০৫:০২ পি.এম
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : চীন সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোর উপর হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে, সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দেশটি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘প্রাণহানির ঘটনায় আমরা হামলাগুলোর নিন্দা জানাই। একই সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
বার্তা সংস্থা এএফপি বেইজিং থেকে এ তথ্য জানিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মতপার্থক্য ও বিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সাথে এ অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
রোববার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর এক দিন আগে ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি করা আরেকটি প্রাণঘাতী হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শনিবারের হামলাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনা ইয়েমেন যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে আসছে।
সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবারের হামলাতেও সেখানে তিনজন নিহত হন। পাশাপাশি, সৌদি আরবের তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন