান, ড্রোন, রকেট এবং বিমান হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-নাজিলি আরও জানান, সরকারি বাহিনী এবং তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধারা দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। একই সময়ে, দক্ষিণ ইয়েমেনে সরকারি বাহিনীর অবস্থানে হুতিদের অনুপ্রবেশ ও অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

সরকারের অস্থায়ী রাজধানী এডেন নিরাপদ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, হুতিরা সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাইজের গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

তবে ইয়েমেনি সেনাবাহিনীর এই দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অংশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেন সংঘাতের কবলে পড়েছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এই যুদ্ধে হস্তক্ষেপ করে, যা দেশটিতে দীর্ঘমেয়াদি সংঘাত ও ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করে। ২০২২ সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর চলতি বছরের জুলাই মাস থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে করতে হবে।

শিক্ষাবর্ষের শুরুতে একাডেমিক ক্যালেন্ডারে ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টগুলোর সুনির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিটি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাদের অধীনস্থ সব দপ্তর ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৭ দশমিক ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

সিদ্ধান্তের আলোকে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টের সুনির্দিষ্ট সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ও মাদকবিরোধী কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


নাশকতা ও মাদকবিরোধী কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন। তিনি নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এই নির্দেশনা রবিবার (২২ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দেওয়া হয়।

ডিএমপি কমিশনার উল্লেখ করেন যে, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। তিনি সকলকে সতর্কতা, নিষ্ঠা এবং পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান, যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।

সভায় ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নানা ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%