প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বারিধারায় অবস্থিত অমনি রেসিডেন্সি হোটেল দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, এসআরবি প্রধান এবং বিশেষ শাখার (এসবি) প্রধানের কাছে প্রতিকার চেয়ে চিঠি প্রদান করেছেন।
হোটেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালে ভবনটি ভাড়া নেওয়ার পর তারা প্রায় ৮ কোটি ৪৯ লাখ টাকা বিনিয়োগ করে একটি তিন তারকা মানের হোটেল গড়ে তোলেন। সর্বশেষ ভাড়াচুক্তি অনুযায়ী, ২০২৫ সালে ভবনটি ২০৩৪ সাল পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে এবং নিয়মিত ভাড়াও পরিশোধ করা হচ্ছে। তবে অভিযোগ করা হয়েছে যে, ভবনের মালিক আবু আক্তার শাহরিয়ার বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন নিয়ে হোটেলে প্রবেশ করছেন, কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হোটেলের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, কিছুদিন আগে হোটেলের প্রবেশপথে তালা দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সাজসজ্জার সরঞ্জাম আনার কথা বলে তিন যুবক হোটেলে প্রবেশ করেন, যাদের কাছে বাঁশ ও কেরোসিনজাতীয় তরল ছিল বলে দাবি করা হয়েছে। সর্বশেষ গত ২০ নভেম্বর ছয়-সাতজনকে নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালানো হয়, যার ফলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আগত অতিথিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই ঘটনার পর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঢাকার দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গুলশান থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা জানান, অমনি রেসিডেন্স কর্তৃপক্ষের লিখিত অভিযোগ তারা পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে ভবন মালিক আবু আক্তার শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন