০৬:৫৪ পি.এম
শিশু কথা বলতে বলতে হঠাৎ থেমে যাচ্ছে। চোখ স্থির হয়ে যায় এবং ডাকাডাকি করলেও সাড়া পাওয়া যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর আবার স্বাভাবিক আচরণ করতে থাকে, যেন কিছুই ঘটেনি। দিনে একাধিকবার এমন ঘটনা ঘটলেও অনেক অভিভাবক বিষয়টিকে অমনোযোগ, অন্যমনস্কতা কিংবা অশরীরী আত্মার ভর বলে মনে করেন। কিছু অভিভাবক ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের আশ্রয় নেন। কিন্তু শিশুর এমন আচরণ আসলে মস্তিষ্কের বিশেষ এক ধরনের রোগের লক্ষণ, যার নাম ‘এবসেন্স সিজার’।
এবসেন্স সিজার কী?
এবসেন্স সিজার হচ্ছে মৃগী বা এপিলেপ্সির একটি বিশেষ ধরন। এ রোগে আক্রান্ত শিশু হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অসচেতন হয়ে পড়ে। এ সময় চোখ স্থির হয়ে যায় এবং কথা বলা কিংবা চলমান কাজ বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে ডাকাডাকি করলেও তারা সাড়া দেয় না।
আরও পড়ুন: থাইরয়েডের রোগীর ফুলকপি ও বাধাকপি খাওয়া ক্ষতিকর কিনা?
সাধারণ খিঁচুনির মতো এতে হাত-পা কাঁপা বা শরীরের বড় ধরনের নড়াচড়া দেখা যায় না। এ কারণে অভিভাবক ও শিক্ষকরা অনেক সময় বিষয়টি বুঝতে পারেন না। সাধারণত চার থেকে ১৪ বছর বয়সের মধ্যে এ রোগ দেখা দিতে পারে।
কেন হয়, কতটা দেখা যায়?
এবসেন্স সিজারের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেতের অস্বাভাবিক কার্যকলাপের কারণে এ সমস্যা হয়। অনেক ক্ষেত্রে জিনগত প্রভাবও থাকতে পারে। ঘুমের অভাব, মানসিক চাপ ও ঝলমলে আলো কিছু শিশুর ক্ষেত্রে খিঁচুনির প্রবণতা বাড়াতে পারে।
গবেষণা অনুযায়ী, শিশুদের মধ্যে প্রায় ২ থেকে ৮ শতাংশের এ ধরনের খিঁচুনি দেখা যায়। সাধারণত চার থেকে ১০ বছর বয়সে এর উপসর্গ বেশি প্রকাশ পায়। মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০ থেকে ১৭ শতাংশের ক্ষেত্রে এবসেন্স সিজার পাওয়া যায়।
আরও পড়ুন: কেন ‘মাইক্রো ড্রামা’য় মজেছে জেন জি
যে লক্ষণগুলো খেয়াল রাখবেন
শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন।
১. হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য শূন্যে তাকিয়ে থাকা।
২. কথা বলা বা চলমান কাজ আচমকা বন্ধ করে দেওয়া।
আরও পড়ুন: ভালোবাসায় হার, বাস্তবতায় নতুন উপলব্ধি
৩. এ সময় চোখের পাতা দ্রুত পিটপিট করা কিংবা ঠোঁট নাড়ানো।
৪. দিনে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটা।
৫. ঘটনার পর ওই সময় কী ঘটেছে, তা মনে করতে না পারা।
চিকিৎসা ও করণীয়
আরও পড়ুন: ভাত খাওয়ার পরপরই চা পান করা কতটা নিরাপদ?
এবসেন্স সিজার সাধারণত ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসকেরা রোগীর অবস্থা অনুযায়ী ইথোসাক্সিমাইড, ভ্যালপ্রোয়িক অ্যাসিড কিংবা ল্যামোট্রিজিনের মতো ওষুধ দিতে পারেন। তবে কোন ওষুধ কত দিন ও কী মাত্রায় গ্রহণ করতে হবে, তা চিকিৎসক নির্ধারণ করবেন।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা কিংবা মাত্রা পরিবর্তন করা উচিত নয়। সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে অধিকাংশ শিশু স্বাভাবিকভাবে পড়াশোনা ও দৈনন্দিন জীবন চালিয়ে যেতে পারে।
অতএব, শিশুর হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যাওয়া বা ডাকাডাকিতে সাড়া না দেওয়ার বিষয়টিকে অবহেলা করা যাবে না। অলসতা, অমনোযোগ কিংবা অশরীরী আত্মার প্রভাব মনে করে বসে না থেকে দ্রুত শিশু বিশেষজ্ঞ বা স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: মেডি ভয়েস
আরও পড়ুন: সহজ ও পুষ্টিকর উপায়ে যেভাবে ঘরেই তৈরি করবেন চিকেন স্টু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন