ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল


ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

রাঙ্গামাটি, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, বলেছেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

তিনি উল্লেখ করেন, কর্মহীনতা দূর করার জন্য পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।

গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

এ অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা প্রদান করছে। ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

মীর হেলাল বলেন, বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা একটি চ্যালেঞ্জ। তবে ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে তারা নিজেদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে।

আরও পড়ুন: মাছ বাঁচলে জলজ পরিবেশ ও মানুষের পুষ্টি নিরাপদ হবে

বৈশ্বিক বাজারের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে পেরেছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে।

বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হবেন।

স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহের গুরুত্ব ব্যাখ্যা করে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যদি স্থানীয় বাজারে পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তবে তা একপর্যায়ে বিনিয়োগের মতো কাজ করে। এই অর্থের একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক চক্র যত বেশি গড়ে উঠবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।

তিনি বলেন, এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন: নওগাঁয় গ্রাম পুলিশদের মাঝে নিম্নমানের সাইকেল বিতরণের অভিযোগ

এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাগলা মসজিদের ১৫ দানবাক্সে উদ্ধার ৫১ বস্তা টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোভান-ফারিণের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে জুটি বাঁধার খবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


জোভান-ফারিণের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে জুটি বাঁধার খবর

ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিণ। একসময় একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তাঁরা। তবে ব্যক্তিগত মনোমালিন্য ও বিতর্কের কারণে দীর্ঘ সময় ধরে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই দুই অভিনয়শিল্পীকে। অবশেষে প্রায় তিন বছর পর আবারও তাঁরা পর্দায় ফিরছেন।

‘প্রাণ সখিয়া’ নামের একটি নতুন নাটকে জুটি বেঁধেছেন তাঁরা। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী নতুন ইংরেজি বছরের শুরুতে সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

জোভান ও ফারিণের একসঙ্গে ফেরার খবরটি বিশেষভাবে আলোচনায় এসেছে তাঁদের অতীতের দূরত্বের কারণে। ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটকের শুটিংয়ের সময় তাঁদের মধ্যে মনোমালিন্যের সূত্রপাত ঘটে। সে সময় ফারিণের বিরুদ্ধে শুটিংয়ের সময়সূচি ও পেশাদারিত্ব নিয়ে অভিযোগ তোলেন জোভান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। পরে নির্মাতার উদ্যোগে সেই বিরোধের সমাধান হলেও তাঁদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে ফারিণ জানান, নাটকের মাধ্যমেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। দীর্ঘদিন পর ছোট পর্দার জন্য কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাজের প্রতি আস্থা ও স্বাচ্ছন্দ্য থেকেই নাটকটিতে যুক্ত হয়েছেন তিনি। জোভানের সঙ্গে আবারও অভিনয়ের অভিজ্ঞতাকেও দারুণ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টুইন ট্রাবল’, ‘জানেমান তুই আমার’, ‘নতুন ঠিকানা’ ও ‘চাওয়া পাওয়ার ওপারে’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জোভান ও ফারিণ। তাঁদের নতুন এই জুটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য নবী মুহাম্মদ (সা.)-এর দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য নবী মুহাম্মদ (সা.)-এর দোয়া

মানুষের চোখে সব ধরনের পাপ ধরা পড়ে না। কিছু পাপ প্রকাশ্যে ঘটে, আবার কিছু পাপ লোকচক্ষুর আড়ালে, অন্তরের অন্ধকারে লুকিয়ে থাকে। তবে মহান আল্লাহর দৃষ্টিতে প্রকাশ্য এবং গোপন কোনো পাপই অগোচর নয়।

এ কারণে একজন মুমিনের দায়িত্ব হলো, নিজের অজান্তে বা জেনে-শুনে সংঘটিত সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, নিষ্পাপ নবী মুহাম্মদ (সা.)-ও রাতের নির্জনে সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের প্রকাশ্য ও গোপন বিষয়গুলোর জন্য ক্ষমা চাইতেন। তাঁর বিনয়মিশ্রিত একটি সংক্ষিপ্ত দোয়া হলো,

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি যানবি কুল্লাহু, দিক্কাতাও ওয়া জিল্লাহ, আওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।

অর্থ : ‘হে আল্লাহ! আমার সব পাপ ক্ষমা করুন—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন।’ (নাসায়ি, হাদিস : ১১২৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবক মোস্তফাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবক মোস্তফাকে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নিয়ামত আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী জোটের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

