ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল


মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণের অনুষ্ঠানটি সংসদ ভবনের স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন: একই দিনে দুইবার সড়ক উদ্বোধন, সকালে জামায়াত এমপি, বিকেলে জেলা পরিষদের প্রশাসক

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, নব নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

আরও পড়ুন: দুদকের বিরুদ্ধে সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

অপর দিকে আজ সোমবার  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি।

আরও পড়ুন: ডা. হাদী ছিলেন চিকিৎসা ক্ষেত্রে অনন্য দূরদর্শী: ডা. জাহিদ হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


রাঙ্গাবালীতে যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে তারা থানাকে ঘেরাও করেন। বিক্ষোভকারীরা হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান।

নিহত শীলা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সামিমের কন্যা।

গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদরের বাহেরচর বাজার-সংলগ্ন নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পরিবারের দাবি, শিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর তারা হত্যা মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে নেমেছেন।

মারা যাওয়া গৃহবধূর ছোটভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার ভগ্নিপতি রাসেল মাহমুদ জমি ও নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য তার বোন শিলাকে চাপ দিতেন এবং নানাভাবে নির্যাতন করতেন। বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার পর শিলার নামে থাকা জমি লিখে দিতে চাপ দেয়ার ফলে তার বোন অস্বীকৃতি জানালে নির্যাতন শুরু হয়। এসব অভিযোগ জানালে পরিবারের শান্তির কথা বিবেচনা করে তার বোনকে নিরব থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি তারাও নিরব থাকতে বাধ্য হন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীকালে শিলার নামে থাকা জমি লিখে নিতে ব্যর্থ হওয়ার কারণে পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে এবং মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

মারা যাওয়া গৃহবধূর প্রথম ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করেন, তার বাবা রাসেল মাহমুদ বিভিন্নভাবে তার মাকে নির্যাতন করতেন। নির্যাতনের অংশ হিসেবে গত বছর ধরে তার মায়ের সঙ্গে ওঠবস এবং রাতে একা ঘুমাতে বাধ্য করা হত, এবং প্রায় গভীর রাতে তার মাকে ঘর থেকে বের করে দেয়া হত। এসব কারণে তার মায়ের মৃত্যু হয়েছে অথবা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগান লিগের ড্রাফটে ব্রিটিশ পরিচয়ে নাম দিলেন আমির, আইপিএলে নিবন্ধন করবেন কি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


আফগান লিগের ড্রাফটে ব্রিটিশ পরিচয়ে নাম দিলেন আমির, আইপিএলে নিবন্ধন করবেন কি?

মোহাম্মদ আমির আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম দিয়েছেন। ৩০ জনেরও বেশি পাকিস্তানি খেলোয়াড় এই লিগে খেলতে নাম নিবন্ধন করেছেন। তবে, আমিরের নাম তালিকায় নেই, কারণ তিনি ব্রিটিশ পরিচয়ে নাম দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে ক্রিকবাজ।

আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়েছেন তার ব্রিটিশ স্ত্রীর মাধ্যমে। গত মে মাসে নাগরিকত্বের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এরপর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন। এবার তিনি ব্রিটিশ পরিচয়ে এপিএলে নাম দিয়েছেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, এপিএলের ড্রাফটের আগে আমির প্লাটিনাম ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। আসরটি ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ড্রাফট অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। এটি এপিএলের প্রথম আসর হতে যাচ্ছে।

ব্রিটিশ হিসেবে এপিএলে নাম দেওয়ার পর প্রশ্ন উঠেছে, আমির কি আইপিএলেও নাম নিবন্ধন করবেন। রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়রা কার্যত নিষিদ্ধ। ২০১৫ সালে আইপিএলে খেলা সর্বশেষ পাকিস্তানি খেলোয়াড় আজহার মাহমুদ, তিনিও ব্রিটিশ পরিচয়ে খেলেছিলেন।

২০১৬ সালে ব্রিটিশ আইনজীবী নারজিস খানকে বিয়ে করার পর আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বেশ কয়েকবার বলেছেন, সুযোগ পেলে আইপিএলে খেলবেন। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে এক পডকাস্টে তিনি বলেন, ‘সত্যি, সুযোগ পেলে আমি আইপিএলে খেলব। এটা প্রকাশ্যে বলছি। কিন্তু সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর হয়তো আইপিএলে খেলার সুযোগ আসবে। সুযোগ দিলে খেলব না কেন? আমি আইপিএলে খেলব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১১০০ কোটি টাকা লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


সালমানের বিরুদ্ধে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১১০০ কোটি টাকা লুটের অভিযোগ

জনতা ব্যাংক থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ নভেম্বর) এই ঘটনায় তাকেসহ ৬৭ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে সংস্থাটি।

দুদক জানিয়েছে, সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৬ মামলায় ৬ হাজার কোটি টাকা আত্মসাতের দালিলিক নথিপত্র তারা সংগ্রহ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাত থেকে অন্তত ৫০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক কাজ শুরু করেছে। এর মধ্যে, জনতা ব্যাংক থেকে ঋণের নামে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থাটি।

দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, সোমবার জনতা ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠান খুলে ঋণের ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তিনটি আলাদা মামলা করা হয়েছে। এই মামলায় সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান, ভাই আহমেদ সোহেল এফ রহমানসহ ব্যাংক সংশ্লিষ্ট ৬৭ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, তিনটি মামলাসহ মোট ১৬টি মামলা দায়ের করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার বিরুদ্ধে। যেখানে আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটের পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি।

সংস্থাটি বলছে, ঋণ জালিয়াতির এসব ঘটনায় ব্যাংকের পরিচালনা পর্ষদ বা অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) যথাযথভাবে মূল্যায়ন পায়নি ফ্যাসিস্ট আমলে।

তিনি সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অগ্রসর করা হয়নি। রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জাতির সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর প্রাপ্তির খাতা প্রায় শূন্য। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যারা রাষ্ট্রে দায়িত্ব পালন করছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সংসদ সদস্য—তাদের প্রতি আমার আহ্বান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও বঞ্চনাকে প্রাপ্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখুন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%