ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো


সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ার দীর্ঘকালীন সংঘাতের প্রেক্ষাপটে, ক্ষমতাচ্যুত আসাদ সরকারের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংস্থার হাতে শিশুদের জন্য ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি নির্বিচারে গ্রেফতার, গুম এবং স্কুল ও হাসপাতালকে লক্ষ্য করে হামলার ফলে হাজার হাজার শিশুর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বিশেষজ্ঞরা মন্তব্য করেন যে, সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত পরিকল্পিত নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা এবং আইনি পরিচয় পাওয়ার অধিকার আন্তর্জাতিক সনদের আওতায় নিশ্চিত করার গুরুত্বের কথাও উল্লেখ করেন তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি জানান, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের শিকার বেসামরিক জনগণের মধ্যে শিশুরা অন্যতম।

আরও পড়ুন: জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বললেন, ট্রাম্পের বন্ধুত্বের পরিপ্রেক্ষিতে

তিনি জানান, তাদের সংস্থার নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে। এছাড়া, বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তার মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব।

শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেফতার ও গুম করেছে। বর্তমানে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। এই কারণে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন।

সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে অন্তত ৫৬৬টি।

আরও পড়ুন: রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু

আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এর ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক শিশুর মা-বাবা নিখোঁজ হওয়া এবং জন্মনিবন্ধনসহ নাগরিক নথি হারিয়ে যাওয়ায় তাদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করানো কঠিন হয়ে পড়েছে। নথিপত্র হারালেই কেউ রাষ্ট্রহীন হয়ে যায় না। তবে এর ফলে মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয়।

মানবাধিকার সংস্থার তৈরি তথ্যভান্ডার এসব অপরাধের প্রমাণ সংরক্ষণ, দায়ীদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে যেতে পারে: পিস বোর্ড

বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের কাছ থেকে উদ্ধার করা নিরাপত্তা বাহিনী, সামরিক, বিচার বিভাগ ও বেসামরিক প্রশাসনের নথিপত্র নিখোঁজ শিশুদের সন্ধান এবং তাদের আটকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।

এসব নথি সংরক্ষণ, বন্দিশিবিরের রেকর্ড উন্মুক্ত করা এবং সিরিয়ার বিচার বিভাগ, জাতিসংঘের আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তব্যবস্থা (আইআইআইএম) এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন আবদুল গনি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য এমন পুনর্বাসন কর্মসূচি প্রয়োজন, যেখানে শারীরিক ও মানসিক চিকিৎসা, হারানো নাগরিক নথি পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

তথ্যসূত্র: আরব নিউজ

আরও পড়ুন: হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিককে যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িল বিশ্বরোডে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


কুড়িল বিশ্বরোডে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসে ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফিট সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গুলশান ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার। অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন তার নির্ধারিত লোকজনের মাধ্যমে মাসোহারা দিয়ে সড়কে চলাচল করছে। টাকা না দিলে মামলা, গাড়ি জব্দ ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয় চালকদের।

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধান অনুযায়ী, কুড়িল ও ৩০০ ফিট সড়কে বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, কুড়িল থেকে চলাচলকারী প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশার অধিকাংশের ঢাকা মহানগরে চলাচলের অনুমতি নেই। অথচ মাসে তিন হাজার টাকা করে দিয়ে এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। চালকদের ভাষ্য, টিআই দেলোয়ারের সঙ্গে চুক্তি থাকলে পুলিশ গাড়ি আটকায় না। এ জন্য গাড়িতে দেওয়া হয় বিশেষ স্টিকার। স্টিকার না থাকলে বিভিন্ন মোড়ে পুলিশি জেরার মুখে পড়তে হয়। এমনকি গাড়ি ডাম্পিংয়েও পাঠানো হয়।

এক চালক জানান, অনুমোদনহীন গাড়ি চালাতে মাসিক টাকা দিতে হয়। আরেক চালক দেখান পুলিশের সঙ্গে চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত স্টিকার। অনুসন্ধান চলাকালে স্টিকার পরিবর্তনের তথ্যও পাওয়া যায়। চালকদের অভিযোগ, লাইনম্যানদের মাধ্যমে এসব টাকা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়।

শুধু সিএনজি নয়, ৩০০ ফিট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। পূর্বাচলের নীলা মার্কেট থেকে কুড়িলগামী এক চালক জানান, মাসিক চুক্তিতে না থাকায় তিনি ওই রুটে গাড়ি চালাতে চান না। গাড়ি নিয়ে গেলে আটক ও ডাম্পিংয়ের ঝুঁকি রয়েছে। অথচ টাকা দেওয়া গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে।

প্রাইভেট কার থেকেও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কুড়িল বিশ্বরোডের একটি স্ট্যান্ডের চালকদের ভাষ্য, গাড়িপ্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয়। এ ক্ষেত্রে লাইনম্যান কাউসার টাকা সংগ্রহ করে দেলোয়ার ও স্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন। গাড়ির কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বাড়ে। অনুসন্ধানকারীরা যাত্রী সেজে একটি প্রাইভেট কারে রূপগঞ্জের গাউছিয়া পর্যন্ত গিয়ে চালকের কাছ থেকেও এ ধরনের চাঁদা দেওয়ার তথ্য পান।

৩০০ ফিট সড়কে চলাচলকারী বাস, ড্রাম ট্রাক, মিক্সার ট্রাক ও কাভার্ড ভ্যান থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চালকদের দাবি, দিনের বেলায় রাজধানীতে চলাচলের অনুমতি না থাকা মাটি ও পাথরবোঝাই ট্রাকও মাসিক চুক্তির কারণে পুলিশের চেকপোস্ট পার হয়ে যায়। কোনো পুলিশ সদস্য আটক করলে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বললে ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন রেডিমিক্স কম্পানির গাড়ি থেকেও মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে চাঁদা আদায়ের একটি হিসাবও তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রায় ২০০ সিএনজি থেকে মাসে ছয় লাখ টাকা, ১৫০ প্রাইভেট কার থেকে তিন লাখ টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইনম্যানদের কাছ থেকে মাসে প্রায় দুই লাখ টাকা আদায় করা হয়। এ ছাড়া মিক্সার ও ড্রাম ট্রাক কম্পানি থেকে প্রায় চার লাখ, কাভার্ড ভ্যান কম্পানি থেকে আড়াই লাখ এবং বাস কম্পানিগুলো থেকে প্রায় এক লাখ টাকা আসে বলে দাবি করা হয়েছে। পিকআপ স্ট্যান্ড, দেওয়ান পরিবহন ও বিআরটিসি থেকেও পার্কিংয়ের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর দেলোয়ারকে মহাখালী জোনে বদলি করা হলেও দুই দিনের মাথায় তাকে আবার কুড়িলে বহাল রাখা হয়। বদলি ঠেকাতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও কুড়িল এলাকায় তার নিয়ন্ত্রণ ছিল বলে স্থানীয় চালকদের দাবি।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অনুসন্ধানী দল টিআই দেলোয়ারের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তিনি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে বললেও পরে এড়িয়ে যান। দায়িত্ব পালনকালে সরাসরি প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আপনার কাছে কোনো প্রমাণ থাকলে ইউ ক্যান পাবলিশ।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মায়ের পর মারা গেল শিশু মাহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মায়ের পর মারা গেল শিশু মাহাদ

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটি, আরিস রহমান মাহাদ, তার মায়ের মৃত্যুর পর মারা গেছে।

শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটির মৃত্যু ঘটে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শিকদার জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে, শুক্রবার বিকেলে, দগ্ধ অবস্থায় মাহাদের মা ইফতি সাবা (২৫) মারা যান। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ এবং তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে মোট পাঁচজন দগ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের অভিযোগ উঠেছে। বিশেষভাবে, পূজা রানী নামের এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করার ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক এবং সাবেক কর্মস্থলের সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে পূজা রানীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে, ওই ইউনিয়নের কেউ তাকে চেনেন না। আবেদনপত্রে তার ঠিকানা ‘শংকর ঘোষ’ গ্রাম উল্লেখ করা হলেও গ্রামবাসী জানিয়েছেন, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতনী ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না। এছাড়া নিবন্ধনে ওই নারীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দেখানো হলেও অনলাইনে যাচাই করে মূল ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, "আমার জানা মতে এমন (পূজা রানী) নামে কোন মেয়ে নাই বা আমাদের শংকরঘোষ ভারেরা ৯ নং ওয়ার্ড এ কোন হিন্দু অধ্যূষিত পরিবারই নেই।"

শংকর ঘোষ গ্রামের যুবক মাসুদ উদ্দিন দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আশিক ও সচিবের সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দিচ্ছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা বা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা মায়ানমারের রোহিঙ্গারা গোসাইপুর ইউনিয়ন অফিস থেকে এসব ভুয়া সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছে এবং বিদেশে পাড়ি জমাচ্ছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ নিবন্ধন দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দোষ চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ জানান, সনদটি কীভাবে ইস্যু হয়েছে তা তিনি জানেন না; তবে নিবন্ধনের পাসওয়ার্ড মাঝে মাঝে তার কাছে থাকে বলে তিনি স্বীকার করেন।

অন্যদিকে সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মোবাইল ফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন এবং কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক সাংবাদিকদের বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষেই প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।"

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, "ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


রাজস্থানে বাড়িতে তৈরি নুডলস খেয়ে দুই বোন অসুস্থ, একজনের মৃত্যু

ভারতের রাজস্থানের জয়পুরে সাত বছর বয়সী একটি শিশুর মৃত্যু ঘটেছে, যা বাড়িতে তৈরি নুডলস খাওয়ার পর ঘটে। এই ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়ে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এনডিটিভি সূত্রে জানা যায়, এই ঘটনা ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ঘটে। ওই দিন পিহু কুমাবত ও দিব্যাংশী নামের দুই বোন বাড়িতে একা ছিল। তারা নিজেদের জন্য নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ বোধ করে ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহু অচেতন অবস্থায় ছিল। পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, চিকিৎসা নেওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে দিব্যাংশী হাসপাতালে থেকে বাড়ি ফিরেছে।

এই ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%