প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের ক্ষমতাধর রাজনীতিক, সাবেক শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক বন্দিদের জন্য পরিচিত কুখ্যাত ছিনছেং কারাগারটি দ্রুত সম্প্রসারণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বেইজিংয়ের শহরতলিতে অবস্থিত এই কারাগারের সম্প্রসারণের গতি ১৯৬০-এর দশকের সাংস্কৃতিক বিপ্লবের পর কখনোই দেখা যায়নি।
প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযান এবং ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে এই নির্মাণকাজ চলছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি জানাচ্ছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের শুরুতে কারাগারটির সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতে অন্তত ৩০০টি নতুন বন্দি রাখার কক্ষ যুক্ত হতে পারে, ফলে কারাগারটির ধারণক্ষমতা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। ১৯৬০-এর দশকে সাংস্কৃতিক বিপ্লবের সময় রাজনৈতিক বন্দির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ছিনছেং কারাগারটি একবার সম্প্রসারণ করা হয়েছিল।
শি চিনপিংয়ের শাসনামলে দুর্নীতি এবং রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান তীব্র হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মন্ত্রিপর্যায়ের ১০৫ জন কর্মকর্তা কারাবন্দি হয়েছেন অথবা অন্যভাবে শাস্তির সম্মুখীন হয়েছেন।
২০২৫ সালের পুরো বছরের তুলনায় এ সংখ্যা দেড় গুণেরও বেশি। ফলে কারাগারটিতে বন্দির চাপ অতীতের মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯৫০-এর দশকে চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের শাসনামলে নির্মিত ছিনছেং কারাগারটি দেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক বন্দিদের রাখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সাধারণ অপরাধীদের থেকে আলাদা রাখতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পদচ্যুত নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দিদের এখানে রাখা হয়। সাবেক নিরাপত্তাপ্রধান চৌ ইয়ংকাং, শি জিনপিংয়ের একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বো শিলাই এবং মাও সেতুংয়ের স্ত্রী চিয়াং ছিংও এই কারাগারে বন্দি ছিলেন।
কারাগারের পরিবেশ অত্যন্ত কঠোর। বন্দিদের অনেককে দীর্ঘ সময় নির্জন প্রকোষ্ঠে রাখা হয়। কিছু বন্দি এক কক্ষে আরও কয়েকজনের সঙ্গে বসবাস করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক সাবেক বন্দি টানা ২০ বছর নির্জন কারাবাসে ছিলেন। তবে রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবের কারণে কিছু বন্দি তুলনামূলক ভালো সুযোগ-সুবিধা পান।
এদিকে, কারাগারের পশ্চিম পাশে ২০২১ সাল থেকে প্রায় ১০টি ফুটবল মাঠের সমান একটি ব্যারাক নির্মাণ করা হয়েছে। সেখানে চারটি আবাসিক ভবন, দৌড়ানোর ট্র্যাক ও প্রশিক্ষণ চত্বর রয়েছে। চলতি বছরের সম্প্রসারণ প্রকল্পে পুরোনো দুটি ভবন ভেঙে আরও বড় বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক লিং লির মতে, উচ্চনিরাপত্তার এই কারাগার রাজনৈতিকভাবে সংবেদনশীল বন্দিদের বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখতে সহায়তা করে। ইকোনমিস্টের বিশ্লেষণ বলছে, শি চিনপিং দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইঙ্গিত দেওয়ায় আপাতত কারাগারটির বন্দিসংখ্যা কমার সম্ভাবনাও ক্ষীণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন