বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৭ এম
কিডনি রোগীদের জন্য খাবার বাছাই করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। বিশেষ করে রাতের খাবারে এমন খাবার নির্বাচন করা উচিত, যা শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে, কিন্তু কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। তবে মনে রাখতে হবে, সকল কিডনি রোগীর জন্য একই খাবার উপযুক্ত নয়। রোগের পর্যায়, রক্তে পটাশিয়াম ও ফসফরাসের মাত্রা, ডায়ালাইসিস এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর নির্ভর করে খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে।
রাতের খাবারের জন্য পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নিচের তিন ধরনের খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে-
১. পরিমিত সাদা ভাত: কিডনি রোগীদের জন্য পরিমিত সাদা ভাত অনেক ক্ষেত্রে একটি ভালো বিকল্প হতে পারে। এতে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। তবে ডায়াবেটিস থাকলে ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। একবারে বেশি ভাত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই অধিকতর ভালো।
২. লাউ বা ঝিঙের তরকারি: লাউ ও ঝিঙের মতো কিছু সবজিতে পটাশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। তাই নির্দিষ্ট খাদ্যতালিকায় এগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। অল্প তেল ও কম লবণ দিয়ে রান্না করা হলে এটি স্বাস্থ্যকর হবে। তবে পটাশিয়াম বেশি থাকলে সবজির পরিমাণ ও রান্নার পদ্ধতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।
৩. ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ উচ্চমানের প্রোটিনের একটি উৎস এবং এতে ফসফরাসের পরিমাণ তুলনামূলকভাবে কম। তাই কিডনি রোগীদের প্রোটিনের চাহিদা অনুযায়ী এটি রাতের খাবারে রাখা যেতে পারে। তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা উচিত নয়, বিশেষ করে ডায়ালাইসিস না করা রোগীদের জন্য।
যেসব বিষয়ে সতর্ক থাকবেন
- খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- আচার, চিপস, প্রক্রিয়াজাত মাংস ও অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন।
- কলা, কমলা, ডাবের পানি, টমেটো ও আলুর মতো পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার আগে নিজের রক্তের পটাশিয়ামের মাত্রা বিবেচনা করুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া পানি বা তরল খাবারের পরিমাণ কমানো বা বাড়ানো উচিত নয়।
কিডনি রোগীদের জন্য কোনো খাবারই সবার জন্য একইভাবে উপকারী নয়। কারও পটাশিয়াম নিয়ন্ত্রণ করা জরুরি, আবার কারও ফসফরাস বা প্রোটিনের পরিমাণ। তাই নিজেদের কিডনির কার্যক্ষমতা, পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবারের তালিকা প্রস্তুত করাই সবচেয়ে নিরাপদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি অভিযানে বিভিন্ন অপরাধের কারণে ৮০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ১৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন, আদাবর থানা থেকে ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং তুরস্কের মধ্যে ১৬০ কোটি মার্কিন ডলারের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে সম্পন্ন হয়।
