০৪:০০ পি.এম
কুয়েতের আবাসিক অঞ্চলে অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আল-জাহরা ও রাজধানী গভর্নরেটের বিভিন্ন স্থানে পৃথকভাবে পরিচালিত দুই অভিযানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, নিরাপত্তা অধিদফতরের আওতাধীন আল-জাহরা ও ক্যাপিটাল গভর্নরেটের নিরাপত্তা বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটি এবং অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া, কুয়েত পৌরসভা, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত
অভিযানের সময় অবৈধ কার্যক্রমে ব্যবহৃত পাঁচটি বাড়ি শনাক্ত করা হয়। এসব বাড়িতে অনুমোদনহীন মুদি দোকান এবং খাবার প্রস্তুত করার কার্যক্রম চলছিল। আটক ২৩ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে পলাতক থাকার অভিযোগ রয়েছে। চারজনের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তিনজন বিভিন্ন ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিলেন।
এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের ১৯টি নথি শনাক্ত করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অভিযানে নয়টি লঙ্ঘনের নোটিশ এবং চারটি সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘন ও নষ্ট খাবারের বিষয়ে ৩৮টি সতর্কবার্তা জারি করা হয়েছে।
অবৈধ কার্যক্রমে ব্যবহৃত চারটি আবাসিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি বাড়িতে বিদ্যুৎকর্মীকেও পাওয়া যায়। সংশ্লিষ্ট পাঁচটি বাড়ি সিলগালা করা হয়েছে। দুটি অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে মোট ১৮৭টি আইন প্রয়োগমূলক কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুন: হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন