ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মাদক দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার: গণপূর্তমন্ত্রী


মাদক দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার: গণপূর্তমন্ত্রী

কুমিল্লা, ১১ আগস্ট, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি জানিয়েছেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজকে ধ্বংস করে দেয়। অপরাধ, সন্ত্রাস এবং সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজ বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের এসব কথা বলেন। জাকারিয়া তাহের বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। তিনি যোগ করেন, মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। মন্ত্রী বলেছেন, মাদকের বিরুদ্ধে আমার একটি স্পষ্ট অবস্থান রয়েছে। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাবো। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


যুক্তরাষ্ট্রের পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে

যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি অঙ্গরাজ্যের পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে, এই হামলার জন্য ইরানের হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। এ হামলাটি পানি সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটায়নি, যদিও এ হামলা বিশুদ্ধ পানির মতো জরুরি সেবার ব্যাপারে মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।

জুলাইয়ের শেষের দিকে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য প্রথম তাদের পৌর পানি সরবরাহব্যবস্থায় একটি সমন্বিত সাইবার হামলার শিকার হয়েছে বলে জানায়। এর কয়েক দিন পর, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই অন্তত সাতটি অঙ্গরাজ্যের পানি ও বর্জ্যপানি শোধনব্যবস্থায় সাইবার সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে বলে সতর্কবার্তা দেয়। এরপর থেকে জর্জিয়া, নিউ জার্সি এবং সাউথ ডাকোটাসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য এই ধরনের হামলার কথা জানিয়েছে, তবে এই রাজ্যগুলো এফবিআইয়ের তালিকায় থাকা সেই সাতটি অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত কি না, তা এখনো স্পষ্ট নয়।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৫২ হাজার সরকারি সুপেয় পানি সরবরাহব্যবস্থা এবং ১৬ হাজারেরও বেশি বর্জ্যপানি শোধনকেন্দ্র রয়েছে। বেশির ভাগ পৌরসভা লেক, জলাশয়, নদী বা ভূগর্ভ থেকে পানি সংগ্রহ করে এবং বৈদ্যুতিক পাম্পের সাহায্যে পাইপের মাধ্যমে পানিকে শোধনকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে পানি ফিল্টার ও জীবাণুমুক্ত করা হয়। পরিশোধিত এই পানি এরপর বড় স্টোরেজ ট্যাংকে পাঠানো হয়, যা পরবর্তীতে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পার্ক ও স্কুলের মতো সরকারি জনসেবামূলক এলাকায় পানি সরবরাহ করে।

জানা গেছে, পানি শোধনাগার এবং অন্যান্য শিল্পকারখানার সমস্ত শিল্প সরঞ্জামকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সাহায্যকারী ডিভাইসগুলো ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে। হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত নেটওয়ার্ককেই টার্গেট করছে। এই নেটওয়ার্ক পানির চাপ, রাসায়নিকের মাত্রা এবং পানি সরবরাহব্যবস্থার অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করে, যাতে পানিটি নিরাপদ থাকে। বিভিন্ন পৌরসভার কর্মীরা তারযুক্ত নেটওয়ার্ক, রেডিও বা সেলুলার লিঙ্ক অথবা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এই কন্ট্রোলারগুলো পরিচালনার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করেন।

আমেরিকান ইউনিভার্সিটি স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিস-এর গ্লোবাল সিকিউরিটি বিভাগের সহকারী অধ্যাপক উইলিয়াম আকোতো এক নিবন্ধে এই সাইবার হামলার ভেতরের কৌশল ব্যাখ্যা করে বলেছেন যে, আক্রমণকারীরা ইন্টারনেটের সঙ্গে সরাসরি যুক্ত লক্ষ্যবস্তুগুলোর খোঁজে কন্ট্রোলার, ড্যাশবোর্ড এবং রিমোট অ্যাক্সেস সেবা প্রদানকারী বাইরের কোম্পানিগুলোর ইন্টারনেট অ্যাড্রেসগুলো স্ক্যান করে। এরপরে অপরাধীরা লগ-ইন করার জন্য কোনো ডিফল্ট বা চুরি করা পাসওয়ার্ড, সিস্টেমে ত্রুটি, অথবা ত্রুটিপূর্ণ রিমোট অ্যাক্সেস সেবা খুঁজে বেড়ায়। একবার প্রবেশাধিকার পেয়ে গেলে তারা পাসওয়ার্ড পরিবর্তন করে, নতুন কমান্ড জারি করে বা কন্ট্রোলারের সফটওয়্যার পরিবর্তন করার চেষ্টা করে।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে এই সাইবার হামলাগুলোর সঙ্গে ইরানি হ্যাকারদের কোনো যোগসূত্র আছে কি না। তবে তারা একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে, আরও প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহের পর এই মূল্যায়ন বদলেও যেতে পারে। প্রাথমিকভাবে ইরানকে সন্দেহ করার কারণ হলো, অতীতে তারা ইসরায়েলের পানি সরবরাহব্যবস্থার ওপরও একই রকম হামলা চালিয়েছিল। তবে গত সপ্তাহে একটি মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প মিনেসোটা কর্তৃপক্ষকেই এই হ্যাকিংয়ের জন্য দায়ী করেন। তিনি বরং এতে ইরানের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। বৈঠকে ট্রাম্প বলেছেন, 'তারা (মিনেসোটা কর্তৃপক্ষ) বলতে পছন্দ করে, “ওহ, এটা ইরান।” ইরানের ভাগ্য এতটাও ভালো নয়। মিনেসোটা নিয়ে মাথা ঘামানোর চেয়ে ইরানের আরও বড় বড় সমস্যা রয়েছে।' তবে তদন্তকারীরা এটিও খতিয়ে দেখছেন, কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে অন্য কোনো পক্ষ ইরানের কৌশলগুলো নকল বা অনুকরণ করার চেষ্টা করেছে কি না।