এআইআইবি জানায়, এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এই অর্থায়নের মূল উদ্দেশ্য হলো তুরস্কে নির্গমন বাণিজ্য ব্যবস্থা (এমিশন ট্রেডিং সিস্টেম) চালু করা, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি, তুরস্কের প্রধান জলবায়ু অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ তৈরি করতেও এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এআইআইবির পরিচালনা পর্ষদ গত ২২ অক্টোবর এই অর্থায়ন প্যাকেজটি অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং দেশের দ্বিতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে এবং ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
নতুন অর্থায়ন প্যাকেজটি দুটি সমান অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো ‘তুরস্ক ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’ (টিসিএএপি)-এর আওতায় নীতিভিত্তিক ঋণ। দ্বিতীয় অংশটি খাদ্যনিরাপত্তা, জ্বালানি এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা-সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ব্যবহৃত হবে।
এআইআইবির পাবলিক সেক্টর ও গ্লোবাল করপোরেট বিভাগের প্রধান কনস্টান্টিন লিমিভস্কি মন্তব্য করেন, “কপ-৩১ সম্মেলনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তুরস্কের রূপান্তরমূলক জলবায়ু সংস্কারে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এটি এআইআইবির ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু ঋণ সুবিধা।”
পুরো কর্মসূচিটি তিনটি প্রধান ভিত্তির ওপর পরিচালিত হবে। প্রথমত, নির্গমন বাণিজ্য ব্যবস্থা চালু করা এবং সবুজ অর্থায়ন কাঠামো বাস্তবায়ন করা। দ্বিতীয়ত, জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস কৌশল হালনাগাদ করে শিল্প ও অর্থনীতির বিভিন্ন খাতে তা কার্যকর করা। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা জোরদার করা এবং পানি, বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতের জলবায়ু ঝুঁকি কমানো।
এ কর্মসূচির প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দেশের জলবায়ু পরিবর্তন অধিদপ্তর কর্মসূচির কারিগরি দিক তদারক করবে। এছাড়া, ব্যাংকিং, পুঁজিবাজার, জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও বন বিভাগের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও এতে যুক্ত থাকবে। তুরস্কের ৮১টি প্রদেশে স্থানীয় জলবায়ু শাসনব্যবস্থার আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
২০১৬ সালে কার্যক্রম শুরু করে এআইআইবি। ১০০ বিলিয়ন ডলারের মূলধন নিয়ে প্রতিষ্ঠিত বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকটির অনুমোদিত সদস্যসংখ্যা বর্তমানে ১১১। তুরস্কে সংস্থাটির কার্যক্রমও ব্যাপকভাবে বিস্তৃত। এ পর্যন্ত দেশটিতে ৪৮টি প্রকল্পে মোট ১ হাজার ১০৬ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে এআইআইবি।
বর্তমান ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত তুরস্কের নয়টি প্রকল্পে ৩৮৯ কোটি ডলারের অর্থায়ন করেছে সংস্থাটি। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ বা ৩৬৯ কোটি ডলারই জলবায়ু অর্থায়ন হিসেবে প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতে ত্বকের আর্দ্রতা ও কোমলতা বজায় রাখার জন্য প্রাকৃতিক উপাদান যেমন মধু, অ্যালোভেরা, গ্লিসারিন এবং তেল নিয়মিত ব্যবহার করা অত্যন্ত কার্যকর। শীতকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য কিছু কার্যকর ঘরোয়া পদ্ধতি নিচে উল্লেখ করা হলো—
কার্যকরী ঘরোয়া প্যাক ও মিশ্রণ
• মধু ও দুধের প্যাক: সমপরিমাণ মধু এবং কাঁচা দুধ একত্রিত করে মুখ এবং শোভাবর্ধক অংশে লাগান। ১৫ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
• অ্যালোভেরা ও ভিটামিন 'ই': তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে এক ফোঁটা ভিটামিন-ই তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং চুলকানি কমায়।
