১২:৪৮ পি.এম
পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক দিল্লি সফর করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও বৈঠকে যোগ দিতে। ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটি কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর। ২০২৫ সালের মে মাসে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক পাল্টা জবাব ‘অপারেশন সিঁদুর’-এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে পাকিস্তানি কোনো মন্ত্রী ভারতে আসলে বিতর্ক এড়ানো সম্ভব নয়।
ভারতের বিরোধী দলগুলো এসসিও বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, পেহেলগাম ঘটনার পর কী পরিবর্তন হয়েছে যে প্রতিবেশী দেশটির প্রতি নীতিতে পরিবর্তন আনতে হয়েছে। এছাড়া, পাকিস্তানের সঙ্গে ভারতের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করা নিয়ে মুসাদিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের বিষয়টিও বিরোধী দলের আলোচনায় এসেছে।
সূত্র জানাচ্ছে, ভারত সফরে এসে পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল এবং রাজধানীর নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি নাকচ করে দিয়েছে। পাকিস্তানি মন্ত্রীকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সফরে তিনি শুধুমাত্র এসসিও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এবং অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি নেই।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?
২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানীতে ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত গত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে প্রচলিত রীতি অনুসরণ করে পাকিস্তানসহ এসসিওর সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তীতে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনায় এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রসার এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
২০০১ সালে সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের হাতে এসসিও প্রতিষ্ঠিত হয়। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এর স্থায়ী সদস্যপদ লাভ করে। ২০২৩ সালে ইরান এর সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও ‘কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট’-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা সরকারের মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের অনুমোদন
এছাড়া, পরবর্তী এসসিও ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’-এর প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে ভারত গত মাসে তাদের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন