০৪:১৫ পি.এম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই কার্যক্রমের সূচনা হয়।
মন্ত্রণালয়ের এক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
আরও পড়ুন: শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান, ঘুষের অভিযোগে তদন্ত
এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ান প্রতিষ্ঠান ‘বেস্টিনেট এসডিএন বিএইচডি’র প্রয়োজনীয় নিরীক্ষা (অডিট) প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে। আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার পূর্বে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।
সরকার ইতোমধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করেছে। কোনো মেডিকেল সেন্টার যাতে অতিরিক্ত ফি আদায় বা চাকরিপ্রার্থীদের হয়রানি না করে, সে বিষয়েও কঠোর নির্দেশনা প্রদান করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া গতিশীল করার এবং পদ্ধতিগত বাধা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন