ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাবিতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে


জাবিতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঋতু পরিবর্তনের আগমন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। রাতের শেষ ভাগ পেরিয়ে সকাল আসার পূর্বে ক্যাম্পাসের মাঠ ও জলাশয়ের আশপাশে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। শিশিরের বিন্দু ঘাসের ডগায় জমে রয়েছে, মৃদু বাতাস এবং সূর্যের নরম রশ্মি জানান দিচ্ছে, শীত আসছে।

ভোরের আলো ফোটার আগে কুয়াশা দৃশ্যমান হয়, সূর্য ওঠার পরও কিছুক্ষণ তার উপস্থিতি বজায় থাকে। চৌরঙ্গী সংলগ্ন লেক, রং পুকুর ও মনপুরা লেকের আশপাশে ভোরের একই আবহ বিরাজমান। গাছপালার ফাঁক দিয়ে আসা নরম রোদ ক্যাম্পাসের সকালকে এক ভিন্ন রূপ দেয়।

দিনের বেলায় এখনও উষ্ণতা অনুভব করা যাচ্ছে, তবে সকাল ও রাতের বাতাসে হালকা শীতলতা মিশে গেছে। সকালের রোদেও শীতের কোমল পরশ অনুভূত হচ্ছে। সব মিলিয়ে প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট।

আরও পড়ুন: জরায়ুমুখের ক্যানসার: শুধু টিকাই কি শেষ রক্ষা? জরুরি পরীক্ষা সম্পর্কে জেনে নিন

ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতেও শীতের আমেজ ছড়াতে শুরু করেছে। বটতলা ও শেরেবাংলা হলের সামনে পিঠার দোকানে পাওয়া যাচ্ছে গরম গরম চিতই পিঠা, সঙ্গে শুঁটকি, সরিষা ও ধনিয়াপাতার ভর্তা। নারিকেল পুলি ও মাংসপুলিও রয়েছে। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে পিঠা খেতে এবং গল্পে মেতে উঠতে এসব দোকানে শিক্ষার্থীদের ভিড় জমে উঠছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতের অন্যতম আকর্ষণ হচ্ছে `অতিথি পাখি', যা প্রতি বছর শীত মৌসুমে ক্যাম্পাসের জলাশয়গুলোতে তাদের উপস্থিতি দিয়ে প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করে। অতিথি পাখির ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। তবে এখনও পাখিদের আগমন সম্পূর্ণরূপে শুরু হয়নি। ফলে কুয়াশা এবং শিশিরের সঙ্গে পরিযায়ী পাখির আগমনের অপেক্ষা যেন শীতের পূর্ণতার সঙ্গে জড়িয়ে আছে।

জাহাঙ্গীরনগরে শীত এখনও পুরোপুরি জেঁকে বসেনি। তবে কার্তিকের ভোর, শিশিরভেজা ঘাস, ভোরের কুয়াশা এবং সন্ধ্যার পর পিঠার দোকান সব মিলিয়ে ক্যাম্পাসে শীতের আবহ তৈরি করেছে। প্রকৃতির এই পরিবর্তন যেন মনে করিয়ে দিচ্ছে, হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে।

অধ্যাপক ড, মো শামছুল আলম সলিম, উপ-উপাচার্য শিক্ষা জাবি, বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর প্রচুর পাখি আমরা পরিবহন লেকে এবং কলা ভবনের পাশে দেখতে পেয়েছি। প্রতিদিনই পাখি আসছে। অতীতের তুলনায় পাখি কম হলেও, এই বছর অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে কিছুটা হলেও ফিরিয়ে এনেছে।" তাই পাখিদের বিরক্ত বা ভয়ভীতি না দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে জলাশয়ের পাশে গাড়ি পার্কিং না করা, জলাশয়ে মাছধরা থেকে বিরত থাকা, ঢোল-বাজনা, পটকা ফোটানো, হাততালি দেওয়া, যা উচ্চ শব্দ তৈরি করে। জলাশয়ে প্লাস্টিকের পানির বোতল ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: মশা মাছিতে অতিষ্ঠ হলে গাছ রোপণের পরামর্শ

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে, পাখির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও মমত্ববোধই তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। পরিযায়ী পাখির অভয়ারণ্যে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করছে প্রশাসন।

ক্যাম্পাসজুড়ে শীতকালে অতিথি পাখির আগমন, সব মিলিয়ে ক্যাম্পাসে এক ভিন্ন আবহ তৈরি করে। এখানকার শীতের নিজস্ব সৌন্দর্য ও অনুভূতি রয়েছে, যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। নমুনার ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এই তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানে তদন্তের স্বার্থে সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে বিলম্ব হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটির প্রধান হিসেবে আহমেদ মাহবুব-উল-ইসলামকে নিযুক্ত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে দৌলতপুর থানায় একটি মামলা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে মেয়ের সামনে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


ময়মনসিংহে মেয়ের সামনে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা

ময়মনসিংহ নগরের একটি ছোট্ট মেয়ের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান (৩৫) প্রাণ হারিয়েছেন।

এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে।

স্বজনদের তথ্য অনুযায়ী, সুরুজ জামান রোববার সন্ধ্যায় তার চার বছরের মেয়ে আদিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন। তিনি মেয়ের জন্য জুতা কিনে বাড়িতে ফিরছিলেন। যখন তিনি মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছান, প্রতিবেশী মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার বলেন, ‘যারা মারছে তারা আওয়ামী লীগ-যুবলীগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বালুর ব্যবসা করতো। বিএনপি ক্ষমতায় আসার পর এখন আমার ভাই বালু ব্যবসা করে দেখে প্রতিহিংসায় ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’

নিহতের স্ত্রী আঁখি আক্তার আহাজারি করতে করতে বলেন, "আমার জন্য জুতা কিনে এনেছিল আমার স্বামী। তা দেখে মেয়ে তাকেও জুতা কেনার বায়না করে। মেয়েকে জুতা কিনে দেয়ার জন্য মোটরসাইকেলে বের হয়। ফিরে আসার সময় আমার মেয়ের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।"

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান জানান, নিহত জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপি নেতার মামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


গোপালগঞ্জে বিএনপি নেতার মামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ মামলাটি করেন। তিনি টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

আজ রোববার দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর গত শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ এম


শেরপুরে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলাটি শেরপুর থানায় দায়ের করেন গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া নাশকতার ওই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় দুর্বৃত্তরা একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।

শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%