ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মোরেলগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করলেন সহকারী কমিশনার


মোরেলগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করলেন সহকারী কমিশনার

মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায়, উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের পুটিখালী গ্রামে অভিযান চালিয়ে একটি ড্রিল ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।

অভিযানের সময়, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের পাইপগুলো ভেঙে ফেলা হয় এবং দ্রুত সময়ের মধ্যে পুরো সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, পুটিখালী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের নিজ জমিতে গত প্রায় দুই মাস ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। দৈবজ্ঞহাটী ইউনিয়নের বাসিন্দা ও ড্রেজার মালিক বেদার শেখ জমির মালিকের সহায়তায় এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এভাবে অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে স্থানীয় পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়, পাশাপাশি সরকারি রাস্তা ও পার্শ্ববর্তী এলাকার বসতবাড়ি চরম হুমকির মুখে পড়ে। সাধারণত কৃষিজমি বা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, ফসলি জমির ক্ষতি এবং বসতবাড়ির সার্বিক স্থায়িত্ব বিনষ্ট হয়।

আরও পড়ুন: সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক

শনিবার স্থানীয় বাসিন্দারা এই বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং ড্রেজারের কার্যক্রম বন্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান জানান, অভিযানের সময় ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় জমির মালিক ইলিয়াস খানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ড্রেজারটি পূর্ণাঙ্গভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় এই ড্রেজার চালু করার চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় ৭৭ বছর বয়সী উইলিয়াম রিভসের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


ফ্লোরিডায় ৭৭ বছর বয়সী উইলিয়াম রিভসের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশ কর্মকর্তাকে হত্যা করার অভিযোগে ৭৭ বছর বয়সী উইলিয়াম রিভসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। চলতি বছরে এটি ফ্লোরিডায় ১৮তম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৮৬ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান রিভার কাউন্টির শেরিফ কার্যালয়ের কর্মকর্তা রিচার্ড র‍্যাকজোস্কিকে গুলি করে হত্যা করার অপরাধে উইলিয়াম রিভসকে প্রথম-ডিগ্রির হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মৃত্যুদণ্ড ফ্লোরিডার স্টার্ক শহরের কাছে অবস্থিত রাজ্য কারাগারে কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকরের সময় রিভসকে একটি শয্যায় বেঁধে রাখা হয়েছিল এবং তার হাতে ওষুধ প্রয়োগের জন্য শিরায় নল লাগানো ছিল। শেষ কথা বলতে চান কি না, জানতে চাইলে তিনি "না" বলে উত্তর দেন। এরপরেই ওষুধ প্রয়োগ শুরু হয়। প্রায় ৩০ সেকেন্ড পর তিনি কয়েকবার গভীরভাবে শ্বাস নেন এবং নড়াচড়া বন্ধ করে দেন। পরে কারা কর্তৃপক্ষ ও চিকিৎসাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর ফ্লোরিডায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে রিভস ছিলেন অষ্টম ব্যক্তি, যিনি ৭০ বছরের বেশি বয়সী। দীর্ঘ সময় মৃত্যুদণ্ডের অপেক্ষায় কারাগারে থাকার কারণে যুক্তরাষ্ট্রে বয়স্ক দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

অঙ্গরাজ্যটির রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের মেয়াদে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ফ্লোরিডায় এক বছরে ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে অঙ্গরাজ্যটি নিজেদের রেকর্ড গড়েছিল। আগামী মাসে নির্ধারিত আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর হলে সেই রেকর্ডে আবারও ভাগ বসাতে পারে অঙ্গরাজ্যটি।

দুই মেয়াদ শেষে আগামী জানুয়ারিতে গভর্নরের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ডিস্যান্টিস। তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দীর্ঘ কয়েক দশক পার করা ভুক্তভোগীদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চান।

মৃত্যুদণ্ড কার্যকরের পর নিহত কর্মকর্তা রিচার্ড র‍্যাকজোস্কির ভাই মার্ক র‍্যাকজোস্কি সাংবাদিকদের সংক্ষেপে বলেন, "তার ভাই অবশেষে ন্যায়বিচার পেয়েছেন।"

সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

আজ বুধবার বিজয়া দশমী। এবারের দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এর আগে সকালে বিভিন্ন মন্দিরে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুর্গা ঘোড়ায় চড়ে আসেন এবং নৌকায় চড়ে চলে যান।

গতকাল মঙ্গলবার মহানবমী পালন করা হয়েছে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ এবং ভক্তদের প্রার্থনার মাধ্যমে। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির—সর্বত্র দেবীর পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়েছে। আনন্দের মাঝে বিদায়ের সুরও ভক্তদের মনে দেখা গেছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল থেকেই ভক্তদের ভিড় বাড়তে শুরু করে। মন্দির প্রাঙ্গণ মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের তালে মুখর হয়ে ওঠে। সকাল সোয়া ১০টায় মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। পরে ভক্তরা ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন। পুরোনো মন্দিরে হোমযজ্ঞ ও বলিদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পূজা শেষে অনেক ভক্ত মন্দিরের মেলায় ঘুরে বেড়ান। বিভিন্ন দোকানে ঘর সাজানোর সামগ্রী, চুড়ি, গহনা, পোশাক ও শিশুদের খেলনা বিক্রি হচ্ছিল। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভক্তদের প্রার্থনায় ছিল অশুভ শক্তির বিনাশ, মানুষের মঙ্গল এবং দেশে শান্তি ও সম্প্রীতি কামনা।

রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরেও মহানবমীর বিশেষ আয়োজন ছিল। সকালে শালগ্রামশিলা ও দেবী দুর্গার মহাস্নানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ষোড়শ উপচারে বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা উপবাস রেখে পুষ্পাঞ্জলি দেন। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নবমীর মহাপূজা চলতে থাকে। দুপুর ১২টার মধ্যে মহাহোম বা যজ্ঞ সম্পন্ন হয়। ভোগ নিবেদন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় দেবীর আরতির পাশাপাশি ধুনুচি নাচের আয়োজন করা হয়। ঢাক ও কাঁসার তালে ধুনুচি নাচে বিভিন্ন বয়সের ভক্তরা অংশ নেন।

মন্দিরের আয়োজকরা জানান, বুধবার দুপুরে প্রতিমা নিয়ে ওয়াইজঘাটের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

আজ বিদায়ের পালা

গতকাল মহানবমী ছিল দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন দেবী দুর্গার নবম রূপ সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। পূজা, অঞ্জলি, ভোগ নিবেদন ও যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে মঙ্গল কামনা করেন ভক্তরা। সন্ধ্যায় অনেক মণ্ডপে আরতি অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বিশেষ ধর্মীয় আয়োজনও ছিল।

আজ বুধবার বিজয়া দশমী। সকালে বিভিন্ন মন্দিরে দশমীর পূজা ও দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা হবে। এরপর প্রতিমা নিয়ে বিসর্জনস্থলে যাওয়ার প্রস্তুতি শুরু হবে। রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিমা নির্ধারিত আয়োজন অনুযায়ী নদীঘাটে নিয়ে যাওয়া হবে। প্রতিমাগুলো পানিতে বিসর্জনের মাধ্যমে কয়েকদিনের পূজা, আনন্দ ও মিলনমেলা শেষ হবে।

এবার সপ্তমীর তিথি দুই দিন বিস্তৃত থাকায় রোববার ও সোমবার সপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা হয়েছে। গতকাল মহানবমীর আনুষ্ঠানিকতার পর এখন বিজয়া দশমীর অপেক্ষা। শেষ সময়ে ভক্তদের আনন্দের সঙ্গে বিচ্ছেদের অনুভূতি মিশে গেছে। দেবীকে বিদায় জানানোর আগে তাদের প্রার্থনা—মানুষের জীবনে শান্তি আসুক, অশুভ শক্তির বিনাশ হোক, এবং সমাজে বজায় থাকুক সম্প্রীতি ও সৌহার্দ্য।

পূজা ও যজ্ঞের তাৎপর্য তুলে ধরে সিদ্ধেশ্বরী মন্দিরের ঠাকুর চন্দন চক্রবর্তী বলেন, ‘যজ্ঞ ও হোমের মধ্য দিয়ে আমাদের কল্প অনুসারে পূজার মূল আনুষ্ঠানিকতা সমাপ্তির পথে। আজ সন্ধ্যায় (মঙ্গলবার) শুধু মায়ের আরতি এবং আগামীকাল (বুধবার) দর্পণ বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমী পালিত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিচালিত অভিযানে মো. আব্দুল খালেক (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে, যার কাছে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের সাকুয়া-সনুরা সড়কে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃত আব্দুল খালেক কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ফারুক হোসেনের পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ এবং মদ পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনার পর, আটক আব্দুল খালেকের বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে শান্তিচুক্তি কঠিন, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


ইরানের সঙ্গে শান্তিচুক্তি কঠিন, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে। অন্যদিকে, ইরান পুনর্ব্যক্ত করেছে যে, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি বন্ধ রাখবে।

বুধবার (২১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যমকে রুবিও জানান, ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ করতে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তিনি আরও বলেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, "আমরা নিশ্চিত করতে চাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।"

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও হরমুজ প্রণালি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এসব বিষয়ে সমঝোতা না হলে সংঘাত নিরসনে অগ্রগতি কঠিন হয়ে উঠতে পারে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%