• গ্লিসারিন ও গোলাপজল: সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজল একত্রিত করে একটি স্প্রে বোতলে রেখে রাতে ঘুমানোর আগে মুখ, হাত ও পায়ে লাগান।
• দুধের সর ও মধু: সপ্তাহে দুই থেকে তিন দিন দুধের সর, সামান্য মধু ও বেসনের প্যাক তৈরি করে ত্বকে লাগালে শুষ্ক ভাব দূর হয় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
• অলিভ অয়েল ও চিনি স্ক্রাব: জলপাই তেল বা অলিভ অয়েলের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে আলতো করে স্ক্রাব করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক নরম থাকে।
ত্বক সুরক্ষায় জরুরি নিয়মাবলি
• গোসলের পর ময়েশ্চারাইজার: গোসল করার পর ত্বক সামান্য ভেজা অবস্থায় অলিভ অয়েল, নারিকেল তেল অথবা ভালো মানের বডি লোশন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা লক হয়ে থাকে।
• কুসুম গরম পানির ব্যবহার: অতিরিক্ত গরম পানিতে গোসল বা মুখ ধোয়া থেকে বিরত থাকুন। কারণ এটি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়।
• পর্যাপ্ত পানি পান: শীতে তৃষ্ণা কম অনুভব করার কারণে অনেকে পানি কম পান করেন, যা ভেতর থেকে ত্বক শুকিয়ে দেয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত।
• ঠোঁট ও গোড়ালির যত্ন: ঠোঁট ও গোড়ালিতে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন এবং রাতে ঘুমানোর সময় সুতির মোজা পরে থাকুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনে মধু সংগ্রহের পরিমাণ কমছে, কিন্তু বাজারে সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহের দাবি কমছে না। বরং সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিন দেখা যাচ্ছে ‘১০০ শতাংশ খাঁটি সুন্দরবনের মধু’র বিজ্ঞাপন।
বোতলের গায়ে সুন্দরবনের মধু লেখা থাকলেও, ভেতরে চিনির সিরাপ, কৃত্রিম ফ্লেভার এবং বিভিন্ন উপাদানের মিশ্রণ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশের আমদানি করা মধুও সুন্দরবনের আসল মধু বলে বিক্রির অভিযোগ রয়েছে। ফলে উৎপাদন এবং বাজারের সরবরাহের মধ্যে একটি বড় ধরনের অসংগতি তৈরি হয়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের প্রতারণার ফাঁদে ফেলছেন।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সুন্দরবনে মধু সংগ্রহ হয়েছিল ১০৪ দশমিক ৪ টন। ২০২৬ সালে তা কমে ৪২ দশমিক ১ টনে দাঁড়িয়েছে। অর্থাৎ, কয়েক বছরের ব্যবধানে প্রকৃত মধু সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু অনলাইন বাজারে সুন্দরবনের মধু বিক্রির প্রচার এবং সরবরাহের দাবি বেড়েই চলেছে।
এখন প্রশ্ন উঠেছে, সুন্দরবনে মধু সংগ্রহ কমলে বাজারে এত খাঁটি সুন্দরবনের মধু আসছে কোথা থেকে? এসব মধুর প্রকৃত উৎস কী? উৎপাদনের সঙ্গে বাজারজাত পণ্যের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না, তা যাচাই করছে কোন সংস্থা?
বিজ্ঞাপন দেখে কিনে প্রতারণার শিকার
সম্প্রতি অনলাইনে সুন্দরবনের খাঁটি মধুর বিজ্ঞাপন দেখে এক কেজি মধু অর্ডার করেন রাজধানীর মিরপুরের গৃহিণী আফিয়া আঞ্জুমান। এক কেজি মধুর দাম নেওয়া হয় ২ হাজার ৫০০ টাকা। কিন্তু পণ্য হাতে পাওয়ার দুই দিন পরই তাঁর সন্দেহ হয়।
আফিয়া আঞ্জুমান যুগান্তরকে জানান, ‘খাঁটি সুন্দরবনের মধু ভেবে ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু মধু হাতে পাওয়ার পর দেখি, সেটি জমে যাচ্ছিল। মুখে দিলে চিনির দানার মতো অনুভূত হচ্ছিল। তখনই সন্দেহ হয়, পণ্যটি ভেজাল।’
তিনি আরও বলেন, ‘খাঁটি মধুর বিজ্ঞাপন দেখে বিশ্বাস করে কিনেছিলাম। এত টাকা দিয়ে মধু কিনে এখন দেখি সেটি নকল। বিষয়টি অনলাইন পেজে জানানোর পরও কেউ আমার অভিযোগে কর্ণপাত করেনি। টাকাটাও ফেরত পাইনি। খাঁটি মধুর আশায় টাকা খরচ করে শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি।’
শুধু আফিয়া আঞ্জুমান নন, অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের ছবি এবং খাঁটি মধুর নিশ্চয়তা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন বিক্রেতার বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে পণ্যের উৎপাদনস্থল, সংগ্রহকারী, সরবরাহকারী কিংবা পরীক্ষাগারের সনদ সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায় না।
জিআই স্বীকৃতির সুযোগ নিচ্ছে অসাধু চক্র
সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর পরিচিতি এবং বাজারমূল্য বেড়েছে। এই পরিচিতিকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভেজাল বা নিম্নমানের মধু সুন্দরবনের আসল মধু বলে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জিআই স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধুর পরিচিতি এবং বাজারমূল্য আরও বেড়েছে। কিন্তু একের পর এক অভিযানেও বাজারে খাঁটি মধু নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ভেজাল ঠেকাতে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কার্যকর অনুসরণব্যবস্থা নেই। বাজারে খাঁটি মধু নিশ্চিত করার দায়িত্ব যেসব সংস্থার, তারা নিয়মিত কতটি নমুনা পরীক্ষা করছে এবং অনলাইনে বিক্রি হওয়া মধুর মান যাচাইয়ের ব্যবস্থা কতটা কার্যকর, সেটিও খতিয়ে দেখা দরকার।
নাজের হোসাইন আরও বলেন, সুন্দরবনের মধুর পরিচয় ব্যবহার করে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু কারখানায় অভিযান চালিয়ে বা পণ্য জব্দ করে এ বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়। উৎপাদনের উৎস থেকে শুরু করে সরবরাহ এবং বিক্রির প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে।
ভেজাল মধুতে স্বাস্থ্যঝুঁকি
চিনির সিরাপ দিয়ে তৈরি ভেজাল মধু শুধু ক্রেতার আর্থিক ক্ষতিই করছে না, তৈরি করছে স্বাস্থ্যঝুঁকিও। এ বিষয়ে পুষ্টিবিদ ফারজানা কান্তা বলেন, চিনি মিশিয়ে তৈরি ভেজাল মধু অতিরিক্ত গ্রহণ করলে শরীরে শর্করা এবং ক্যালরির পরিমাণ বেড়ে যায়। এতে ওজন বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে।
তিনি বলেন, ভেজাল মধুতে অননুমোদিত রং, কৃত্রিম ফ্লেভার অথবা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হলে সেগুলোর ধরন এবং পরিমাণ অনুযায়ী স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। সাধারণ ক্রেতাদের পক্ষে ঘরোয়া পদ্ধতিতে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয়।
তার মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়মিত বাজার তদারকি, নমুনা পরীক্ষা এবং ভেজাল পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
কমছে মধু সংগ্রহ, বাড়ছে সংকট
দেশের মধুর বাজারে সুন্দরবনের প্রাকৃতিক মধুর বিশেষ চাহিদা রয়েছে। তবে উৎপাদন এবং সংগ্রহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সুন্দরবন থেকে ১ হাজার ৭৩৮ কুইন্টাল মধু সংগ্রহ করা হয়েছে। গত বছর একই সময়ে সংগ্রহের পরিমাণ ছিল ২ হাজার ৭৬ কুইন্টাল। অর্থাৎ, সংগ্রহ কমেছে ৩৩৮ কুইন্টাল বা প্রায় ১৬ শতাংশ। একই সময়ে ৫২১ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদন এবং সংগ্রহের এই ঘাটতি বাজারে কতটা প্রভাব ফেলেছে, তা বুঝতে স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত, রপ্তানি এবং খুচরা বিক্রির তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে সুন্দরবনের মধু নামে বাজারজাত করা পণ্যের প্রকৃত উৎস শনাক্ত করা জরুরি।
