ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩


রাজশাহী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩
 রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে, স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদক কারবারী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে ােগ্রফতার করেছে পুলিশ।
রবিবার ও সোমবার  নগরীর বিভিন্ন এলাকায় মহানগর ডিবি, মতিহার, শাহমখদুম থানা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার দিনগত রাত ৩টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসিবুল ইসলাম ওরফে পলাশকে (৩৩) গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। সে ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
একই রাতে নগরীর মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন অর রশিদ ওরফে ভুট্টোকে (৫৭) গ্রেফতার করে ডিবি পুলিশ। একই দিন দুপুরে কাজলা এলাকা থেকে পাঁচ গ্রাম গাঁজাসহ এবাদত হোসেন আমিনকে (২২) গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
একই রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে নয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মারুফ ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। একই রাতে বর্ণালী মোড় এলাকায় গাঁজা সেবনের অভিযোগে মোঃ সাব্বিরকে (২৫) গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।
অন্যদিকে, ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনমুল শেখ (২১) ও মোঃ সিফাত হোসেন (১৯) দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৩৩৭ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে, দামকুড়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবা ও তিন গ্রাম গাঁজাসহ মোঃ বেলাল উদ্দিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা রাখার দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং গাঁজা রাখার দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও আরও দুই হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় দুজনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন

আন্তর্জাতিক ডেস্ক

‎রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা অজ্ঞাত রয়েছেন ৫০- ৬০ জন

‎‎রাজবাড়ীর কালুখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎গত রোববার রাতে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মোঃ আক্কেল আলী।
‎
‎মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ ৬৩ জন।
‎
‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আক্কেল আলীসহ পাঁচজন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ওপর রশি টাঙিয়ে তাঁদের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা ককটেল, পিস্তল, হকিস্টিক, লোহার রড ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
‎
‎অভিযোগে আরও বলা হয়, গাড়ি থামিয়ে রশি খুলতে গেলে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আমিরুল, সবুজ ও সুলতান মিলে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং লাইটার দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রাণভয়ে দৌড়ে পালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎
‎এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কিছু পণ্যের দাম কমলেও বাড়ছে অন্যগুলোর, কাটছাঁট করেই চলছে সংসারের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


শেরপুরে কিছু পণ্যের দাম কমলেও বাড়ছে অন্যগুলোর, কাটছাঁট করেই চলছে সংসারের বাজার

শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে শেরপুরের বিভিন্ন হাটবাজারে কিছু সবজির দাম কিছুটা কমে গেছে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে এ পরিবর্তনে স্বস্তি ফিরে আসেনি। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও অনেক বেশি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে সংসারের ব্যয় মেটাতে অনেকেই তাদের কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) শেরপুরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলার পর এ চিত্র উঠে এসেছে। আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল নামের এক ক্রেতা দৈনিক ইনকিলাবকে বলেন, "কয়েকটি সবজির দাম কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ ও মাংসের দাম কমেনি। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। আয় তো বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক বাজারও করা কঠিন। প্রয়োজনীয় অনেক পণ্য বাদ দিয়েই কোনোমতে বাজার শেষ করতে হচ্ছে।"

সোমবার ঝিনাইগাতী উপজেলার বাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দাম কমেছে। পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা কেজি। মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম এখনও ১২০ থেকে ১৫০ টাকা কেজি।

শাকের মধ্যে লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। আকার ও মানভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, "শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনও বেশি। তাঁরা গারো পাহাড়ের পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করেন। পাইকারি বাজারে যে দামে কিনতে হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খুচরা বাজারে বিক্রি করতে হয়।"

সংশ্লিষ্ট ক্রেতাদের মতে, বাজারে কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক ব্যয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। কারণ, একটি পরিবারের বাজার শুধু সবজির ওপর নির্ভরশীল নয়। চাল, ডাল, তেল, মাছ, মাংস ও ডিমসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মিলিয়েই সংসারের ব্যয় নির্ধারিত হয়।

সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও সাধারণ মানুষের সংসারে স্বস্তি ফিরে আসেনি। বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে খাবারের তালিকা ও কেনাকাটায় কাটছাঁট করেই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%