বুধবার, নেতানিয়াহু বিরোধী জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আড়াই ঘণ্টার একটি বৈঠক করেন। যদিও নেতানিয়াহুর দপ্তর বৈঠকটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ হিসেবে উল্লেখ করেছে, বিরোধী নেতারা এটিকে জোট ভাঙার কৌশল হিসেবে দেখছেন।

বৈঠকের পূর্বে বেনেট জোটনেতা গাদি আইজেনকোটকে বিষয়টি জানাতে পারেননি। পরে, বিরোধী নেতাদের বৈঠকে তিনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই জোটটি মূলত নেতানিয়াহুবিরোধী বিভিন্ন মতাদর্শের দল নিয়ে গঠিত, যেখানে মধ্যপন্থি আইজেনকোট ও ইয়াইর লাপিদ, ডানপন্থি বেনেট ও আভিগদর লিবারম্যান এবং বামপন্থি নেতা ইয়াইর গোলান অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে, সরকার গঠনের প্রশ্নে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

আদর্শগত বিভেদই বড় বাধা

গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ইরান ও লেবাননে সামরিক অভিযানের সূচনার সময় জোটের সব পক্ষই সমর্থন জানিয়েছিল। তবে ফিলিস্তিন প্রশ্ন ও অভ্যন্তরীণ নীতিতে তাদের অবস্থান এক নয়।

গোলান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর সমালোচক। অন্যদিকে, বেনেট ধর্মীয় জাতীয়তাবাদী এবং লিবারম্যান কট্টর ধর্মনিরপেক্ষ রাজনীতিক হিসেবে পরিচিত।

সরকার গঠনের পথেও জটিলতা

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর বিরোধী জোটের হাতে ১২০ আসনের পার্লামেন্টে মাত্র ৪৮টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন আরো ১৩টি আসন। ফলে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আদর্শগতভাবে ভিন্ন অবস্থানের দলগুলোর সমর্থন আদায় করতে হবে আইজেনকোটকে।

এ নিয়ে জোটের মধ্যে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। গোলান ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনা দেখালেও, বেনেট ও লিবারম্যানসহ ডানপন্থি নেতারা এতে আপত্তি জানিয়েছেন।

অন্যদিকে, লিবারম্যান এখন এ প্রশ্নে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। কারণ, শাস জোট ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের ১৩টি আসন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রকাশ্যেই বাড়ছে নেতাদের দ্বন্দ্ব

গত আগস্টে কট্টর-অর্থোডক্স ইহুদি পুরুষদের জন্য সামরিক নিয়োগ-ছাড়ের প্রস্তাব দেওয়ায় আইজেনকোটের তীব্র সমালোচনা করেন বেনেট। পাল্টা আইজেনকোট অভিযোগ করেন, বেনেট ও লিবারম্যান পুরোনো ধারার রাজনীতি করে বিরোধী জোটের নির্বাচনি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছেন।

নির্বাচনের আগে, লিবারম্যান আইজেনকোটকে ‘গান্তজ ২.০’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, তিনি গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। অন্যদিকে, কট্টর-অর্থোডক্স ইহুদিদের সামরিক নিয়োগের বিরোধিতা অব্যাহত রাখলে, লিবারম্যানকে নেতানিয়াহুর সঙ্গেই সরকার গঠনের পরামর্শ দেন গোলান।

নেতানিয়াহুর সঙ্গে অতীত সম্পর্কও প্রশ্নের মুখে রয়েছে।

বিরোধী জোটের কয়েকজন নেতা অতীতে নেতানিয়াহুর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বেনেট একসময় তার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ২০২১ সালে ইয়াইর লাপিদের সঙ্গে জোট গড়ে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করলেও, নীতিগতভাবে বেনেটের সঙ্গে তার অনেক মিল রয়েছে।

২০২০ সালে, বেনেট নেতানিয়াহুর দীর্ঘ শাসনামলকে ইসরাইলের জন্য বিজয় হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন। একইভাবে, লিবারম্যান ২০১৯ সালে নেতানিয়াহুর দুর্নীতি মামলায় খালাস পাওয়ার আশাও প্রকাশ করেছিলেন।

সব মিলিয়ে, নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখার প্রশ্নে বিরোধী দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও, ফিলিস্তিন নীতি, সামরিক নিয়োগ, ধর্মীয় রাজনীতি এবং সরকার গঠনের কৌশল নিয়ে তাদের বিভেদ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই মতপার্থক্য কাটিয়ে জোট কত দিন ঐক্য ধরে রাখতে পারবে, তা-ই এখন ইসরাইলের রাজনীতিতে বড় প্রশ্ন।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%