ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গার্মেন্টস শিল্পে নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিতের নির্দেশনা: প্রধানমন্ত্রীর কঠোর বার্তা


গার্মেন্টস শিল্পে নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিতের নির্দেশনা: প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে কঠোর এবং সময়োপযোগী সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা এবং অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক যেকোনো অস্থিতিশীল কার্যক্রম প্রতিরোধ করতে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিবেশ-পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থতার ক্ষেত্রে তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কঠোর বার্তা প্রদান করেন। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে দেশের আইনশৃঙ্খলা এবং গার্মেন্টস খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও অত্যন্ত গুরুত্ব দিয়ে কঠোর ও স্পষ্ট বার্তা দেন। সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে পোশাক খাতের অস্থিরতা, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পকে যেকোনো মূল্যে সচল রাখা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের শীর্ষ পর্যায় থেকে কড়া বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে

গার্মেন্টস পরিস্থিতি ও ন্যূনতম মজুরি বোর্ড গঠন : মন্ত্রিসভার বৈঠকে তৈরি পোশাক (আরএমজি) শিল্পে চলমান অস্থিরতা এবং শ্রমিকদের অসন্তোষ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলনের নামে কিছু জায়গায় সহিংসতা, ভাঙচুর ও অযৌক্তিক সড়ক অবরোধের ঘটনা উঠে আসে। সরকার মনে করে, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, তবে একটি মহল এ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা অযৌক্তিক বলেও বৈঠকে মন্তব্য করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্ঘাতমূলক অপচেষ্টা : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে জানানো হয় যে, সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উগ্রপন্থিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে সীমান্ত বা বাইরে থেকেও নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও কঠোর অবস্থান : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সুকৌশলে বিশৃঙ্খলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে ইন্ধন জোগানোর চেষ্টা করছে। সরকার ও সংশ্লিষ্ট মহল থেকে স্পষ্ট করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক শক্তিকে কোনোভাবেই জননিরাপত্তা বিঘ্নিত করার বা পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বেশ কিছু কঠোর ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেছেন। তার মধ্যে রয়েছে-

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তৃতীয় স্থানে দূষিত শহরের তালিকায়

সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যারা শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং নাশকতা ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

দেশের ভিতরে ও বাইরে থেকে যে বা যারা পোশাক খাত বা সামগ্রিক রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি লক্ষ্যে ষড়যন্ত্র ও উস্কানি দিতে চাইছে, তাদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় নিয়ে আসা।

মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ : সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী-এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান করে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও সতর্ক করেন তিনি।

সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

গুজব ও অপপ্রচার রোধ : সমাজে অস্থিরতা তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

গার্মেন্টস ও শিল্প খাতের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

শ্রমিক কল্যাণ ও মজুরি বোর্ডকে সক্রিয় করা : শ্রমিকদের জীবনমান উন্নয়নে গঠিত মজুরি বোর্ডকে কার্যকরভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে আলোচনার মাধ্যমে দ্রুত শ্রমিকদের দাবি ও প্রত্যাশার বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায়। সংক্ষেপে এ বৈঠকে সরকার অর্থনীতির ‘লাইফলাইন’ খ্যাত গার্মেন্টস খাতকে রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে।

উৎপাদন ও সাপ্লাই চেইন সচল রাখা : দেশের অর্থনীতির প্রাণশক্তি গার্মেন্টস শিল্পে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হতে না দেওয়া এবং উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে কঠোর বার্তা দেওয়া হয় বৈঠকে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি কোনো কুচক্রী মহল যাতে শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে কড়া নজর রাখতে বলা হয়।

আরও পড়ুন: ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াঙাঙ্গার ডিসি

মালিক-শ্রমিক সৌহার্দপূর্ণ সম্পর্ক : শিল্প মালিক এবং শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে একটি আস্থার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজিএমইএসহ অন্যান্য সংগঠনের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়াও মন্ত্রিসভার গতকালের বৈঠকে সরকারি কাজে গতি আনতে মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। বৈঠকে ভ্যাট আইন, খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইনসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে

বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জানিয়েছেন, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা যায়, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা প্রদান করা সম্ভব হবে।

গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে জনসংখ্যা প্রায় ২০ কোটি, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি ১ লাখ মানুষের জন্য অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে হত্যার হুমকি ও তাঁর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই পিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাদ মাগরিব কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার। তিনি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের মরহুম আক্তারুজ্জামান মাস্টারের ছেলে ও উত্তর দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী মারা যাওয়ার পর নিজের চলাফেরা ও প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কিছু সম্পত্তি নিজের দখলে রেখে বাকি সম্পত্তি তাঁর পাঁচ ছেলের মধ্যে মৌখিক ও দলিলের মাধ্যমে বন্টন করে দেন। এর মধ্যে দশকাহুনিয়া উত্তর বন্দের একটি সম্পত্তি চাষাবাদের জন্য এক ছেলে মো. সাইদুজ্জামান চৌধুরী (খোকন) এর ভাগে বন্টন করে দেওয়া হয়। ওই সম্পত্তি পাওয়ার পর সাইদুজ্জামান অভিযুক্ত বড় ভাই মো. মোখলেছুর রহমান চৌধুরীর সহযোগিতায় কিছু দিন আগে সেখানে মুরগির একটি শেডের কাজ আংশিক শেষ করে বাকি জমিতে ফসল চাষের প্রস্তুতি নেন। মূলত এই সম্পত্তি নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।