বনে যেতে ভয়, কমছে মৌয়াল
পরিবেশবিদ, মৌয়াল এবং মধু ব্যবসায়ীদের মতে, সুন্দরবনে মধু সংগ্রহ কমে যাওয়ার পেছনে নিরাপত্তাহীনতা এবং পরিবেশগত পরিবর্তনের ভূমিকা রয়েছে।
বনদস্যুদের ভয়, চাঁদাবাজি, অপহরণ এবং মুক্তিপণের আশঙ্কায় অনেক মৌয়াল বনে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। ফলে কিছু এলাকায় মধু সংগ্রহের পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, লবণাক্ততা বৃদ্ধি এবং ফুল ফোটার ধরনে পরিবর্তনের কারণে খলিশা, গরান এবং কেওড়ার মতো মধু উৎপাদনে গুরুত্বপূর্ণ উদ্ভিদে পর্যাপ্ত ফুল না ফোটার অভিযোগ রয়েছে।
এ ছাড়া অভয়ারণ্যের সীমানা বৃদ্ধি এবং মধু আহরণের সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাস করায় মৌয়ালদের সংগ্রহের সুযোগ সীমিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কথা হয় মৌয়াল মো. আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে যাই। কিন্তু এখন বিভিন্ন কারণে সংগ্রহ কমেছে। অথচ বাজারে সুন্দরবনের মধু বিক্রি বাড়তে দেখছি।’
তিনি আরও বলেন, সুন্দরবনের মধুর চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে তা সুন্দরবনের মধু বলে বিক্রি করছেন। এ বিষয়ে যথাযথ তদারকি প্রয়োজন।
অভিযান হচ্ছে, তবু বন্ধ হচ্ছে না ভেজাল বাণিজ্য
সম্প্রতি কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ এবং ফেনীতে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরির অভিযোগ সামনে আসার পর বাজার তদারকির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ক্যাবের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু কারখানায় অভিযান বা পণ্য জব্দ করলেই ভেজাল মধুর বাণিজ্য বন্ধ হবে না। উৎপাদনের কাঁচামাল, খাদ্যপণ্যের মান, মোড়ক এবং লেবেল, অনলাইন বিক্রেতা এবং কুরিয়ার নেটওয়ার্ক—সব ক্ষেত্রেই নজরদারি প্রয়োজন।
বিশেষ করে সুন্দরবনের মধু নামে বিক্রি হওয়া পণ্যের উৎস যাচাই, পরীক্ষাগারে নমুনা পরীক্ষা, সরবরাহকারীর পরিচয় শনাক্ত এবং জব্দ করা পণ্য ধ্বংস বা নিষ্পত্তির পরবর্তী তথ্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে ভেজাল পণ্যের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার অগ্রগতি জনসমক্ষে আনতে হবে, যাতে একই চক্র নতুন নামে আবার ব্যবসা শুরু করতে না পারে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, অধিদপ্তরে জনবল সংকট রয়েছে। তবে বিদ্যমান জনবল দিয়েই সপ্তাহের প্রতিদিন বাজার তদারকি করা হচ্ছে। কাঁচাবাজার, ডিপার্টমেন্টাল স্টোরের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি চলছে।
তিনি বলেন, ‘ভেজাল খাদ্য নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সে অনুযায়ী অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। ভেজাল মধু নির্মূলেও কার্যক্রম চলছে। তদারকির মাধ্যমে ভেজাল মধু বিক্রি বন্ধ করা হচ্ছে।’
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী পরিচালক যুগান্তরকে জানান, বিএসটিআই খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করে প্রযোজ্য নিয়ম অনুযায়ী মানসনদ ও অনুমোদন দিয়ে থাকে। অভিযানে বিএসটিআইয়ের মানচিহ্নবিহীন পণ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, বিভিন্ন সময়ে অভিযানে ভেজাল মধুও পাওয়া গেছে। এসব ঘটনায় অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের অভিযান চলমান রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ভবিষ্যতেও মধুর নামে ভেজাল বা ক্ষতিকর পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে তা জব্দ করে ধ্বংস করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