ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাতক্ষীরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত


সাতক্ষীরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

সাতক্ষীরা, ২৩ নভেম্বর ২০২৬ : আজ শ্যামনগর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, যার নাম আব্দুল আজিজ (৭০)।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায়।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গোডাউন মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুল আজিজ তার স্ত্রী রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ভেটখালি গ্রামে তার ছোটছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালাসী-বাহাদুরাবাদ সেতু চাই’ স্লোগানে অটল দুই বাবা-ছেলে, পেলেন সম্মাননা স্মারক

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


বালাসী-বাহাদুরাবাদ সেতু চাই’ স্লোগানে অটল দুই বাবা-ছেলে, পেলেন সম্মাননা স্মারক

গাইবান্ধার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা দুই বাবা-ছেলেকে সম্মাননা স্মারক দিয়েছে ‘প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থা’। সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা গ্রহণ করে এই দুই বাবা-ছেলে তাঁদের প্রাপ্ত স্বীকৃতি গাইবান্ধা তথা সমগ্র উত্তরবঙ্গবাসীকে উৎসর্গ করেছেন। তাঁদের মতে, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের স্বপ্ন দেখা কোটি মানুষের ভালোবাসা, সমর্থন ও প্রত্যাশারই প্রতিফলন এই সম্মাননা।
দুই বাবা-ছেলে জানান, কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রচারের জন্য নয়; বরং যাতায়াত ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতেই তাঁরা এই দাবি নিয়ে কাজ করছেন। তাঁদের ভাষ্য, বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হবে এবং অঞ্চলটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দুয়ার খুলবে।
এই স্বীকৃতি তাঁদের সাহস ও প্রেরণা বহুগুণ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তাঁরা বলেন, দাবি আদায়ে পায়ে হেঁটে চলার গতি আরও বাড়ানো হবে। যত বাধাই আসুক, সাধারণ মানুষের সমর্থন নিয়ে এই ন্যায্য দাবির পথচলা অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় আয়োজক সংগঠন ‘প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থা’-এর কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান দুই বাবা-ছেলে। একই সঙ্গে ‘বালাসী-বাহাদুরাবাদ ঘাটে সেতু চাই’—এই দাবিকে উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আখ্যা দিয়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতা কামনা করেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারিধারায় অমনি রেসিডেন্সি হোটেল দখলের চেষ্টা, মামলা ও ডায়েরি দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বারিধারায় অমনি রেসিডেন্সি হোটেল দখলের চেষ্টা, মামলা ও ডায়েরি দায়ের

রাজধানীর বারিধারায় অবস্থিত অমনি রেসিডেন্সি হোটেল দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, এসআরবি প্রধান এবং বিশেষ শাখার (এসবি) প্রধানের কাছে প্রতিকার চেয়ে চিঠি প্রদান করেছেন।

হোটেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে ভবনটি ভাড়া নেওয়ার পর তারা প্রায় ৮ কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করে একটি তিন তারকা মানের হোটেল গড়ে তোলেন। সর্বশেষ ভাড়াচুক্তি অনুযায়ী, ২০২৫ সালে ভবনটি ২০৩৪ সাল পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে এবং নিয়মিত ভাড়াও পরিশোধ করা হচ্ছে। তবে অভিযোগ করা হয়েছে যে, ভবনের মালিক আবু আক্তার শাহরিয়ার বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে হোটেলে প্রবেশ করছেন, কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হোটেলের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, কিছুদিন আগে হোটেলের প্রবেশপথে তালা দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সাজসজ্জার সরঞ্জাম আনার কথা বলে তিন যুবক হোটেলে প্রবেশ করেন, যাদের কাছে বাঁশ ও কেরোসিনজাতীয় তরল ছিল বলে দাবি করা হয়েছে। সর্বশেষ গত ২০ নভেম্বর ছয়-সাতজনকে নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হয়, যার ফলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আগত অতিথিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই ঘটনার পর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঢাকার দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গুলশান থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা জানান, অমনি রেসিডেন্স কর্তৃপক্ষের লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ভবন মালিক আবু আক্তার শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ২৩ নভেম্বর ২০২৬ : আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলাকালে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, সেনসোডাইন পেস্ট, ফগ বডি স্প্রে, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং মোবাইল ফোনের চার্জার জব্দ করা হয়েছে।

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মেডিকেল ব্রিজ নামক স্থান থেকে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, সেনসোডাইন পেস্ট, ফগ বডি স্প্রে, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশসহ বিভিন্ন মালামাল জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাদিয়ালি আমবাগান নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের চার্জারও জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মোট বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী জেনিফার লরেন্স জানালেন, কাদের চুমু উপভোগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


অভিনেত্রী জেনিফার লরেন্স জানালেন, কাদের চুমু উপভোগ করেছেন

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স তার অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুষ্ঠানটি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

অভিনেত্রী আলোচনায় সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক ধনুক-তিরের গল্প তুলে ধরেন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।

অনুষ্ঠানে জেনিফারকে সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এভাবে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।

জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন জশ হাচারসন। এরপরের স্থানগুলোতে লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার এবং টিমোথি শ্যালামেকে রাখা হয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। তালিকার শেষের দিকে রয়েছেন ক্রিস প্র্যাট।

জেনিফার অনুষ্ঠানে নিজের স্তন প্রতিস্থাপন নিয়েও আলোচনা করেন। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তার নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। অভিনেত্রী ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন।

এছাড়া, উপস্থাপক অ্যান্ডি কোহেন জানতে চান, ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না। জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক-তির তিনি সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। ঠিক কোথায় হারিয়েছে, তা তার জানা নেই।

২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’-এর প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার। সিরিজটির জনপ্রিয়তায় তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%