বৃদ্ধ জজ মিয়া মাস্টার অভিযোগ করেন, তাঁর পাঁচ ছেলে ও তিন মেয়ে থাকলেও ছোট ছেলে- সম্প্রতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী (৪৫), রফিকুল ইসলামের স্ত্রী রুমা (৩৫) ও আরেক ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকন (৫০) ছাড়া বর্তমানে কেউ তাঁর খোঁজখবর নেন না। তবে কিছুদিন ধরে তাঁর বড় ছেলে মো. মোখলেছুর রহমান চৌধুরী (৫৭) ও ছোট ছেলে মো. মনিরুজ্জামান চৌধুরী ওরফে আল আমিন (৩৯)-মালয়েশিয়া প্রবাসী অপর ভাই মো. জামান চৌধুরীর প্ররোচনায় তাঁর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার ও অবিচার চালিয়ে আসছেন। শুধু তাই নয়, কিছু দিন আগে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবার বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় বড় ছেলে মোখলেসুর রহমান। পরবর্তীতে চাপের মুখে তালাটি খুলে দিতে বাধ্য হয় বলেও জানান অসহায় বৃদ্ধ পিতা।

তিনি আরও জানান, কিছুদিন আগে বড় ছেলে মোখলেছুর রহমান একটি ধারালো দা দেখিয়ে তাঁকে হুমকি দিয়ে বলেন, ৩০০ টাকা দিয়ে এ দা-টি কিনে এনেছি। সহায়-সম্পত্তি তার নামে লিখে না দিলে এক কোপে তাঁর (বাবার) গলা থেকে মাথা আলাদা করে ফেলে দিবে।

এই ধারাবাহিকতায় দশকাহুনিয়া উত্তর বন্দে ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনকে মৌখিকভাবে বন্টন করে দেওয়া বৃদ্ধ পিতা জজ মিয়া মাস্টারের পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩৬ শতাংশ সম্পত্তিতে গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে জোরপূর্বক প্রবেশ করে তাঁর অনুমতি ছাড়াই কলাগাছ লাগাতে শুরু করেন অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল আমিন। এ সময় বৃদ্ধ পিতা ওই সম্পত্তিতে কলাগাছ লাগাতে বাধা দিলে তারা বৃদ্ধ পিতার সঙ্গে অসদাচরণ করেন এবং শাবল নিয়ে পিতার দিকে তেড়ে এসে তাঁকে মারধোর করেছে বলে পিতা জজ মিয়া মাস্টার অভিযোগে উল্লেখ করেন।

জজ মিয়া মাস্টার আরও অভিযোগ করেন, এই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল-আমিন তাদের অপর ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী রুমার ওপর মিথ্যা দোষ চাপান। তারা এলাকায় সংবাদকর্মী এনে প্রচার করান যে, রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা না-কি তাদের লাগানো কলাগাছ কেটে ও তুলে ক্ষতি করেছে। কারণ উল্লেখ করে তিনি বলেন, রফিকুল ইসলাম ও রুমা তাঁর দেখাশোনা করে এজন্য রফিকুল ইসলাম ও রুমার প্রতি ক্ষিপ্ত ছিলো মোখলেস ও আল আমিন সহ তাদের পরিবারের অন্যান্যরা।

এ বিষয়ে প্রশ্ন তুলে জজ মিয়া বলেন, ‘যে সম্পত্তি আমি তাদের কাউকে লিখে বা বন্টন করে দিইনি, সেই সম্পত্তি মোখলেস ও আল আমিনের হয় কীভাবে? মৌখিকভাবে বন্টন করে দেওয়া আমার অপর ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনের সম্পত্তিতে জোরপূর্বক কলাগাছ লাগাতে বাধা দিয়ে আমি নিজেই সেইসব কলাগাছের চারা তুলে ও কেটে ফেলেছি। ঘটনার সময় ওই জমিতে আমার ছেলে মো. রফিকুল ইসলাম চৌধুরী বা তার স্ত্রী রুমা আসেনি। তাহলে তারা কীভাবে কলাগাছের ক্ষতি করল?’

বৃদ্ধ পিতা হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার তাঁর ওপর চলা অমানবিক নির্যাতন ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত তিন সন্তানের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সহ প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মোখলেছুর রহমান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁর বাবা জীবিত আছেন। তাঁরা ৫ ভাই । দশকাহুনিয়া উত্তর বন্দে তাঁদের পিতার একটি জমিতে তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ভাগের দুই অংশ রেখে বাকি তিন ভাইয়ের অংশে তিনি কলাগাছের চারা রোপন করার সময় তাঁর বাবা ওই জমিতে কলাগাছ লাগাতে নিষেধ করেন। পরবর্তীতে তাঁর ছোট ভাই অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা এসে তাদের রোপিত কলাগাছের চারা কেটে নষ্ট করে ফেলেছে। তিনি আরো দাবী করেন তাদের পিতা এসব প্যাচ লাগিয়ে রেখেছে। এ বিষয়ে এলাকার মানুষ নিয়ে বার বার বসতে বলা হলেও বাবা এ বিষয়ে বসতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%