তবে এই হামলায় পানি সরবরাহব্যবস্থার কোনো ক্ষতি হয়েছে বা খাওয়ার পানি অনিরাপদ হয়ে পড়েছে, এমন তার কোনো প্রমাণ মেলেনি। হামলার কারণে কিছু নেটওয়ার্ক ম্যানুয়ালি পরিচালনা করতে হয়েছে এবং সতর্কতাস্বরূপ পানি ফুটিয়ে খাওয়ার নির্দেশনা জারি করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাইবার হামলার সবচেয়ে বড় হুমকি পানি সরবরাহের ওপর নয়, বরং এটি তাদের পানির নিরাপত্তার প্রতি জনগণের আস্থার ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে ভাবতে হবে।

হোয়াইট হাউসের সাবেক ভারপ্রাপ্ত ডেপুটি ন্যাশনাল সাইবার ডিরেক্টর জেক ব্রাউন বিবিসি-কে বলেছেন, এমন একটা সময়ে তারা আমাদের মৌলিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আস্থায় আক্রমণ করছে, যখন আপনারা জানেন যে, যুদ্ধ নিয়ে পুরো দেশ গভীরভাবে বিভক্ত।

এদিকে, উইলিয়াম আকোতো পানি সরবরাহব্যবস্থা নিরাপদ রাখতে তাৎক্ষণিকভাবে কন্ট্রোলার এবং হিউম্যান ড্যাশবোর্ডগুলোকে ইন্টারনেট সংযোগ থেকে সরাসরি বিচ্ছিন্ন করে ফেলার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


দীঘিনালায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান পরিচালনা করে পুলিশ ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির জন্য নগদ ৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুনাদি চাকমার দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বণিক ও এসআই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশ একটি মোবাইল টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটকের জন্য সফল হন। পরে আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

যাদের আটক করা হয়েছে তারা হলেন— পূর্ব থানা পাড়ার উজ্জল বড়ুয়া (৪৫) এবং সুধীর মেম্বার পাড়ার জসিম (২৫)।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গোপন সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে দুইজনকে মাদক সহ আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। থানার পক্ষ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ার উদয়কাঠীতে ৪৫ বছরের পৈতৃক জমি দখলের অভিযোগ, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি! প্রভাবশালী মহলের চাপে অসহায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বানারীপাড়ার উদয়কাঠীতে ৪৫ বছরের পৈতৃক জমি দখলের অভিযোগ, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি! প্রভাবশালী মহলের চাপে অসহায় পরিবার

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম তেতলা (রেন্ডিতলা) এলাকায় দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। সাড়ে ১২ কাঠা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী সাইফুল ইসলাম রাসেল হুজুর ও তার পরিবার একের পর এক ভয়ভীতি, চাপ প্রয়োগের মুখোমুখি হয়েছেন, এবং সর্বশেষ পুলিশি হয়রানি ও ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে, পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, রাসেল হুজুরের বাবা ওয়াজেদ আলী ঘরামী এবং শাশের আলী প্রায় ৪৫ বছর আগে বৈধভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। এরপর থেকে বসতভিটাসহ জমিটি তারা দীর্ঘকাল শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে ২০১৮ সালের দিকে স্থানীয় হুমায়ুন গাজী জমিটি তাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি শুরু করেন। পৈতৃক ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় ভুক্তভোগীদের ওপর বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়।

এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, একপর্যায়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তাদের সাড়ে ১২ কাঠা জমি দখলে নেওয়া হয়। তারা বলেন, যে সময় দখল করা হচ্ছিল, তখন বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। পরবর্তী সময়ে চাপের মুখে প্রায় ৩ কাঠা জমি ফেরত দেওয়া হলেও সেই জমির মধ্য দিয়েও অবৈধভাবে রাস্তা বের করে নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

পরিবারটি আরও বলে, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় হুমায়ুন গাজী ওই বিরোধপূর্ণ জায়গায় প্রথমে টিনশেড ঘর নির্মাণের পরিকল্পনা করেন। এতে বাধা দিলে নেছারাবাদ উপজেলার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ফরিদ এই বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, শেষ পর্যন্ত বিরোধের কোনো কার্যকর সমাধান হয়নি। বরং, পরবর্তীতে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করা হয়।

জমির বিরোধ মেটাতে একাধিকবার সামাজিক শালিস ও বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেন রাসেল হুজুরের পরিবার। তারা জানান, জমি দখলের বিষয়ে প্রতিবাদ করলেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ জানা যায়, হুমায়ুন গাজীর স্ত্রী রাসেল হুজুরকে পুলিশি হয়রানির ভয় দেখানোর পাশাপাশি ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এই কারণে পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে এবং আশঙ্কা করছে, যেকোনো সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতে পারে।

এখন ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার। তারা জানান, যদি জমি জোরপূর্বক দখল হয়ে থাকে, তাহলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হুমকি-ধামকি থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত হুমায়ুন গাজীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে প্রতিবেদন প্রকাশের সময় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউবির স্থগিত এইচএসসি বাংলা পরীক্ষা ২৯ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বাউবির স্থগিত এইচএসসি বাংলা পরীক্ষা ২৯ আগস্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) এইচএসসি পরীক্ষার স্থগিত বাংলা পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে গত ২৪ জুলাই থেকে। বাস্তব সময়সূচি অনুযায়ী গত ১৭ জুলাই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়।

এখন স্থগিত পরীক্ষাগুলো আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া, ব্যবহারিক বিষয়ের পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%