১১:২৬ এম
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যের বিস্তৃত সমুদ্র এলাকায় ১৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলোর ফলে ২৫ জন নাবিক নিহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের সূচনা থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটেছে। সমুদ্রপথে নিরাপত্তাহীনতার কারণে জ্বালানি, পরিবহন এবং বিমা ব্যয়ের বৃদ্ধি ঘটছে। পাশাপাশি, বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাও বিপন্ন হচ্ছে।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এসব তথ্য তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) পরিসংখ্যানের ভিত্তিতে জানান, ১১ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া
খালেদ খিয়ারি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা সর্বাধিক ছিল। সমুদ্রপথে অব্যাহত বিঘ্নের কারণে জ্বালানি ও পণ্য পরিবহনের খরচ এবং বিমা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিরাপদে সমুদ্রপথে চলাচল নিশ্চিত করা প্রয়োজন।
একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে চলাচল বিঘ্নিত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে আটকা পড়েছেন ২৩ হাজারের বেশি নাবিক।
বাহরাইনের প্রতিনিধি অভিযোগ করেন, ইরান সমুদ্রপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তার, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট স্থাপনা।
আরও পড়ুন: চালু মাইক্রোফোনে অশালীন রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন