০৯:০৪ এম
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলাটি শেরপুর থানায় দায়ের করেন গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ
এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া নাশকতার ওই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় দুর্বৃত্তরা একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।
শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মাধবপুরে তাহেরীর মাহফিলে বক্তব্য দেওয়া হলো না, মঞ্চে জুবায়ের কামালের অবস্থান নিয়ে বিতর্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন