বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৭ এম
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ বিষয়ে জানিয়েছেন, এই হামলাগুলো পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি ডেকে এনেছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক হামলাগুলো একটি বড় বৈপরীত্যকে সামনে নিয়ে এসেছে, যেখানে আন্তর্জাতিকভাবে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা চলমান থাকলেও সামরিক হামলার মাধ্যমে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ দূষক পদার্থ ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবর আনাদোলুর।
বুধবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য প্রকাশ করেন।
পেজেশকিয়ান বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহের জ্বালানি স্থাপনায় হামলার ফলে পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, রাজধানী তেহরানের কাছে অবস্থিত জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে বায়ুমণ্ডলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে।
গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহতে গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, যখন গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তখন সামরিক হামলার ফলে অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা সেই প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।
এসময় গাজায় ইসরাইলের সামরিক অভিযানেরও তিনি নিন্দা জানান। পেজেশকিয়ান বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে গাজা মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
এছাড়া, ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার কারণে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