০৪:০০ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে আল-আমিন (৩৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আফসানা আক্তার রবিবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার আল-আমিনকে আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় রনি ও তার স্ত্রী এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন। তখন তারা দাঁড়িয়ে ঘটনাটি দেখলে আল-আমিন তাদের অকথ্য ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এই ঘটনার পর থেকেই আল-আমিনের সঙ্গে রনির মধ্যে পূর্ববিরোধ সৃষ্টি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় নিমাইয়ের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আল-আমিন ও অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই রনির মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে রনির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আল-আমিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন