মো: আসাদ মিয়া,, রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৫ পি.এম
সদ্য ঘোষিত পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রিমানুল ইসলাম রিমু-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহাগ ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর আগামী দিনের রাজনৈতিক পথচলার সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর কালুখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত রোববার রাতে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মোঃ আক্কেল আলী।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ ৬৩ জন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আক্কেল আলীসহ পাঁচজন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ওপর রশি টাঙিয়ে তাঁদের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা ককটেল, পিস্তল, হকিস্টিক, লোহার রড ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গাড়ি থামিয়ে রশি খুলতে গেলে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আমিরুল, সবুজ ও সুলতান মিলে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং লাইটার দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রাণভয়ে দৌড়ে পালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতকালীন মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে শেরপুরের বিভিন্ন হাটবাজারে কিছু সবজির দাম কিছুটা কমে গেছে। তবে সাধারণ ক্রেতাদের মধ্যে এ পরিবর্তনে স্বস্তি ফিরে আসেনি। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও অনেক বেশি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষরা চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। ফলে সংসারের ব্যয় মেটাতে অনেকেই তাদের কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) শেরপুরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলার পর এ চিত্র উঠে এসেছে। আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল নামের এক ক্রেতা দৈনিক ইনকিলাবকে বলেন, "কয়েকটি সবজির দাম কমলেও কাঁচামরিচ, ডিম, মাছ ও মাংসের দাম কমেনি। একটি পণ্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যাচ্ছে। আয় তো বাড়েনি, অথচ সংসারের খরচ বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক বাজারও করা কঠিন। প্রয়োজনীয় অনেক পণ্য বাদ দিয়েই কোনোমতে বাজার শেষ করতে হচ্ছে।"
সোমবার ঝিনাইগাতী উপজেলার বাজারে গিয়ে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছু পণ্যের দাম কমেছে। পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটল ও ঢেঁড়স ৫০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা এবং করলা, বরবটি ও ঝিঙা ৮০ টাকা কেজি। মুলা ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন আলুর দাম এখনও ১২০ থেকে ১৫০ টাকা কেজি।
শাকের মধ্যে লালশাকের আঁটি ১৫ টাকা, পালংশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৮০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা এবং কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। আকার ও মানভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, "শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের দাম এখনও বেশি। তাঁরা গারো পাহাড়ের পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করেন। পাইকারি বাজারে যে দামে কিনতে হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই খুচরা বাজারে বিক্রি করতে হয়।"
সংশ্লিষ্ট ক্রেতাদের মতে, বাজারে কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক ব্যয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। কারণ, একটি পরিবারের বাজার শুধু সবজির ওপর নির্ভরশীল নয়। চাল, ডাল, তেল, মাছ, মাংস ও ডিমসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম মিলিয়েই সংসারের ব্যয় নির্ধারিত হয়।
সব মিলিয়ে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও সাধারণ মানুষের সংসারে স্বস্তি ফিরে আসেনি। বরং আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে খাবারের তালিকা ও কেনাকাটায় কাটছাঁট করেই দিন পার করতে হচ্ছে অনেক পরিবারকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